
দলের উদ্যোগে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের ১০৯তম বার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়। ১৯১৭ সালে রাশিয়াতে মার্ক্সবাদকে হাতিয়ার করে মহান নেতা লেনিনের নেতৃত্বে শ্রমজীবী জনগণ ৭-১৭ নভেম্বর রাশিয়াতে বিপ্লব সফল করেছিল। এই বিপ্লবের মধ্য দিয়ে দুনিয়ার বুকে প্রথম শ্রমিক শ্রেণির রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছিল এবং মানুষের দ্বারা মানুষের শোষণ বন্ধ হয়েছিল। এই বিপ্লব সারা বিশ্বের মেহনতি জনতা ও গণতন্ত্রপ্রিয় মনীষীদের বিস্মিত, মুগ্ধ, অনুপ্রাণিত করেছিল। সব দেশের শোষিত মানুষ শোষণ মুক্তির সংগ্রামে এই বিপ্লব থেকে দিশা পেয়েছে।
এ বছর নভেম্বর সমাজতান্ত্রিক বিপ্লবের প্রাসঙ্গিকতা আরও বেড়েছে। কারণ, বর্তমান শাসক দল বিজেপি এবং আরএসএস মহান নেতা লেনিন, স্ট্যালিন সর্বোপরি মার্ক্সবাদের অবদান ও গুরুত্বকে জনমন থেকে মুছে ফেলতে নানা ভাবে ষড়যন্ত্র করছে। লেনিন মূর্তি ভেঙেছে, লেনিনের নামাঙ্কিত রাস্তার নাম বদলে দিতে চাইছে। নভেম্বর সমাজতান্ত্রিক বিপ্লবের শিক্ষাকে জনগণের সামনে তুলে ধরছে এসইউসিআই(সি)। পাশাপাশি মূল্যবৃদ্ধি, বেকারি, বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থে্যর ব্যাপক বেসরকারিকরণ, গণতান্ত্রিক অধিকার হরণ সহ প্রতিক্রিয়াশীল পুঁজিবাদের সর্বাত্মক আক্রমণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে আহ্বান জানান তারা। দলের ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে ১৩ নভেম্বর বিজয়গঞ্জ বাজারে এক জনসভা হয়। সভাপতিত্ব করেন জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বলরাম কয়াল। কলকাতা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য বনমালী পণ্ডা প্রধান বক্তা হিসাবে নভেম্বর বিপ্লব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। উপস্থিত ছিলেন রাজ্য কমিটির প্রবীণ সদস্য মাদার নস্কর।
জেলা সম্পাদক ও রাজ্য কমিটির সদস্য বিশ্বনাথ সরদার সমাজতান্ত্রিক বিপ্লবের প্রাসঙ্গিকতা সহ বিজেপি এবং আরএসএসের সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে শোষিত অত্যাচারিত জনগণকে ঐক্যবদ্ধ হয়ে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
(গণদাবী ৭৯ বর্ষ ১৫ সংখ্যা ২০-২৬ নভেম্বর ২০২৬)