Breaking News

হকার ও বস্তি উচ্ছেদবিরোধী কনভেনশন

কলকাতা সহ সারা রাজ্যে হকার ও বস্তি উচ্ছেদের বিরুদ্ধে জনমঞ্চের উদ্যোগে ১৩ জুন কলকাতার ভারত সভা হলে নাগরিক কনভেনশনে জনমঞ্চের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক অর্ক ভাদুড়ী ও নাট্যব্যক্তিত্ব জয়রাজ ভট্টাচার্য বলেন,

এই কনভেনশন হকার সহ উচ্ছেদ হওয়া মানুষের সাথে সমাজের অন্য অংশের নাগরিকদের সম্পর্ক স্থাপনের কনভেনশন। হকার ও উচ্ছেদ হওয়া মানুষের পাশাপাশি সমাজের বিভিন্ন অংশের নাগরিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। উচ্ছেদ, বুলডোজার রাজ ও পুলিশি সন্ত্রাসের প্রতিবাদে তাঁদের অভিজ্ঞতার কথা বলেন ভুক্তভোগী হকার বন্ধুরা, উচ্ছেদ হওয়া বস্তিবাসী, ট্রেড ইউনিয়ন ও হকার ইউনিয়নগুলির নেতারা, চিকিৎসক-আইনজীবী সহ নাগরিক আন্দোলনের ব্যক্তিত্বরা।

 উত্তর কলকাতার ঘোষবাগান-৫ বস্তি থেকে উচ্ছেদ হওয়া পরিচারিকা ফাল্গুনী প্রামাণিক তাঁর মর্মান্তিক অবস্থা বর্ণনা করেন। বক্তব্য রাখেন গণসঙ্গীত শিল্পী শুভেন্দু মাইতি, শ্রমিক সংগঠন এআইইউটিইউসি নেতা শান্তি ঘোষ, সিটু নেতা জিয়াউল আলম, এআইসিসিটিইউ নেতা অতনু চক্রবর্তী, ইউটিইউসি নেতা দীপক সাহা, টিইউসিআই নেতা শংকর, সিএসটিইউ নেতা মৃণাল জানা, আইএফটিইউ সুমিত সিনহা, আরজি কর আন্দোলনের অন্যতম নেতা ডাঃ অনিকেত মাহাতো, আইনজীবী শামিম আহমেদ, গণসঙ্গীতশিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার, উচ্ছেদ বিরোধী আন্দোলনের নেত্রী কল্পনা দত্ত, চন্দ্রস্মিতা চৌধুরী, অরুণিমা পাল, সাংবাদিক সুমিত চৌধুরী।

বক্তারা পশ্চিমবাংলার বিভিন্ন স্থানে ভুক্তভোগী মানুষকে যুক্ত করে আন্দোলন গড়ে তোলার অভিজ্ঞতা ব্যক্ত করেন। কনভেনশন থেকে উচ্ছেদ বিরোধী আন্দোলনের ভবিষ্যৎ পরিকল্পনা গৃহীত হয়। জনমঞ্চের আহ্বায়করা বিজেপির বুলডোজার নীতির বিরুদ্ধে সমস্ত প্রশ্নে পশ্চিমবাংলার সমস্ত শ্রেণি ও পেশার মানুষকে সক্রিয় ভাবে এগিয়ে আসার আহ্বান জানান।