Breaking News

সকল লড়াই বা গণতান্ত্রিক আন্দোলনকে মূল বিপ্লবী আন্দোলনের পরিপূরক করতে হবে—শিবদাস ঘোষ

তাদের (রাশিয়ার) বিপ্লব সংগঠিত হয়েছিল একটা বিরাট কর্মকাণ্ডের মধ্য দিয়ে জনতার রাজনৈতিক শক্তির অভ্যুত্থান ঘটানোর মাধ্যমে। এই রাজনৈতিক শক্তির অভ্যুত্থান কথাটার মানে হচ্ছে, কমিটিগুলো গঠন করে সংগঠিত ভাবে বিপ্লবী সংগ্রাম পরিচালনার মধ্য দিয়ে অজ্ঞ মজুর-চাষি লেখাপড়া না জানলেও অনেক কর্মক্ষমতা ও সংগঠন প্রতিভা– অর্থাৎ সংগঠন চালানো, নানা দিকে নজর দেওয়া প্রভৃতি বহু গুণের অধিকারী হয়ে স্তরে স্তরে গড়ে ওঠে। কাজেই বিপ্লবী সংগ্রামের মধ্য দিয়েই জনতার রাজনৈতিক শক্তির জন্ম হয় এবং সেই শক্তি পাল্টা ব্যবস্থা হিসাবে গোটা রাষ্ট্রব্যবস্থার দায়িত্ব নিতে পারে। ফলে মজুর-চাষি রাষ্ট্রক্ষমতা চালাতে পারবে না– এই ধারণাটাও যে ভ্রান্ত, নভেম্বর বিপ্লবের মধ্য দিয়ে তা প্রমাণ হয়ে গেল। হয়ে যাওয়ার পর এর দ্বারা উদ্বুদ্ধ হয়ে ইউরোপের, চিনের, ভিয়েতনামের মজুর-চাষিরা নিজেদের রাজত্ব কায়েম করার জন্য এগিয়ে চলল।

নভেম্বর বিপ্লবের এই শিক্ষাগুলো মনে রাখার সঙ্গে সঙ্গে যে কথাটা আপনাদের মনে রাখতে হবে, তা হচ্ছে, বর্তমান অবস্থার পরিবর্তন অবশ্যম্ভাবী। বুর্জোয়ারা শক্তিশালী বলে, তাদের হাতে প্রবল রাষ্ট্রক্ষমতা রয়েছে বলে চিরকাল তারা জগদ্দল পাথরের মতোই আমাদের ঘাড়ের উপর বসে থাকবে– এমন ঘটলে বুর্জোয়াদের হয়তো ভাল হত এবং এ ভেবে তারা খুশিও হতে পারে, কিন্তু এ রকম ঘটে না। তবে এই পরিবর্তন কত দিনে ঘটবে, এটা নির্ভর করছে আপনাদের ওপর। যথার্থ বিপ্লবী আদর্শ এবং লাইন গ্রহণ করে, যথার্থ বিপ্লবী পার্টির নেতৃত্বে সংঘবদ্ধ হয়ে স্তরে স্তরে গণআন্দোলনগুলো ঐক্যবদ্ধভাবে পরিচালনার মারফত জনগণের রাজনৈতিক শক্তির অভ্যুত্থান, অর্থাৎ সোভিয়েটের মতো বিপ্লবী কাউন্সিল এবং গণকমিটিগুলো গড়ে তুলতে কত দিন আপনারা নেবেন তার ওপর নির্ভর করছে কত তাড়াতাড়ি বিপ্লব হবে। আপনারা মনে রাখবেন, এ কাজ ফাঁকি দিয়ে হবে না, মাঠে-ঘাটে শুধু চিৎকার করেও হবে না বা ভোটের বাক্সে কেরামতি-কারসাজি দেখিয়েও হবে না। বিপ্লব তখনই আপনারা করতে সক্ষম হবেন যখন সঠিক মূল বিপ্লবী রাজনৈতিক লাইন ও আদর্শের ভিত্তিতে এবং সঠিক বিপ্লবী পার্টির নেতৃত্বে জনতার নিজস্ব রাজনৈতিক শক্তির জন্ম আপনারা দিতে পারবেন। ভোটেও যে আপনারা লড়েন এবং অর্থনৈতিক দাবিদাওয়া নিয়ে গণতান্ত্রিক আন্দোলন যেগুলো আপনারা গড়ে তোলেন – সেগুলোকেও এই অর্থে লড়াই হিসাবে যদি আপনারা দেখেন এবং মূল বিপ্লবী আন্দোলনের পরিপূরক অর্থে সেগুলোকে গড়ে তুলতে পারেন– তবেই মনে রাখবেন, এগুলোর সার্থকতা আছে। তা ছাড়া এক ইঞ্চিও বেশি এর কার্যকারিতা নেই। আর, এইটা যদি আপনারা ধরতে সক্ষম হন তা হলে সাথে সাথে এটাও আপনাদের বুঝতে হবে, যে গণআন্দোলনগুলো আপনারা গড়ে তুলছেন, এর আগে যাওয়া আছে, পিছু হঠা আছে, জয় আছে, পরাজয় আছে, মার খাওয়া আছে– কারণ এর আঁকাবাঁকা পথ আছে। কিন্তু মূল কথা হচ্ছে, এই গণআন্দোলনগুলোর আদর্শ, নীতি, মূল রাজনৈতিক লাইন, বিপ্লবের স্তর নির্ণয় আপনারা ঠিক করেছেন কি না– অর্থাৎ সাম্রাজ্যবাদীদের জায়গায় বুর্জোয়া শ্রেণি যে রাষ্ট্রক্ষমতায় আসীন এবং এই বুর্জোয়া শ্রেণিকে রাষ্ট্রক্ষমতা থেকে উচ্ছেদ করাই যে বিপ্লবের প্রধান কার্যক্রম–এটা আপনারা ধরতে সক্ষম হয়েছেন কি না।

…

এই মূল রাজনৈতিক লাইন গোলমাল করলে গণতান্ত্রিক আন্দোলনের কলাকৌশল, উদ্দেশ্য, আচার, রীতি-নীতি নিয়েও বিভ্রান্তি হবে। কারণ খাদ্যের দাবিতে, জমির দাবিতে, উচ্ছেদ বন্ধের দাবিতে, জিনিসপত্রের দাম কমাবার দাবিতে, দুর্নীতি বন্ধ করার দাবিতে, বিদেশি পুঁজি বাজেয়াপ্ত করার দাবিতে এবং এই রকম আরও অসংখ্য দাবিদাওয়ার ভিত্তিতে যে গণআন্দোলনগুলো জনসাধারণ গড়ে তুলছেন– সেই গণআন্দোলনগুলোর মূল লক্ষ্য যদি পুঁজিবাদী রাষ্ট্রব্যবস্থার উচ্ছেদ না হয় তা হলে তার সংগ্রাম কৌশল এক রকম হবে, তার আচার-রীতি-নীতি এক রকম হবে, তার কৌশলগত সময় নির্বাচন, তার শ্রেণিবিন্যাস, তার কায়দাকানুন, কৌশল, সবকিছু পাল্টাবে।

তাই আর একটা কথাও আমি এই প্রসঙ্গে জনসাধারণের কাছে বলতে চাই। যুক্ত আন্দোলনে আমাদের অত্যন্ত ভুল বোঝা হয়। আমরা ঐক্যবদ্ধ আন্দোলন চাই। কিন্তু ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে আমরা বিভিন্ন রাজনৈতিক দল যারা অংশগ্রহণ করি তাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন যে মূল রাজনৈতিক লাইন রয়েছে সেই রাজনৈতিক লাইন সম্পর্কে আমাদের বক্তব্য যদি একটা কথার কথা না হয় – অর্থাৎ তা যদি আমরা যথার্থই ‘মিন’ (দৃঢ়ভাবে বিশ্বাস) করি– যেমন আমাদের ক্ষেত্রে আমরা করি– তা হলে গণআন্দোলনে ঐক্যবদ্ধ কর্মসূচির মধ্যেও তো তার প্রতিফলন ঘটবে। সংগ্রামের সময় নির্বাচন নিয়ে, কলাকৌশল নিয়ে, সংগ্রামগুলিকে শেষপর্যন্ত কোন রাজনৈতিক লক্ষ্যে পৌঁছে দিতে চাই এবং তার জন্য সংগ্রামগুলিকে আমরা কী ভাবে গড়ে তুলব তার দৃষ্টিভঙ্গি নিয়ে, সংগ্রামগুলোর রাজনৈতিক ‘টিউনিং’ কী রকম হবে তা নিয়ে আমাদের মধ্যে মতপার্থক্য তো অবশ্যম্ভাবী হয়ে দেখা দেবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্যে যুক্ত আন্দোলনের মূল রাজনৈতিক লাইন ও আদর্শকে কেন্দ্র করে এই যে বিরোধ দেখা দেয় সেখানে আমরা আপস করতে চাই না। তাই আমাদের বলা হয় আমরা ঐক্যবিরোধী।

যে সমস্ত বন্ধুরা বলছেন, ঐক্যের মধ্যে সমালোচনা করলে ঐক্য বিঘ্নিত হয়, আমি মনে করি, তারা ঐক্য-সংগ্রাম-ঐক্য সম্বন্ধে সঠিক দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করছেন না। চিনের পার্টি এ বার তাদের দশম কংগ্রেসে এ সম্পর্কে আবার সেই একই কথা তুলে ধরেছে। তারা বলেছে– হয় সার্বিক ঐক্য, সংগ্রাম নেই, আর না হয় সার্বিক সংগ্রাম, ঐক্য নেই– ঐক্য সম্পর্কে এ রূপ ধারণা ভ্রান্ত। আমাদের সমালোচনা করতে গিয়ে যাঁরা বলেন যে, ঐক্যের মধ্যে সমালোচনা করলে ঐক্য বিঘ্নিত হয়, তাঁরা ভুলে যান যে, যখন আমরা তীব্র সংগ্রাম করি, ঐক্যের সম্ভাবনাও তার মধ্যে আমরা বারবার পরীক্ষা করি। ঐক্য-সংগ্রাম-ঐক্য সম্বন্ধে, আমরা মনে করি, এটাই সঠিক দৃষ্টিভঙ্গি।

যখন ঐক্যবদ্ধ ভাবে আমরা একটা সংগ্রাম গড়েও তুলি, ভিন্ন ভিন্ন রাজনৈতিক লাইন অনুযায়ী সেই সংগ্রামের মধ্যে কলাকৌশল সংক্রান্ত– অর্থাৎ আন্দোলনের সময় নির্বাচন, দাবি উত্থাপনের কায়দা-কানুন, আন্দোলনগুলো কী ভাবে চালাব, কোন দিকে নিয়ে যাব, কতদূর পর্যন্ত নিয়ে যাব– এইসব প্রশ্নগুলি সম্পর্কে আমাদের মধ্যে যার যার মতো ভিন্ন ভিন্ন ধারণা নিহিত থাকে। আন্দোলনের কর্মসূচি যখন এক, তখন আমাদের মধ্যে এ সব বিষয়ে কোনও পার্থক্য নেই– এ রূপ ঘটে না। যেমন ধরুন, আমরা যারা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলছি তারা সকলেই পুঁজিবাদকে এবং পুঁজিপতি শ্রেণির দল কংগ্রেসকে মূল শত্রু মনে করি। তা না হলে আমরা লড়াইয়ের ময়দানে আসছি কেন? যারা পুঁজিবাদকে শত্রু মনে করে না তারা তো লড়াইয়ের ময়দানে আসছেই না।

তা হলে পুঁজিবাদের বিরুদ্ধে লড়াইটা তো একটা সাধারণ কথা। কিন্তু এ কথা কি সত্য নয় যে, পুঁজিবাদের বিরুদ্ধে এই লড়াইয়ের কৌশল নিয়ে ভিন্ন ভিন্ন রাজনৈতিক লাইন অনুযায়ী আমাদের মধ্যে পার্থক্য রয়েছে? তা হলে কতকগুলি গণতান্ত্রিক কর্মসূচি নিয়ে যারা আমরা একটা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে আসছি, সেই আন্দোলনকে পুঁজিবাদবিরোধী সংগ্রামের যে মূল লক্ষে্য পৌঁছে দেওয়ার কথা, তার থেকে বিপথগামী করা বা অন্য দিকে নিয়ে যাওয়ার যে প্রবণতা আন্দোলনের মধ্যে লুক্কায়িত থাকে, আদর্শগত সংগ্রাম পরিচালনা না করলে সেই প্রবণতা এবং সেই ঝোঁক থেকে আন্দোলনকে রক্ষা করা যাবে কী করে?

(মহান নভেম্বর বিপ্লবের পতাকাতলে, রচনাবলি, তৃতীয় খণ্ড)

(গণদাবী ৭৯ বর্ষ ১৫ সংখ্যা ২০-২৬ নভেম্বর ২০২৬)