Breaking News

গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জ প্রকল্প বাস্তুতন্ত্র ধ্বংসের সর্বাত্মক আয়োজন

দেশ বিদেশের বিভিন্ন পরিবেশবিদ, পরিবেশ ও বিজ্ঞান সংগঠন, বিভিন্ন গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞ কমিটির রিপোর্ট উপেক্ষা করে বর্তমান কেন্দ্রীয় সরকারের ‘পরিবেশ অরণ্য ও জলবায়ু মন্ত্রক’ গ্রেট নিকোবর দ্বীপপুঞ্জের ‘সামগ্রিক উন্নয়নের’ নামে একটি বিশাল প্রকল্পের ছাড়পত্র দিয়েছে ২০২২-এর নভেম্বর মাসে। এর জন্য খরচ হবে ৮১ হাজার থেকে ৯২ হাজার কোটি টাকা, যার কাজ চলবে আগামী তিন দশক ধরে।

ভারতের সবচেয়ে প্রাচীন ও আদিম বাস্তুতন্ত্র এবং প্রাকৃতিক, সাংস্কৃতিক বৈশিষ্ট্যে ভরা এই ভূখণ্ডে যে প্রকল্প হবে তা হল একটি বিশাল ‘ট্রান্সশিপমেন্ট হাব’ (নৌবন্দর), আন্তর্জাতিক বিমানবন্দর (যা সামরিক এবং অসামরিক প্রয়োজনে ব্যবহৃত হবে), একটি বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র এবং সর্বোপরি একটি আধুনিক বিলাসবহুল শহর ও বৃহৎ পর্যটন কেন্দ্র।

এই তথাকথিত উন্নয়নের ফলে আমরা কী হারাব? এই প্রকল্প ১২০০ কিলোমিটার দীর্ঘ দুর্লভ প্রবাল প্রাচীর, অতি প্রাচীন ক্রান্তীয় বর্ষারণ্য (ট্রপিকাল রেইন ফরেস্ট) এবং বিশেষ ধরনের সামুদ্রিক কচ্ছপের (যে প্রজাতি ডাইনোসরের যুগ থেকে টিকে আছে) প্রধান প্রজনন ক্ষেত্রগুলির অপূরণীয় ক্ষতি করবে। একই সাথে স্থানীয় বিশেষ বিপন্ন উপজাতি হিসেবে চিহ্নিত ‘শম্পেন’ সম্প্রদায়ের ও নিকোবরী উপজাতির অস্তিত্বকে বিলুপ্ত করবে। কারণ আগামী দিনে এই দ্বীপে বর্তমান জনসংখ্যা ৮ হাজার থেকে বেড়ে সাড়ে তিন লক্ষ হবে। আর এই প্রকল্পকে বাস্তবায়িত করতে ১৩০ বর্গ কিলোমিটারের বেশি অক্ষত প্রাচীন বর্ষারণ্যকে ধ্বংস করা হবে, কেটে ফেলা হবে ১০ লক্ষেরও বেশি অতি প্রাচীন মহীরূহ।

 এ সব সত্বেও ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি ‘জাতীয় পরিবেশ আদালত’ (এনজিটি) এর বিশেষ বেঞ্চ সমস্ত আপত্তিকে খারিজ করে অতিবিতর্কিত এই মেগা প্রকল্পটিকে পুনরায় সবুজ সংকেত দেয়। তাদের মতে পরিবেশগত ছাড়পত্রে পর্যাপ্ত নিরাপত্তামূলক বিধান রাখা হয়েছে (যার অন্যতম হল দশ লক্ষ বৃক্ষ ছেদনের পরিবর্তে ওই প্রকল্প থেকে সাড়ে চার হাজার কিলোমিটার দূরে ভারতীয় ভূখণ্ডে হরিয়ানায় সরকারি উদ্যোগে সমপরিমাণ বৃক্ষ চারা লাগানোর মতো হাস্যকর প্রতিশ্রুতি)। তাই এতে হস্তক্ষেপ করার মতো যথেষ্ট যুক্তি আদালত খুঁজে পায়নি। সরকার এই প্রকল্পটিকে দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা কৌশলগত অর্থনৈতিক ও প্রতিরক্ষা সংক্রান্ত অপরিহার্য প্রয়োজন বলে ঘোষণা করেছে। ইতিমধ্যে ওই প্রকল্পে অংশগ্রহণ করার জন্য আদানি, আম্বানি, জে এস ডব্লিউ সহ বেশ কিছু কর্পোরেট গোষ্ঠী পুঁজি বিনিয়োগ করতে চেয়েছে।

অরণ্য কেবল কাঠ আর গাছপালা নয়

 গ্রেট নিকোবরকে ঘিরে বিতর্ক কেবল সাধারণ পরিবেশ সংরক্ষণ এর মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি মূলগতভাবে মানুষের অধিকার, আইনি শাসন এবং উন্নয়নের প্রকৃত ভাবনার সাথে যুক্ত এক মৌলিক সংকট।

ওড়িশার নিয়মগিরি পাহাড়ে খনি দানব ‘বেদান্ত গোষ্ঠী’র বিরুদ্ধে এনসি সাক্সেনা কমিটির ঐতিহাসিক পর্যবেক্ষণগুলি আজও সমান ভাবে তাৎপর্যপূর্ণ। কমিটি জোর দিয়ে বলেছিল যে বনবাসী মানুষ অরণ্য থেকে পৃথক কোনও সত্তা নয়, অরণ্যের টিকে থাকা ও স্থায়িত্বের সাথেই তারা অঙ্গাঙ্গীভাবে জড়িত। ‘অরণ্য অধিকার আইন’ এই প্রাকৃতিক সম্পর্ককে স্বীকৃতি দেয় এবং কেবল অরণ্যকেই নয়, বনাঞ্চলের সুরক্ষা ও রক্ষক সম্প্রদায়গুলিকেও আইনি সুরক্ষা দেয়।

গ্রেট নিকোবর প্রকল্প এই আইনি ও সুরক্ষা কবচকে সম্পূর্ণ লংঘন করেছে। ‘অরণ্য অধিকার আইনে’র সঠিক প্রয়োগ, আদিবাসীদের সম্মতি গ্রহণের প্রক্রিয়া এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ (আদিবাসী সুরক্ষা) বিধি লঙ্ঘনের বিষয়ে গুরুতর অভিযোগ উঠেছে। আদিবাসীদের মৌলিক অধিকার যেখানে সুরক্ষিত নয়, সেখানে সমগ্র প্রকল্পের আইনি বৈধতাই তো প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে যায়!

ত্রুটিপূর্ণ পরিবেশ ও বনাঞ্চলে প্রকল্প অনুমোদনে শিথিল দৃষ্টিভঙ্গি

আজ সারা ভারত জুড়েই পরিবেশ আইন ও সুরক্ষাগুলি ক্রমান্বয়ে শিথিল ও গুরুত্বহীন করা হচ্ছে। বন সংরক্ষণ আইনের পরিবর্তন এর মাধ্যমে বাণিজ্যিক স্বার্থে বনভূমি হস্তান্তর জলের মতো সহজ করা হয়েছে। জীব বৈচিত্র্য সংস্থাগুলির গঠন পরিবর্তন করে আমলাতান্ত্রিক নিয়ন্ত্রণ বাড়ানো হয়েছে। ঐতিহ্যবাহী আদিবাসী সম্প্রদায়ের অধিকার খর্ব করে বড় বড় কর্পোরেট সংস্থাকে অন্যায্য ছাড় দেওয়া হচ্ছে।

 যে প্রক্রিয়ার মাধ্যমে গ্রেট নিকোবর প্রকল্পটি অনুমোদন পেয়েছে তা ছিল অস্বাভাবিক তড়িঘড়ি এবং অস্বচ্ছতায় ভরা। ২০২০ সালের সেপ্টেম্বরে নীতি আয়োগের প্রস্তাব আহ্বানের মাধ্যমে এর সূচনা হয়। ২০২১ সালে তৈরি হয় প্রাথমিক সম্ভাব্যতার রিপোর্ট এবং পরবর্তীতে দ্রুততার সাথে ‘পরিবেশ প্রভাব মূল্যায়ন’ (ইআইএ) সম্পন্ন করা হয়।

 গবেষক পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা জীব বৈচিত্র্য, আদিবাসীদের অধিকার, প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ও পরিবেশগত স্থায়িত্ব নিয়ে শত শত গুরুতর আপত্তি তোলেন। অথচ ২০২২-র নভেম্বরে ‘এনজিটি’ এবং পরিবেশ মন্ত্রক পরিবেশগত ছাড়পত্র দেওয়ার সময় এই আপত্তিগুলির প্রায় কোনওটারই যুক্তিসঙ্গত মীমাংসা করেনি। পদ্ধতিগত অনিয়ম ও অস্বচ্ছতার তীব্র অভিযোগ সত্ত্বেও প্রথম ধাপের বন ছাড়পত্র দেওয়া হয়। উল্লেখ্য ১৯৮০ সালের বন সংরক্ষণ আইন অনুযায়ী অনাবাসী উদ্দেশ্যে বনাঞ্চল ব্যবহারের ক্ষেত্রে এটি প্রথম আইনি সম্মতি যার অধীনে ক্ষতিপূরণ মূলক বনায়ন ও নেট প্রেজেন্ট ভ্যালু দেওয়ার শর্ত থাকে। এইসব ছাড়পত্রের বিরুদ্ধে জাতীয় পরিবেশ আদালতে আবেদন জানানো হলে সমালোচকরা সরব হন যে, ট্রাইবুনাল ঝুঁকির ভয়াবহতা মূল্যায়নে ব্যর্থ হয়েছে। এমনকি পর্যালোচনার জন্য যে কমিটি গঠন করা হয় তাতে এমন সব সংস্থার প্রতিনিধিদের রাখা হয়েছিল যার আগেই প্রকল্পে অনুমোদন দিয়ে বসেছিল, যা কমিটির নিরপেক্ষতাকে প্রশ্নের মুখে ফেলে দেয়!

দুর্যোগপ্রবণ অঞ্চলে চরম পরিবেশগত ঝুঁকি

এই প্রকল্পের ভয়াবহতা শুধু বৃক্ষ ছেদনের মধ্যেই সীমিত নয়। গ্রেট নিকোবর পৃথিবীর অন্যতম অত্যন্ত বিপদজনক ও সক্রিয় ভূকম্পন অঞ্চলে অবস্থিত– প্রধান টেকটনিক ফল্ট লাইনের উপর দাঁড়িয়ে থাকা এই দ্বীপটি ২০০৪ সালের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। দ্বীপের বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে তলিয়ে যায়, সমুদ্র উপকূল রেখা চিরতরে বদলে যায়। তাই এই প্রকল্প এক বড় প্রশ্ন তোলে দেশের সবচেয়ে দুর্যোগপ্রবণ ও সংবেদনশীল একটি অঞ্চলে কোটি কোটি টাকার সম্পদ ও লক্ষ লক্ষ জীবনকে ঠেলে দেওয়া কি কোনও সুস্থ বিচারবুদ্ধির পরিচায়ক?

জাতীয় নিরাপত্তার বয়ান ও ভৌগোলিক বাস্তবতা

সরকারের মূল যুক্তি হল গ্রেট নিকোবরের ভৌগোলিক অবস্থান অত্যন্ত কৌশলগত। চীনের বাণিজ্যের বড় অংশ দক্ষিণ-পূর্ব এশিয়ার মালাক্কা প্রণালী দিয়ে পরিবাহিত হয়। ভারত ও প্রশান্ত মহাসাগরের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় নিকোবর দ্বীপপুঞ্জ থেকে সামুদ্রিক নজরদারি ও নৌ প্রতিরক্ষা চালানো সহজ। এই প্রকল্পের সমর্থকদের দাবি এর মাধ্যমে ভারত মালাক্কা প্রণালীতে চীনকে অবরুদ্ধ (‘choke’) করার ক্ষমতা অর্জন করবে। কিন্তু ওই অঞ্চলের প্রকৃত ভৌগোলিক মানচিত্র পরীক্ষা করলেই স্পষ্ট হয় যে গ্রেট নিকোবর দ্বীপটি মালাক্কা প্রণালী থেকে ভৌগোলিকভাবে অনেকটাই দূরে অবস্থিত (কমপক্ষে ৩৫০ কিলোমিটার)। যা দিয়ে চীনের গতিরোধ বাস্তবে সম্ভব নয়। উপরন্তু গত ২ দশকে দীর্ঘমেয়াদি কৌশলগত পরিকল্পনার ফলে চীন বিকল্প সমুদ্র ও স্থল বাণিজ্য পথ তৈরি করে নিয়েছে তারা আর কেবল মালাক্কা প্রণালী উপর পুরোপুরি নির্ভরশীল নয়। সুতরাং এই ভূ-রাজনৈতিক দাবিটি অতিরঞ্জিত এবং বিভ্রান্তিকর।

উন্নয়ন কার জন্য?

তা হলে মূল প্রশ্নটি থেকে যায়– যদি কৌশলগত লাভ হয় সীমিত, আর পরিবেশগত ক্ষতি হয় অপরিসীম, তবে এই প্রকল্পের প্রকৃত সুফল ভোগ করবে কে? প্রস্তাবিত পরিকল্পনায় কেবল সামরিক বা প্রতিরক্ষামূলক পরিকাঠামো নেই, রয়েছে বিস্তীর্ণ বাণিজ্যিক এলাকা, পর্যটন কেন্দ্র, রিসর্ট, ক্যাসিনো এবং বিলাসবহুল জনবসতি। প্রকল্পটি মূলত বৃহৎ কর্পোরেট গোষ্ঠীগুলির ব্যবসায়িক স্বার্থ পূরণের জন্য সাজানো হয়েছে। যার পরিবেশগত ও সামাজিক মূল্য দিতে হবে স্থানীয় আদিবাসী, প্রাকৃতিক বাস্তুতন্ত্র এবং আগামী প্রজন্মকে। অধিকাংশ পরিবেশবিদ জাতীয় প্রতিরক্ষার পরিপন্থী নন, তাদের বক্তব্য সামরিক বা প্রতিরক্ষা সংক্রান্ত প্রয়োজনীয়তা থাকলে তা পরিবেশের ক্ষতি সর্বনিম্ন রেখে সুনির্দিষ্ট ভাবে করা যেত। ভূমিকম্পের নড়বড়ে ভিত্তির উপর দাঁড়িয়ে আরেকটি দুবাই, হংকং বা সিঙ্গাপুর গড়ার স্বপ্ন দেখা কেবল আত্মঘাতী নির্বুদ্ধিতা ছাড়া আর কিছু নয়।

এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য যে, যখন সরকারের কাছে নাগরিক প্রশ্নের কোনও যুক্তিসঙ্গত উত্তর থাকে না, তখন তারা প্রায়শই জাতীয় নিরাপত্তার দোহাই দেয়। এই অজুহাতে তথ্যের অধিকার আইন (RTI)কে অকার্যকর করে জবাব এড়িয়ে যাওয়া হয়। এমনকি গ্রেট নিকোবর প্রকল্পটি নৌ পরিবহণ বা বাণিজ্য মন্ত্রক পরিচালনা করছে না, বরং এটি দেখভাল করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক (Ministry of Home Affairs)! এটাও আলোচনা ও সমালোচনা বন্ধ করার আর একটি কৌশল যার ফলে স্বাধীন সাংবাদিক ও বিশেষজ্ঞদের ওই দ্বীপে যাতায়াত ও তথ্য সংগ্রহ চরমভাবে বাধাগ্রস্ত হচ্ছে।

এক মহাবিপর্যয়ের সামনে দাঁড়িয়ে গ্রেট নিকোবর

এই দ্বীপের ক্রান্তীয় বর্ষারণ্য, বিরল বন্যপ্রাণী, প্রাচীন আদিবাসী সংস্কৃতি এবং প্রাকৃতিক বাস্তুতন্ত্র– বিশ্বের ঐতিহ্য ও দুর্মূল্য সম্পদ হওয়া সত্ত্বেও এই অঞ্চলের এর প্রতিরক্ষাগত গুরুত্ব নিশ্চিত ভাবে অস্বীকার করা যায় না, কিন্তু পরিবেশগত নিরাপত্তা বজায় রেখে নির্মিত সুনির্দিষ্ট সীমিত সামরিক পরিকাঠামো হয়তো সমর্থনযোগ্য হতে পারত। কিন্তু বর্তমান প্রস্তাবটি প্রতিরক্ষার গণ্ডি পেরিয়ে অনেকদূর বিস্তৃত। এটি সর্বাত্মক পরিবেশগত সামাজিক ও ভূতাত্ত্বিক ঝুঁকি উপেক্ষা করে ভারতের অন্যতম সেরা বন্যপ্রান্তরকে বিশাল বাণিজ্যিক ও কংক্রিটের নগরে রূপান্তর করতে চায়। লক্ষ লক্ষ বছর ধরে গড়ে ওঠা এই পরিবেশগত ঐশ্বর্য একবার ধ্বংস হলে তা আর কখনওই ফিরিয়ে আনা সম্ভব নয়। উন্নয়ন মানেই ধ্বংস নয়। জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে পরিবেশকে বলি দেওয়া বাধ্যতামূলক নয়। অর্থনৈতিক সমৃদ্ধি অতি প্রাচীন আদিবাসী এবং প্রাকৃতিক ঐশ্বর্যকে চিরতরে মুছে দেওয়ার উপর দাঁড়িয়ে হতে পারে না।

ভারতের আসল পরীক্ষা, গ্রেট নিকোবরকে চিরকাল ছোঁয়াচহীন রাখা নয়, বরং এই উন্নয়ন– বিজ্ঞান, পরিবেশগত প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতার দ্বারা পরিচালিত হবে, নাকি স্বল্পমেয়াদি কর্পোরেট মুনাফা আর ভূ-রাজনৈতিক অতিরঞ্জিত দাবির কাছে নতি স্বীকার করবে? এই মৌলিক নীতিগুলি উপেক্ষিত হলে গ্রেট নিকোবর মেগা প্রকল্পটি ভবিষ্যতে সমৃদ্ধির প্রতীক হিসেবে নয় বরং আধুনিক ভারতের ইতিহাসের অন্যতম বড় পরিবেশগত ও সামাজিক বিপর্যয় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

শেষ কথা

তবে সব সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। ইতিহাস ও বিশ্বের অভিজ্ঞতা বারবার প্রমাণ করেছে যে শাসক শ্রেণি কখনোই স্বতঃস্ফূর্তভাবে পরিবেশ বা সাধারণ মানুষের স্বার্থে পদক্ষেপ নেয় না। জনগণের ঐক্যবদ্ধ শক্তিশালী গণআন্দোলন সর্বদা সরকারকে সঠিক পথে আনতে বাধ্য করেছে। তাই পরিবেশবিদ, বিজ্ঞানী, সচেতন নাগরিক এবং সর্বস্তরের মানুষকে সোচ্চার হতে হবে। গ্রেট নিকোবরের মানুষ ও প্রকৃতির উপর নেমে আসা এই সম্ভাব্য বিপর্যয়কে প্রতিহত করতে হলে আমাদের একসাথে আওয়াজ তুলতে হবে।

সূত্র  ‘এ ডিজাস্টার ইজ আনফোল্ডিং ইন গ্রেট নিকোবর’– রামচন্দ্র গুহ, স্ক্রোল.ইন ৬ এপ্রিল ২০২৫, ‘দি গ্রেট নিকোবর আইল্যান্ড বিট্রেয়াল’– পঙ্কজ শেখসারিয়া – মার্চ ২০২৪, ‘ইউটিউব ভিডিও-দি গ্রেট নিকোবর প্রজেক্ট– ইন্ডিয়াস বিগেস্ট এনভায়রনমেন্টাল ডিজাস্টার’– ধ্রুব রাঠী, ৯ মে ২০২৬, প্রলেটারিয়ান এরা’ ১৫ জুন ২০২৬

(গণদাবী ৭৯ বর্ষ ১৫ সংখ্যা ২০-২৬ নভেম্বর ২০২৬)