Breaking News

মূল্যবৃদ্ধিতে পুড়ছে মানুষ সব সরকার নির্বিকার

মোদি সরকারের ব্যর্থতার মুকুটে বড় পালকগুলির অন্যতম মূল্যবৃদ্ধি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত দু’বছরের মধ্যে সবচেয়ে বেশি মূল্যবৃদ্ধি ঘটেছে অক্টোবরে– ৬.০৯ শতাংশ হারে। ব্যাপারটা এমন নয় যে, সব জিনিসেরই দাম এই হারে বেড়েছে। খাদ্যপণ্যের দাম বেড়েছে মাত্রাছাড়া হারে। পেঁয়াজের দাম বেড়েছে ১১৬.২২ শতাংশ হারে। এ ছাড়া চাল, আটা, ভোজ্য তেল, চিনির দাম বেড়েছে ব্যাপক হারে। তাই দামবৃদ্ধির গড় হার ৬.০৯ সংখ্যাটি দিয়ে মূল্যবৃদ্ধির ভয়াবহতা বোঝানো যায় না। এই হারটিও নাকি রিজার্ভ ব্যাঙ্কের বেঁধে দেওয়া সহ্যসীমা ৬ শতাংশ ছাড়িয়ে গেছে। ৬ শতাংশ মূল্যবৃদ্ধি যে সহনসীমার মধ্যে– এটাই বা নির্ধারিত হল কী ভাবে? বাস্তবে সরকারের মূল্যসূচক নির্ধারণের প্রক্রিয়াটাই বিভ্রান্তিকর। মূল্যবৃদ্ধি হিসাব করা হয় আগের তিন মাসের মূল্য অনুসারে। ফলে বিগত কয়েক বছর ধরে যে বিপুল মূল্যবৃদ্ধির বোঝা মানুষ বইছে তা স্বীকারই করা হচ্ছে না। বুঝতে হবে আগের পাহাড় প্রমাণ মূল্যবৃদ্ধি ছাপিয়ে মূল্যবৃদ্ধি ঘটেছে। এরপরেও এই বৃদ্ধির কি সহন সীমায় থাকে? থাকলে কোন অংশের মানুষের সহনসীমা? উচ্চ বেতনের চাকরিজীবী, বড় ব্যবসায়ী, ধনী ছাড়া আর কাদের? বোঝাই যায় রিজার্ভ ব্যাঙ্কের কর্তাদের বিবেচনায় নিম্ন আয়ের মানুষেরা ব্রাত্য। যারা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন, যাদের বাঁচার মতো মজুরি নেই, যাদের কাজের ঘণ্টা বাড়ে কিন্তু মজুরি কমে, যারা বেকার, যারা হকারি করে কোনও ক্রমে দিন যাপন করেন, শুভেন্দু-সরকারের বুলডোজারের ধাক্কায় যে লাখ লাখ হকার জীবিকা থেকে উচ্ছেদ হলেন, যে বস্তিবাসীরা ঘর হারালেন তাদের ক্ষেত্রে ১ শতাংশ মূল্যবৃদ্ধিও অসহ্য নয় কি? অথচ সমাজে এই শ্রেণির মানুষের সংখ্যাই ৯০ শতাংশ। সরকারি নীতি-নির্ধারকরা শাসন-পরিচালনার নীতি নির্ধারণের ক্ষেত্রে এদের ধর্তব্যের মধ্যে আনেই না। না হলে ৬ শতাংশ মূল্যবৃদ্ধি সহনীয়, এমন কথা বলতে পারতেন না।

এই মূল্যবৃদ্ধি বিদেশি চক্রান্তে হচ্ছে, এমন কথা অবশ্য সরকারি নেতা-মন্ত্রী-আমলারা কেউ বলেনি। তা হলে এই মূল্যবৃদ্ধির কারণ কী? কারণটি আমাদের দেশে যে পুঁজিবাদী অর্থনীতি চালু আছে তার মধ্যেই খুঁজতে হবে। পুঁজিবাদী অর্থনীতিতে মুনাফার যে নিয়ম তা-ই ক্রমাগত মূল্যবৃদ্ধির রাস্তা তৈরি করছে। এই কারণে পুঁজিবাদের সেবক কোনও সরকারই এটাকে বন্ধ করতে পারে না। পারে না বলেই কংগ্রেস-বিজেপি থেকে শুরু করে রাজ্যে রাজ্যে যে নানা রঙের, নানা মতবাদের সরকার রয়েছে, দু-একটা শুকনো বিবৃতি ছাড়া তারা কেউই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে করতে পারছে না।

সবচেয়ে বেশি বেড়েছে পেঁয়াজের দাম। ১১৬ শতাংশ বেড়ে এখন ৬০ টাকা কেজি। কে বাড়ালো? পেঁয়াজের উৎপাদন তো কম হয়নি। তা হলে কি মজুতদারিই এর কারণ? কারা মজুত করে রেখেছে? কারা কৃত্রিম অভাব তৈরি করে দাম বাড়াচ্ছে? সরকারের গোয়েন্দা দপ্তর, এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট, টাস্ক ফোর্স কী করছে? এরা কিছুই দেখতে পাচ্ছে না– এটা কি বিশ্বাসযোগ্য? ভোজ্য তেলের দাম কেন লাফিয়ে বাড়ছে? কারা এ ভাবে দাম বাড়াচ্ছে সরকার জানে না? সর্ষের তেল সহ গোটা ভোজ্য তেলের বাজারটি আদানিদের নিয়ন্ত্রণে। সরকারের ক্ষমতা রয়েছে আদানিদের অতি মুনাফার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার? রোজের ব্যবহারের ভোগ্যপণের দাম কেন অস্বাভাবিক হারে বাড়ছে? সরকার কেন তা নিয়ন্ত্রণ করে না? শিশু ও রোগীদের জন্য অতি প্রয়োজনীয় দুধের দাম সরকারের অনুমতিতেই বাড়ছে। অর্থাৎ এটা স্পষ্ট যে, একচেটিয়া পুঁজিপতি এবং ব্যবসায়ীদের ইচ্ছামতো দাম বাড়ানোর ছাড়পত্র সরকার দিয়েই রেখেছে। জনগণের অসুবিধা, দুর্দশা কিংবা ক্ষোভ-বিক্ষোভে যেন সরকারের কিছু যায়-আসে না। সরকার পুঁজিপতিদের স্বার্থরক্ষাতেই দায়বদ্ধ, জনগণের স্বার্থরক্ষায় নয়।

পুঁজিবাদী অর্থনীতিবিদরা অনেকেই বলেন, এই ব্যবস্থায় মূল্যবৃদ্ধি স্বাভাবিক। তাঁদের এই বক্তব্য মেনে নেওয়া যেত যদি মূল্যবৃদ্ধির সঙ্গে তাল রেখে সাধারণ মানুষের রোজগারও একই হারে বাড়ত। বাস্তবে জনসাধারণের আয় বাড়া দূরে থাক তা ক্রমাগত কমে চলেছে। এটাকেও তা হলে তাঁরা স্বাভাবিক বলে ঘোষণা করুন। সরকার যদি মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করতে না পারে তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যে যথেষ্ট পরিমাণে ভরতুকি দিচ্ছে না কেন? পুঁজিপতিদের তো তারা হয় কথায় নয় কথায় দেদার ভরতুকি দিয়ে চলেছে। জনগণের জীবনে সামান্য সুরাহাটুকু দিতে যদি সরকার তা না দেয় তবে এই ব্যবস্থা সাধারণ মানুষের আদৌ কোনও প্রয়োজন আছে কি?

যে সমাজতন্তে্রর বিরুদ্ধে মুখ্যমন্ত্রী এবং তাঁর দল উঠতে-বসতে কুৎসা করে চলেছেন, সে সমাজতান্ত্রিক ব্যবস্থায় মূল্যবৃদ্ধির এমন জঘন্য আক্রমণ ছিল না। কারণ এই ব্যবস্থায় পণ্যের দাম বাজার বা মুনাফার উপর নির্ভর করে না। সেখানে জিনিসের দাম চাহিদা ও যোগানের ভিত্তিতে নির্ধারিত হয় না। সমাজতন্তে্র পণ্যের দাম নির্ধারণ করে রাষ্ট্র বা কেন্দ্রীয় পরিকল্পনা কর্তৃপক্ষ, পুঁজিবাদী বাজারের মতো মুনাফাখোরদের হাতে সব ছেড়ে দেয় না। তারা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতা বজায় রাখতে এবং সামাজিক কল্যাণ নিশ্চিত করতে পণ্যের দাম নিয়ন্ত্রণ করে। এই ব্যবস্থায় রাষ্ট্র উৎপাদন ও বণ্টন নিয়ন্ত্রণ করে বলে হুট করে বাজারে মূল্যস্ফীতি হওয়ার সুযোগ কম।

স্বাধীনতার পর থেকেই এসইউসিআই(কমিউনিস্ট) নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাষ্ট্রীয় বাণিজ্যের দাবি তুলে আসছে। রাষ্টে্রর হস্তক্ষেপ ছাড়া যে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ করা যায় না এটা তো স্পষ্ট। কিন্তু পঞ্চাশের দশকে কংগ্রেস সরকার, ষাটের দশকে যুক্তফ্রন্ট সরকার, ৩৪ বছরের সিপিএম সরকার, ১৫ বছরের তৃণমূল সরকার, কেন্দ্রের মোদি সরকার, রাজ্যে শুভেন্দু অধিকারী সরকার সবাই এই গুরুত্বপূর্ণ বিষয়টি এড়িয়ে গিয়েছে। কারণ বৃহৎ ব্যবসায়ীদের, পুঁজিপতিদের সহযোগিতা ছাড়া এই সব দলগুলি ক্ষমতায় বসতে পারে না, শাসন ক্ষমতায় টিকে থাকতে পারে না। এর বিনিময়ে পুঁজিপতিদের অবাধ লুঠের ব্যবস্থা করে দেয় তারা– তাতে জনগণ মরুক আর বাঁচুক! এই অবস্থায় সরকারগুলির দিকে তাকিয়ে থেকে জনগণের জীবনে কোনও সুরাহা নেই। প্রয়োজনে রাস্তায় নেমে আন্দোলনের মধ্য দিয়ে সরকারগুলিকে বাধ্য করতে হবে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে।

(গণদাবী ৭৯ বর্ষ ১৫ সংখ্যা ২০-২৬ নভেম্বর ২০২৬)