কবি ব্যক্ত করেছিলেন ‘জ্ঞান যেথা মুক্ত’ সেই স্বর্গে ভারতবর্ষকে জাগরিত করার আকাঙক্ষা। কেন না মুক্ত জ্ঞান ‘নির্বারিত স্রোতে“দেশে দেশে দিশে দিশে কর্মধারা ধায়“ অজস্র সহস্রবিধ চরিতার্থতায়’। শুধু কবিগুরু কেন, এই আকাঙক্ষার সন্ধান পাওয়া যায় দেশে দেশে নবজাগরণের চেতনায় জাগরিত প্রতিটি মহাপুরুষের ভাবনাতে। মধ্যযুগের প্রশ্নাতীত ঈশ্বর বিশ্বাস ও কূপমণ্ডুকতার নিগড় কাটিয়ে ইউরোপে যে নবজাগরণ আন্দোলনের সূচনা হয়েছিল, তার মূল কথাগুলো ছিল যুক্তি-তর্ক-বিচার দিয়ে সত্যানুসন্ধান, ব্যক্তির মুক্তি, অতিপ্রাকৃত নয় মনুষ্যত্বের জয়গান। সত্যের নতুন ধারণা প্রতিষ্ঠা করতে দেশে দেশে বহু লড়াই হয়েছে, প্রাণ দিয়েছেন মনীষীরা। তাঁরা রচনা করেছেন আধুনিক সাহিত্য-শিল্প-চারুকলা তথা নতুন মানবতাবাদী সংস্কৃতির পরিমণ্ডল। সেই উন্নত মূল্যবোধের আধারে দেশে দেশে রচিত হয়েছে আধুনিক শিক্ষা ব্যবস্থার এক একটি সোপান– বিজ্ঞানভিত্তিক, গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ ও সার্বজনীন শিক্ষা। এই মৌলিক আধারটা ভিত্তি করে যেখানে শিক্ষাব্যবস্থা বিকশিত হতে পেরেছে, সেখানে জ্ঞান প্রকৃত অর্থেই মুক্ত এবং উন্নত চরিত্র গঠনের হাতিয়ার হয়ে উঠেছে।
ঔপনিবেশিক শাসনের সঙ্গে সঙ্গে ইউরোপীয়দের হাত ধরে আমাদের দেশে মানবতাবাদের উন্নত মূল্যবোধের ধারণাগুলি যখন এসে পৌঁছালো, প্রচলিত সমাজের গোঁড়া হিন্দু সমাজপতি এবং মুসলমান মোল্লাদের তীব্র আপত্তি ওঠে। পরাধীন দেশে তৎকালীন টোল-মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জ্যোতিবা ফুলে, সাবিত্রী বাঈ ফুলে, ডেভিড হেয়ার, ডিরোজিও, বেগম রোকেয়া, আশুতোষ মুখোপাধ্যায় সহ বহু মনীষীদের সংগ্রামের মধ্য দিয়ে ধীরে ধীরে বিকশিত হয় এ দেশের শিক্ষাব্যবস্থা, রচিত হয় তার পরিপূরক সাহিত্য-শিল্প-সংস্কৃতি জগৎ।
কিন্তু ইংরেজ শাসন থেকে রাজনৈতিক ক্ষমতা হস্তান্তরের পর মুক্ত জ্ঞানচর্চার আকাঙক্ষাকে ক্রমাগত বাধা দিয়েছে ভারতীয় শাসকরাও। বিগত আশি বছর ধরে কেন্দ্র এবং রাজ্যগুলিতে একের পর এক সরকার এসেছে, প্রত্যেকে জনতার অজ্ঞতার মধ্যেই ক্ষমতার স্থায়িত্ব চেয়েছে। শিক্ষা ক্রমশ বিক্রয়যোগ্য পণ্যে পরিণত হয়েছে। কাঞ্চনমূল্যে শিক্ষা কেনার সামর্থ্য যাদের আছে, সেই মুষ্টিমেয় দেশবাসী ছাড়া কোটি কোটি নিরন্ন দুঃস্থ প্রান্তিক ভারতবাসীর কাছে শিক্ষা হয়ে উঠেছে মহার্ঘ। আসলে প্রত্যেকটি সরকার মুক্ত জ্ঞানচর্চাকে ভয় পায়, কেননা জ্ঞান মানুষকে প্রশ্ন করতে শেখায়, সত্যানুসন্ধানী করে, অন্যায়ের সামনে বুক চিতিয়ে প্রতিবাদ করতে শেখায়। মুক্ত জ্ঞানচর্চার পরিবেশ গড়ে উঠলে কায়েমি স্বার্থবাজদের বিপদ। তাই তারা শিক্ষাকে ধ্বংস করতে চায়। এ ব্যাপারে অন্য সকলকে ছাড়িয়ে গেছে বিগত বারো বছর ধরে কেন্দ্রীয় সরকারে আসীন এবং সদ্য পশ্চিমবঙ্গের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত দল বিজেপি। মানুষের জীবন-জীবিকা, নাগরিক অধিকার তো বটেই এমনকি প্রাকৃতিক নিয়মেরও তোয়াক্কা না করে দেশের সমস্ত সম্পদ কর্পোরেট পুঁজিপতিদের মুনাফার স্বার্থে তুলে দিতে স্বৈরতান্ত্রিক ভাবে নিয়ম-কানুন পরিচালনা করছে তারা। কোভিড অতিমারির মাঝে একতরফাভাবে জাতীয় শিক্ষানীতি-২০২০ চালু করেছে, যা শিক্ষাকে মুনাফার জন্য কর্পোরেট ব্যবসায়ীদের হাতে তুলে দিয়ে অধিকাংশ ছেলেমেয়েকে শিক্ষা বঞ্চিত করার ন্যক্কারজনক প্রয়াস। কিন্তু এটুকু করেই তারা ক্ষান্ত নয়, তারা ছাত্রছাত্রী যুব সমাজের মস্তিষ্কের দখল চায়।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল সমস্ত দুর্নীতির অবসান হবে, থ্রেট কালচারের কবল থেকে মুক্ত হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। জনজীবনের সর্বাত্মক হতাশার মধ্যে বিভ্রান্ত হয়ে বৃথা আশায় বুক বেঁধেছিল একাংশ রাজ্যবাসী। বৃথা-আশা শুধু ব্যর্থ পরিহাস নয়, জল্লাদের ফাঁস হয়ে এখন গলার উপর ক্রমশ চেপে বসছে। ওদের অবস্থান যে, ধর্ম বর্ণ জাতিগত বিদ্বেষের বিষবাষ্পের মধ্যে তা সকলের জানা। কিন্তু তাদের ‘সনাতনী’ শারদীয়া উপহার পুস্তক নিধন, যা একমাত্র নাৎসি জার্মানির পুস্তক-দহনের সাথেই তুলনীয়, দেখে হতবাক হয়ে গেছেন অনেকে। অনেকে ভাবছেন, নতুন ক্ষমতার স্বাদ পেয়ে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে। আসলে এটা নিছক বাড়াবাড়ি নয়, এই সবের মধ্যেই লুকিয়ে আছে তাদের মস্তিষ্ক দখলের নেপথ্য নীল-নকশা।
এ যুগের অন্যতম শ্রেষ্ঠ মার্ক্সবাদী চিন্তানায়ক কমরেড শিবদাস ঘোষ দেখিয়েছিলেন, ফ্যাসিবাদ মানে শুধু কড়া মিলিটারি দমন-পীড়ন নয়। এর নেপথ্যে সবচেয়ে ভয়ঙ্কর যা লুকিয়ে আছে, তা হল মানুষ তৈরির প্রক্রিয়াটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা। তাই তারা মুনাফার প্রয়োজনে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দিলেও শিক্ষার যা প্রাণসত্তা যুক্তিবাদী মনন এবং চরিত্র গঠনের প্রক্রিয়া, তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে বদ্ধপরিকর। পশ্চিমবঙ্গের বিজেপি শাসনের বয়স সবে মাস ছয়েক। এরই মধ্যে তার প্রতিটি লক্ষণ সুস্পষ্ট দৃশ্যমান।
বহুদিন থেকে ধুঁকতে থাকা রাজ্য শিক্ষাব্যবস্থা পুনর্জীবিত করার কোনও সদিচ্ছা এখনও প্রকাশ পায়নি, বরং শিবরাত্রির সলতের মতো সরকারি স্কুলগুলিতে টিমটিম করে জ্বলছেন যে গুটিকয় শিক্ষক, শিক্ষাদান বাদে সমস্ত ধরনের সরকারি কাজ তাঁদের দিয়ে করিয়ে নেওয়ার ধারা অব্যাহত। ঐতিহ্যের নাম করে, ধর্মের প্রতি মানুষের সহানুভূতিকে উস্কানি দিয়ে কষ্টসাধ্য সংগ্রামে বর্জিত মধ্যযুগীয়, কুসংস্কারাচ্ছন্ন ও অবৈজ্ঞানিক চিন্তাকে আবার সিলেবাসের অন্তর্ভুক্ত করছে বিজেপি সরকার। নবজাগরণের মনীষীরা যে সাহিত্য সংস্কৃতির জন্ম দিয়েছেন তার স্পর্শে পাছে মনুষ্যত্ব জেগে ওঠে ছাত্রদের, তাই সিলেবাস থেকে বাদ শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, নজরুল, সুকান্ত ভট্টাচার্যের রচনা।
এ দেশের যাঁরা প্রকৃত বীর, যাঁরা বুক চিতিয়ে ইংরেজ শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, যাঁদের চরিত্র অনুশীলন করলে মানুষ উন্নত চরিত্র লাভ করতে পারে, সেই স্বাধীনতা সংগ্রামীদের নাম জনমানস থেকে মুছে ফেলতে চাইছে, তাঁদের সন্ত্রাসবাদী বলে চিহ্নিত করে দিচ্ছে। করছে কারা? বিজেপি-আরএসএস নেতারা যারা আদপে নিজেরাই দেশদ্রোহী, যাদের পূর্বসূরী হিন্দু মহাসভা ও জনসংঘ এ দেশের স্বাধীনতা আন্দোলনের সরাসরি বিরোধিতা করেছিল, ইংরেজদের প্রত্যক্ষ সহায়তা করেছিল।
আজ রাষ্ট্রবাদের ধুয়ো তুলে যুবসমাজকে বিভ্রান্ত করতে হলে সেই সত্য ইতিহাস এবং নেতাজি ক্ষুদিরাম ভগৎ সিং প্রীতিলতা আসফাকউল্লাদের মতো প্রকৃত দেশপ্রেমিকের অবস্থান তাদের কাছে বিপজ্জনক। তাই তাঁদের নামে মিথ্যা অপবাদ দিতে তারা এতটুকু চক্ষুলজ্জা করছে না। পরিবর্তে যারা মুচলেকা দিয়ে, সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে, স্বাধীনতা আন্দোলনের সঙ্গে বিশ্বাসঘাতকতা ও ইংরেজ শাসকদের তোষামোদ করে ক্ষমতার অলিন্দে থাকার মধ্যেই সার্থকতা খুঁজতে চেয়েছে, তাদের মহাপুরুষ হিসাবে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করছে। চেষ্টা করছে যাতে ছাত্র-যুবক এদেরই আইকন হিসেবে দেখতে শেখে এবং গড্ডালিকা প্রবাহের মধ্যে জীবনের সার্থকতা খুঁজতে শেখে। বিজেপি-আরএসএস-এর কথা ‘জো হুজুর’ বলে মাথা নত করে মেনে নিতে শেখে।
বিদ্যাসাগর রবীন্দ্রনাথ নজরুল শরৎচন্দ্রের হাতে গড়ে ওঠা বাংলার মাটি এত সহজে তাদের শেখানো বুলি বেদবাক্য বলে মেনে নেবে? নেবে না যে, সেটা ফ্যাসিস্টরা জানে। তাই এখন ওরা শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে তাদের অনুসারী, যুক্তি-রহিত মনুষ্যদেহধারী পশু তৈরির ছাঁচ হিসেবে গড়ে তুলতে মরিয়া। সেই ছাঁচ মানবতাবাদ দিয়ে তৈরি হয় না, হয় মনুবাদ দিয়ে। তাই স্বাধীনতা আন্দোলনের ধারাবাহিকতায় গড়ে ওঠা সরকারি স্কুল বন্ধ করে দিয়ে ওরা চায় আরএসএস পরিচালিত সরস্বতী স্কুল তৈরি করতে। তাদের দলীয় কার্যক্রমগুলি শৈশব থেকেই প্রতিটি ছাত্র অনুশীলন করতে যাতে বাধ্য হয় এবং সেই ছাঁচেই তাদের মনন গড়ে ওঠে, সেই মতলবে সেগুলো প্রাতিষ্ঠানিক শিক্ষার অন্তর্ভুক্ত করে দিচ্ছে। ইতিহাস বিকৃতি, বিজ্ঞান সম্পর্কে মিথ্যা প্রচার, সত্যের অপলাপ, সিলেবাস বিকৃতি, শিক্ষা প্রতিষ্ঠানগুলির স্বাধিকার হরণ এত কিছুর পরেও নিশ্চিন্ত হতে পারছে না। এখন গায়ের জোরে কলেজ বিশ্ববিদ্যালয়ের দখল নিতে চায় যাতে থ্রেট কালচার কায়েম করে ছাত্র-ছাত্রীদের উপর নিরঙ্কুশ আধিপত্য কায়েম করা যায়, তাদের পঠন পাঠন, মেলামেশা, চিন্তা ভাবনা, আলাপ আলোচনা, ভালোলাগা মন্দলাগা সবটা কড়া হাতে নিয়ন্ত্রণ করা যায়।
কিন্তু শিক্ষা তো শুধু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। যুগে যুগে শাসক প্রাতিষ্ঠানিক শিক্ষাকে যখন কুক্ষিগত করেছে, তার বিকল্প সমান্তরাল অপ্রাতিষ্ঠানিক চর্চাও শক্তিশালী হয়েছে। তাই বিজেপি আরএসএস-এর আতঙ্কের অন্ত নেই। সেই আশঙ্কা থেকেই তাদের আদর্শগত আইডল নাৎসিরা জার্মানিতে সমস্ত প্রগতিশীল চিন্তার বইপত্র যেমন পুড়িয়ে ফেলার আয়োজন করেছিল, তারই অনুকরণে এদেশের ফ্যাসিস্টরা প্রগতিশীল চিন্তার বইপত্র পড়া থেকে মানুষকে বিরত করতে চাইছে। বিশেষ করে কমিউনিস্টরা যে সমাজ বদলের কথা বলে, যে সমাজ স্বর্গ-সুখের স্বাচ্ছন্দ্য নিয়ে কায়েম হয়েছিল সমাজতান্ত্রিক রাশিয়ায়, মাও সে তুংয়ের চিনে, যে সমাজতন্ত্রকে দু’হাত তুলে আশীর্বাদ করেছিলেন রবীন্দ্রনাথ নেতাজি থেকে শুরু করে সারা বিশ্বের মনীষীরা, তাকে এদের ভয় সর্বাধিক। এই কমিউনিস্টদের হাতেই লুকিয়ে রয়েছে ফ্যাসিবাদের মৃত্যুশেল। তাই জনগণ যেন কোনও ভাবেই সেই শক্তিশেলের সন্ধান না পায়। তারা চায় ছাত্র-ছাত্রী, শিক্ষক-অধ্যাপক, জনসাধারণের নিজস্ব চিন্তা বলে আর অবশিষ্ট কিছু থাকবে না, আদর্শ গ্রহণের ব্যাপারে কোনও স্বাধীন ভাবনা থাকবে না, মানুষ তাই চিন্তা করবে, সেই আদর্শই গ্রহণ করবে, বিজেপি-আরএসএস যা ভাবার বা গ্রহণ করার অধিকার দেবে। অর্থাৎ দেশবাসীর মস্তিষ্কের সম্পূর্ণ দখল থাকবে তাদের হাতে। এটাই তো ফ্যাসিবাদের আসল রূপ।
কিন্তু সত্যকে কি অত্যাচারের খাঁড়া দিয়ে হত্যা করা যায়? বরং বিজ্ঞানসম্মত ইতিহাস বলে, রাত যত প্রগাঢ় হয়, ভোরের সম্ভাবনা তত নিকটে আসে। বিজেপি আরএসএসের সাম্প্রতিক অতি উৎসাহী কর্মকাণ্ডে স্পষ্ট দেখা যাচ্ছে সেই ভোরের সম্ভাবনা। তাদের রক্তচক্ষু উপেক্ষা করে, আক্রমণকে রুখে দিয়ে দলে দলে ছাত্র-যুবকরা বামপন্থীদের স্টলে এসে আগের সমস্ত রেকর্ড ছাপিয়ে বইপত্র কিনেছে।
রাতের অন্ধকারে আক্রমণ করেও যাদবপুর বিশ্ববিদ্যালয় দখল করতে পারেনি। কলকাতা বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, এসআরএফটিআই যেখানেই দখল করতে গেছে, ছাত্র-যুবদের সংগঠিত রক্তাক্ত প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে ফ্যাসিস্টরা। কদিন আগেই দিল্লির বুকে জেন-জি আন্দোলন উদ্ধত কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রীকে ইস্তফা দিতে বাধ্য করে দেখিয়ে দিয়েছে ছাত্র-যুব আন্দোলনের ক্ষমতা। গোটা বিশ্বে আজ যখন প্রতিক্রিয়াশীল দক্ষিণপন্থী শক্তিগুলি একই রকম কায়দায় দেশে দেশে ছাত্র-ছাত্রীদের মস্তিষ্কের দখল চাইছে, গড়ে উঠছে পাল্টা প্রতিরোধ আন্দোলন। দেশবাসীর নাগরিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে রাজধানীর বুকে আহূত আন্দোলন শক্তি সঞ্চয় করছে ভারতবর্ষের প্রতিটি শহরে গ্রামে মহল্লায়। সাহেব তার গদি বাঁচানোর আশঙ্কায় থরহরি কম্পমান। যৌবনের এই জলতরঙ্গ রোখার সাধ্য কি বিজেপি-আরএসএসের আছে?
(গণদাবী ৭৯ বর্ষ ১৫ সংখ্যা ২০-২৬ নভেম্বর ২০২৬)