
রাজ্য বিশ্ববিদ্যালয় সার্ভিস কমিশন গঠনের তীব্র বিরোধিতা করে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক তরুণকান্তি নস্কর বলেন, পশ্চিমবঙ্গ সরকার গত ৬ নভেম্বর রাজ্যের বিশ্ববিদ্যালয় ও অনুরূপ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে অধ্যাপক নিয়োগের জন্য একটি সার্ভিস কমিশন তৈরির প্রস্তাব খতিয়ে দেখে তা বাস্তবায়িত করার জন্য কয়েকজন উপাচার্য, আধিকারিক ও অধ্যাপকদের নিয়ে একটি কমিটি তৈরি করেছে। তা বাস্তবায়িত হলে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষক নিয়োগের জন্য একটিই কেন্দ্রীয় সংস্থা থাকবে। কেন্দ্রীকরণের এই ধাঁচা জাতীয় শিক্ষানীতির অনুসারী।
প্রথমত, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের শিক্ষাগত যোগ্যতা ইউজিসি নির্ধারিত। এই যোগ্যতার সঙ্গে বিশ্ববিদ্যালয় তার নিজস্ব শিক্ষণ বা গবেষণার প্রয়োজনে কোনও পদের জন্য প্রয়োজনীয় যোগ্যতা মান ও ‘স্পেশালাইজেশন’ নির্ধারণ করে। অর্থাৎ অধ্যাপক নিয়োগ হয় ইউজিসি ও বিশ্ববিদ্যালয় নির্ধারিত যৌথ যোগ্যতা মানের ভিত্তিতে।
দ্বিতীয়ত, যে নির্বাচন কমিটি আবেদনকারীদের মধ্য থেকে ‘ইন্টারভিউ’-এর মাধ্যমে প্রার্থী বাছাই করে তার সদস্যরাও ইউজিসি রেগুলেশন দ্বারা নির্ধারিত। এই কমিটিতে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধান একজন সদস্য যিনি বিভাগের শিক্ষাগত প্রয়োজন তুলে ধরতে পারেন। প্রস্তাবিত কেন্দ্রীয় সার্ভিস কমিশন উপরোক্ত কোনও শর্তই পূরণ করতে পারবে না। প্রথম শর্তটি পূরণ না হলে শিক্ষণ ও গবেষণা বিপর্যস্ত হবে এবং দ্বিতীয়টি অপূরিত থাকলে ইউজিসি রেগুলেশনকে অমান্য করা হবে।
বিহারের বিশ্ববিদ্যালয় সার্ভিস কমিশনের উদাহরণ দেওয়া হচ্ছে। কিন্তু ওই রাজ্যে ২০১৭ সাল পর্যন্ত রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন, যা সাধারণত সরকারি কর্মচারী নিয়োগ করে, তারাই বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগ করত। তা ছাড়া ওই রাজ্যের কমিশন কেবল অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করে, অ্যাসোসিয়েট প্রফেসর বা প্রফেসর নিয়োগ করতে পারে না। আর কোনও রাজ্যে অধ্যাপক নিয়োগে সার্ভিস কমিশনের অস্তিত্ব নেই।
বিহারে অধ্যাপক নিয়োগের ধাঁচাটি সব থেকে নিম্নমানের। পশ্চিমবঙ্গের লক্ষ্য কি সর্বাপেক্ষা নিম্নমানে পৌঁছানোর জন্য প্রতিযোগিতা করা? আমরা প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় সার্ভিস কমিশনের তীব্র বিরোধিতা করছি এবং অবিলম্বে এই প্রচেষ্টা থেকে বিরত হওয়ার দাবি করছি।
(গণদাবী ৭৯ বর্ষ ১৫ সংখ্যা ২০-২৬ নভেম্বর ২০২৬)