
আজ থেকে ১০২ বছর আগে প্রয়াত হয়েছেন লেনিন। কিন্তু তাঁর নামটি আজও পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী শক্তির কাছে যেন একটা আতঙ্ক। তাই অন্যান্য সাম্রাজ্যবাদী দেশের শাসকের মতো ভারতের শাসকদের ওপরেও এর ছাপ পড়ছে। যে জন্য ফ্যাসিস্ট ও সাম্প্রদায়িক বিজেপি ভারতে লেনিনের অবদান সম্পর্কে আজ প্রশ্ন তুলছে।
১৯১৭ সালে রাশিয়াতে সমাজতান্ত্রিক বিপ্লব হবার আগে পয™র্L মার্ক্সবাদ ছিল কেবলমাত্র দর্শনগত আলোচনার বিষয়। কিন্তু লেনিনের নেতৃত্বে রাশিয়াতে বিশ্বে সর্বপ্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার পরই সমাজতন্তে্রর বাস্তবতা নিয়ে সমাজে বিশ্বাসের একটা গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়েছে।
মার্ক্স তার সময়ে ইউরোপে পুঁজিবাদের প্রগতিশীল ভূমিকা দেখে বলেছিলেন, বিশ্বে শিল্পোন্নত দেশগুলোতেই প্রথমে বিপ্লব হবে। মার্ক্সের মৃত্যু এবং প্রথম বিশ্বযুদ্ধের পর লেনিন বর্তমান যুগটাকে সাম্রাজ্যবাদ ও সর্বহারা যুগ হিসেবে ব্যাখ্যা করে বলেছিলেন যে, বিশ্বজুড়ে পুঁজিবাদী সাম্রাজ্যবাদী শৃঙ্খল যেখানে যেখানে দুর্বল সেই সেই দেশগুলোতেই আগে বিপ্লব হওয়ার সম্ভাবনা বেশি। তা ছাড়া তাঁর অনন্য বিপ্লবী দূরদর্শিতার কারণে লেনিনকে রাশিয়াতে ‘পাহাড়ি ঈগল’ নামেও আখ্যায়িত করা হয়েছিল।
বিপ্লব পূর্ববর্তী রাশিয়াতে ছিল জার পরিচালিত সামন্ততান্ত্রিক শাসন। এটি ছিল ইউরোপের মধ্যে একটা পিছিয়ে পড়া দেশ। ১৯১৭ সালের ফেব্রুয়ারি মাসে শ্রমিক কৃষক সহ বুর্জোয়াদের অংশগ্রহণে জারের সরকারকে উচ্ছেদ করে প্রথমে কেরেনসকি সরকার গঠন হয়। ওই বছরেই এপ্রিল মাসে মহান লেনিন দেখান যে, রাষ্ট্র ক্ষমতায় বুর্জোয়ারা আসীন। তাই এবার বুর্জোয়াদের উচ্ছেদ করে শ্রমিক শ্রেণির সরকার গঠনের প্রয়োজন। তাঁর পথনির্দেশ অনুযায়ী এবং তাঁর নেতৃত্বে ওই বছরেই বিশ্বে সর্বপ্রথম সমাজতান্ত্রিক বিপ্লব সংগঠিত হয়। আর তার প্রভাবেই পরবর্তী কয়েক দশকে ভিয়েতনাম, কিউবা, চিন, কোরিয়া সহ বিশ্বের এক তৃতীয়াংশ দেশে শোষণমুক্ত সমাজতান্ত্রিক সমাজ গড়ে উঠতে সাহায্য করেছিল।
পরবর্তীকালে লেনিনের উত্তরসূরী স্ট্যালিনের নেতৃত্বে পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে আমেরিকার মতো শিল্পোন্নত দেশকেও ছাপিয়ে যায় রাশিয়া। এই পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রভাব ভারতবর্ষেও পড়েছিল। এ ছাড়া পরাধীন ভারতবর্ষের বিশেষ বিশেষ ঘটনা লেনিনকেও যে উদ্বেলিত করেছিল তার একাধিক দৃষ্টান্ত লিপিবদ্ধ হয়ে আছে। তবুও যদি ধরে নেওয়া যায় যে লেনিনের সাথে ভারতের কোনও সম্পর্ক ছিল না কিন্তু এ কথা তো সত্য যে লেনিনের নেতৃত্বে বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র রাশিয়া গঠন বিশ্বের অন্যান্য দেশগুলোতেও সমাজতান্ত্রিক সমাজ গঠন তথা শোষণমুক্তির পথকে উন্মুক্ত করেছিল। তা হলে যে মানুষটা নিজের দেশে বিপ্লবের মধ্য দিয়ে গোটা বিশ্বের মেহনতি মানুষকে শোষণ মুক্তির পথকে চিনতে শিখিয়েছিল, সেখানে আবার আলাদাভাবে অন্য কোনও দেশে তার অবদান জানতে চাওয়াটা অবান্তর প্রশ্ন নয় কি?
উৎপল দত্ত, বর্ধমান
(গণদাবী ৭৯ বর্ষ ১৫ সংখ্যা ২০-২৬ নভেম্বর ২০২৬)