Breaking News

পাঠকের মতামতঃ মানবসম্পদ ব্যবহারে সরকার ব্যর্থ

একটি গুরুত্বপূর্ণ তথ্য সেদিন জানলাম। আমাদের দেশের ১৫ থেকে ২৯ বছর বয়সীদের প্রায় ২৫ শতাংশ ছেলেমেয়েরা ‘নট এনগেজড ইন এডুকেশন, এমপ্লয়মেন্ট অ্যান্ড ট্রেনিং’ সংক্ষেপে ‘এনইইটি’ গোষ্ঠীতে অবস্থান করছে। অর্থাৎ তারা কোনওরকম শিক্ষাক্ষেত্র বা কর্মক্ষেত্রে নেই। মানবসম্পদের দক্ষ ব্যবহারে সরকারের ব্যর্থতা এই তথ্য থেকে স্পষ্ট। জনগণকে সংখ্যা হিসেবে না দেখে মানবসম্পদ হিসেবে দেখে তার দক্ষতা বৃদ্ধি করে তাকে সঠিক উপায়ে কাজে লাগানো যে কোনও দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান পদক্ষেপ হওয়া উচিত। আর এটা না করতে পারলে ‘জনমিতিক লভ্যাংশ’ অর্থাৎ ‘ডেমোগ্রাফিক ডিভিডেন্ড’ পাওয়া সম্ভব নয়। এই মুহূর্তে আমাদের দেশে যুবকের অনুপাত বেশি। তাই এই যুব সম্প্রদায়কে যথাসময়ে দক্ষ ভাবে ব্যবহার করা দরকার। শুধু ৫৬ ইঞ্চির মহিমা প্রকাশ ও প্রচার এবং সরকার টিকে থাকলেই কি এ কাজ হবে?

আমাদের দেশে বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলেও, শিক্ষার সুযোগ থেকে সংখ্যাগরিষ্ঠ মানুষকে বঞ্চিত করেও ভোটে জেতা যায়।

সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন যে ভাবে মানুষের দক্ষতাকে ব্যবহার করে সকলের উন্নতি ঘটাতে সচেষ্ট ছিল তা দেখে মহান মানবতাবাদী বিজ্ঞানী আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলেছিলেন, ‘সোভিয়েত পরিকল্পনাগুলি যে কার্য সাধনে প্রয়াসী, প্রাচীন ও আধুনিক কোনও রাষ্ট্র এ পর্যন্ত সে কাজে হাত দেয় নাই। এই পরিকল্পনাগুলি যেমন বিরাট তেমনি বাস্তব প্রয়োগোপযোগী ও বিজ্ঞানসম্মত।’

দৃষ্টিভঙ্গি বদল করে সত্যিকারের পরিকল্পনা গ্রহণ করে আগে মানুষের জন্য কিছু করা হোক, তারপর অন্য কথা।

গৌতম দাস, মালদা

(গণদাবী ৭৯ বর্ষ ১৫ সংখ্যা ২০-২৬ নভেম্বর ২০২৬)