Breaking News

শিক্ষায় চূড়ান্ত অব্যবস্থা, মূল্যবৃদ্ধি ও বেকারির প্রতিবাদে উত্তাল ইউরোপ

স্পেনের রাজধানী মাদ্রিদে বিক্ষোভ। ২৫ অক্টোবর

ইউরোপের বিভিন্ন দেশ– ফ্রান্স, স্পেন, ইতালি, গ্রিস, পর্তুগাল, আলবেনিয়ায় চলছে প্রবল গণবিক্ষোভ। ফ্রান্সে স্কুল ছাত্ররা শিক্ষাক্ষেত্রে চূড়ান্ত অব্যবস্থা– শিক্ষাবাজেটে বরাদ্দ ছাঁটাই, ছাত্র সংখ্যার তুলনায় কম ক্লাসরুম, প্রয়োজনের তুলনায় কম শিক্ষক, পাঠ্যবইয়ের অভাব ইত্যাদির বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে। তারা ক্ষমতাসীন ইমানুয়েল মাকরঁ সরকারের কাছে দাবি তুলেছে, শিক্ষাখাতে বরাদ্দ বাড়াতে হবে। কিন্তু সরকার পুলিশ দিয়ে ছাত্রআন্দোলন দমানোর চেষ্টা করে। তাতে আরও ব্যাপক আকার ধারণ করে আন্দোলন। সরকার রায়ট পুলিশ নামায়। টিয়ার গ্যাস ও আগুনে-বল ছুঁড়ে ছাত্রদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। জ্বালানি সহ অত্যাবশ্যকীয় জিনিসের মূল্যবৃদ্ধির ভারে ন্যুr লক্ষ লক্ষ নাগরিকও ছাত্রদের আন্দোলনের সমর্থনে রাস্তায় নামেন রাজধানী প্যারিস সহ লিলে, লিওন, নিস, মার্সেই প্রভৃতি শহরে রাস্তায় পুলিশের সাথে তাঁদের মুখোমুখি সংঘর্ষ হয়। শ্রমিক ইউনিয়নগুলিও আন্দোলনে নামে। একচেটিয়া পুঁজি মালিকদের লাগামছাড়া শোষণে দারিদ্রের তীব্র জ্বালা, নাগরিক পরিষেবার নিম্নমান, অত্যধিক হারে বাড়িভাড়া, সামাজিক অসাম্য, পরিবেশ সংকট এবং এআই ব্যবহারের ফলে চাকরি-ছাঁটাই নাগরিকদের ক্ষিপ্ত করে তোলে। সরকারের কাছে বারবার দাবি জানিয়েও কোনও সুরাহা হয়নি। মানুষ বুঝেছে– আন্দোলন ছাড়া এই সমস্যাগুলির সমাধানের দ্বিতীয় কোনও পথ নেই।

ফ্রান্সের মাকরঁ সরকার এবং মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক সুরে এই আন্দোলনকে বিরোধী দল এবং অভিবাসীদের প্ররোচনা বলে চালাতে চাইলেও মানুষ বিভ্রান্ত হয়নি।

গ্রিসঃ শিক্ষায় বাজেট বৃদ্ধি, স্কুল শিক্ষার মান উন্নয়ন এবং শিক্ষকদের বেতন বাড়ানো সহ নানা দাবিতে ২১ অক্টোবর থেকে এথেন্সে ১৫ হাজার ছাত্র ও শিক্ষক মিছিলে সামিল হয়। থেসালোঙ্কি, পাট্রাস সহ নানা শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

স্পেনঃ স্পেনে সম্প্রতি ঘরভাড়া একলাফে ২৩০ শতাংশ বেড়েছে। বেশিরভাগ মানুষ রোজগারের অর্ধেকের বেশি ঘরভাড়ায় খরচ করতে বাধ্য হচ্ছেন। বহু মানুষ অতিরিক্ত ভাড়া দিতে না পেরে তাঁবু খাটিয়ে দিন কাটাতে বাধ্য হচ্ছেন। এর বিরুদ্ধে এবং উপযুক্ত বাসস্থান, স্থায়ী ও সুস্থ জীবনযাপনের অধিকারের দাবিতে রাজধানী মাদ্রিদ সহ বিভিন্ন শহরে বিক্ষোভ দেখান হাজার হাজার মানুষ। সরকারের কাছে এই সংকট নিরসনের দাবি জানান তারা। এর মধ্যেই ৮৭ বছরের এক বৃদ্ধা ভাড়া দিতে না পারায় তাঁকে বাইরে বের করে দিলে তিনি মারা যান। দাবানলের মতো বিক্ষোভ ছড়িয়ে পড়ে সর্বত্র। ১০ হাজারের বেশি মানুষ মাদ্রিদে এবং অন্যান্য শহরে বিক্ষোভে ফেটে পড়েন। ৫০টি শহরে বিক্ষোভ সংগঠিত হয়। দেশের লক্ষ লক্ষ নাগরিক সাধারণ ধর্মঘটে সামিল হন।

আলবেনিয়াঃ ইউরোপের অন্যতম দরিদ্র দেশ আলবেনিয়াতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই, ধনকুবের জারেড কুশনারের বিলাসবহুল রিসর্ট প্রকল্প বাতিল এবং বন্যপ্রাণী ও পরিবেশ রক্ষার দাবিতে আন্দোলন চলছিল মে মাস থেকে। ফ্লেমিঙ্গো পাখিদের বিচরণক্ষেত্র ধ্বংস করে এই প্রকল্প তৈরির সিদ্ধান্ত হওয়ায় তা ‘ফ্লেমিঙ্গো বিপ্লব’ নামে পরিচিত।

১৩ অক্টোবর থেকে শিক্ষার মানোন্নয়ন, ফি কমানো, চাকরি এবং পরিবেশ আইন-২০২৪ প্রত্যাহারের দাবিতে ছাত্র আন্দোলন তীব্র আকার ধারণ করে। পুলিশ গ্রেপ্তার করে মিথ্যা মামলা দায়ের করে আন্দোলনকারীদের নামে। আন্দোলনকারী ১৯ বছর বয়সী এক ছাত্রকে নির্মম ভাবে মেরে দু’পা ভেঙে দিয়ে অচেতন করে রাস্তায় ফেলে রাখে পুলিশ। হাসপাতালে যেতে বাধা দেওয়ায় তার জীবনসংকট হয়। প্রতিবাদে ৭২ ঘণ্টার মধ্যে ১৪টি শহরে বিক্ষোভ শুরু হয়। কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্লাস বয়কট করে বিক্ষোভে যোগ দেয়। বিক্ষোভ থেকে দাবি ওঠে– প্রধানমন্ত্রী এডি রামা ও তাঁর সহচরদের অবিলম্বে পদত্যাগ করতে হবে।

ইটালিঃ গত সপ্তাহ থেকেই আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ইটালির বহু শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ দেখান। মিলানে অতিরিক্ত সেনা মোতায়েন করে সরকার। এ ছাড়া বোলোনিয়া, ব্রেসিয়া, বেরগামো ও তুরিনেও পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। বিক্ষোভের রূপ দেখে বোলেনিয়ায় একটি রেলস্টেশন সাময়িক ভাবে বন্ধ করে দেয় প্রশাসন। প্রধানমন্ত্রী মেলোনি নিরাপত্তার নামে নতুন আইন জারি করে আটক-মেয়াদ বাড়ানোর ঘোষণা করেন। এতে জনতা আরও ক্ষিপ্ত হয়।

পর্তুগালঃ মূল্যবৃদ্ধি, বাসস্থানের ঘাটতি, আকাশচুম্বী ঘরভাড়ার বিরুদ্ধে এবং মজুরি বৃদ্ধির দাবিতে পর্তুগালের লিসবনের রোসিও স্কোয়ারে ১৭ অক্টোবর বিপুল সমাবেশ হয়। পোর্তো সহ অন্যান্য শহরেও বিক্ষোভ সংগঠিত হয়।

দেশে দেশে বেকারি, মূল্যবৃদ্ধি, চাকরি-শিক্ষা-স্বাস্থে্যর সংকট মানুষের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি করেছে। যার প্রকাশ ঘটছে নানা দেশের গণবিক্ষোভের ব্যাপকতায়। ভারতও তার ব্যতিক্রম নয়। রাজ্যে রাজ্যে আন্দোলন বিস্ফোরণের আকারে ফেটে পড়ছে– কখনও ছাত্র-যুবক, কখনও কৃষক, কখনও শ্রমিকরা গোটা দেশকে স্তব্ধ করে দিচ্ছে। আন্দোলনের ব্যাপকতা ও তীব্রতা দেখে ভীত শাসক। তারা আন্দোলনকারীদের কোথাও উগ্র বামপন্থী, কোথাও অ্যান্টি-ন্যাশনাল, কোথাও ‘দিমাগি নকশাল’ বলে দাগিয়ে দিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে।

প্রত্যেকটি দেশের এই সমস্যাগুলি ওই সব দেশে বিদ্যমান পুঁজিবাদী অর্থনৈতিক উৎপাদন ব্যবস্থার ফল। শোষণমূলক এই পুঁজিবাদী সমাজব্যবস্থার অনিবার্য পরিণতিতেই বেকারি, মূল্যবৃদ্ধি, দারিদ্রের বাড়বাড়ন্ত। ন্যূনতম জনদরদ থাকলে এই সংকটময় পরিস্থিতিতে ন্যুব্জ-কুব্জ জনগণকে যেটুকু সুরাহা দিতে পারত সরকার, তা থেকেও হাত গুটিয়ে নিচ্ছে। মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলি হরণ করছে। সরকারি শিক্ষাব্যবস্থা থেকে হাত তুলে নিয়ে শিক্ষার সুযোগকে অভিভাবকদের ব্যক্তিগত আর্থিক সঙ্গতির উপর ছেড়ে দিচ্ছে। যুবকদের কাজ দেওয়ার ক্ষেত্রেও সরকারগুলি হাত ধুয়ে ফেলছে। অন্য দিকে পুঁজিমালিকের স্বার্থে শ্রমনীতিতে সংশোধন এনে শ্রমিকদের ব্যাপক হারে ছাঁটাই, নয়ত দাসশ্রমিকে পরিণত করা হচ্ছে। বহুজাতিক পুঁজির মুনাফা বাড়াতে কৃষকদের স্বার্থ বলি দেওয়া হচ্ছে। পুঁজিপতিদের হাতে তুলে দেওয়া হচ্ছে দেশের মানুষের শ্রমে-রক্তে তৈরি সম্পদ।

দেশে দেশে গণবিক্ষোভে নেতৃত্ব দিচ্ছে তরুণ প্রজন্ম, জীবন দিয়ে লড়াই করছে ছাত্র-যুব-শ্রমিকরা। এটা খুবই আশার কথা। কিন্তু তাদের বুঝতে হবে পুঁজিবাদ সৃষ্ট এই সংকটের সমাধান কোথায়? বর্তমান পুঁজিবাদী ব্যবস্থাই যে সমস্ত সমস্যার মূলে, তা দেখিয়ে কোন শক্তি শুধু আশু দাবিদাওয়া আদায় নয়, এই ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য সর্বদা সক্রিয় সচেতন ভূমিকা নিচ্ছে, সেই সঠিক শ্রমিক শ্রেণির দলকে চিনে নিতে হবে। একমাত্র তা হলেই স্বতঃস্ফূর্ত গণবিক্ষোভ সফল পরিণতিতে পৌঁছতে পারবে।