Breaking News

খ্রিস্টানদের উপর ছ’মাসে ৬০টি হামলাঃ এ কেমন আইনের শাসন!

২ নভেম্বর কলকাতার মুসলিম ইনস্টিটিউটে খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষদের উপর ক্রমবর্ধমান আক্রমণের প্রতিবাদে অনুষ্ঠিত হল পিপলস ট্রাইবুনাল। রাজ্যে খ্রিস্ট ধর্মাবলম্বী মানুষরা যে কত ভয়ের মধ্যে রয়েছেন, সে দিন রাজ্যের বিভিন্ন অংশ থেকে আসা মানুষজন চোখের জলে তা ব্যক্ত করেন। বোঝা গেল বিজেপি সরকারের ‘ভয় আউট, ভরসা ইন’ স্লোগান কত অন্তঃসারশূন্য ও ফাঁপা।

বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবার রাজ্য সম্পাদক হেরোদ মল্লিক বলেন, গত ৬ মাসে রাজ্যে খ্রিস্টানদের উপর ৬০টির মতো আক্রমণের ঘটনা ঘটেছে। রাজ্যের ৬-৭টি জেলায় হামলাগুলি হয়েছে। এর মধ্যে ১৬টি ক্ষেত্রে এফআইআর করা হয়েছে। যদিও রাজ্যের সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, এই ধরনের আক্রমণের কোনও খবর তাঁর জানা নেই।

রাজ্যের মুখ্যমন্ত্রী মাঝে মাঝে বলেন, রাজ্যে নাকি এখন আইনের শাসন চলছে। সেই আইনের শাসন ঠিক কেমন? ১৩ নভেম্বর ‘দ্য হিন্দু’ পত্রিকায় তার এক টুকরো চিত্র উঠে এসেছে। দক্ষিণ ২৪ পরগণা জেলার বাসন্তী ব্লকের নারায়ণতলা গ্রামে ৩০০টি খ্রিস্টান পরিবারের বাস। সেখানে একটি নতুন গির্জা তৈরির প্রস্তুতির সময়ে বহিরাগত একদল লোক ‘জয় শ্রীরাম স্লোগান’ দিয়ে আক্রমণ করে। মহিলাদেরও তারা ছাড় দেয়নি। পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ২ অক্টোবর প্রার্থনা চলাকালীন ৮০-১০০ জন লোক হামলা চালায়। তারা মহিলাদের চরম অবমাননাকর কথা বলে। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোণাতেও খ্রিস্টান পরিবারগুলির উপর হিন্দু রীতি পালনের জন্য জবরদস্তি করা হয়। নির্দেশ না শুনলে মেরে ফেলা এবং ধর্ষণের হুমকি দেওয়া হয়। পূর্ব মেদিনীপুরের ব্রজনাথচকে চার্চে ৭ সেপ্টেম্বর প্রার্থনার সময় আক্রমণ করা হয়। পশ্চিম বর্ধমানের আসানসোলে আক্রমণ করা হয় ৩১ মে ও ৭ আগস্ট। মেদিনীপুর়ে গির্জাতেও আক্রমণ হয়। অথচ পুলিশ গির্জার পাদ্রীকেই গ্রেফতার করে নিয়ে যায়। ৪১ দিন তাঁকে জেলে থাকতে হয়।

রাজ্যে আইনের শাসন এমনই যে সংখ্যালঘু খ্রিস্টানদের উপর ৬ মাসে ৬০টির বেশি ঘটনা ঘটলেও এবং ১৬টি এফআইআর হলেও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী তথা সরকারের কাছে তার নাকি কোনও খবর নেই। অথচ জোর করে ধর্মান্তরণের ঘটনা ঘটলে সরকারের উচিত তার তদন্ত করে দোষীদের শাস্তি দেওয়া। সে সব কোনও কিছু না করে ঝটিকা বাহিনীর মতো এমন একের পর হামলা ‘আইনের শাসন’ই বটে! খ্রিস্টানদের উপর আক্রমণ কেন? বিজেপি শিবিরের উদ্দেশ্য হল, সংখ্যালঘু মানুষদের মধ্যে একটা ভয়ের পরিস্থিতি ও উগ্র হিন্দুত্বের আবহ তৈরি করা। এতদিন তাদের নিশানা ছিল মুসলমানেরা, এবার যুক্ত হয়েছে খ্রিস্টানরাও। এটাই আরএসএস-বিজেপির কল্পিত হিন্দুরাষ্ট্রের রূপ। তারা এই দেখিয়েই হিন্দু সমাজের ত্রাতা সাজতে চায়। কারণ বিজেপির জনকল্যাণের ঝুড়ি শূন্য। শিল্পায়ন নিয়ে ঢাকঢোল পিটিয়ে ঘোষণার পরই রাজ্য সরকার বলতে শুরু করেছে– ধৈর্য ধরুন। আর যে তোলাবাজিকে বলা হচ্ছে শিল্পায়নের সামনে প্রধান বাধা, সেই তোলাবাজিতে বিজেপি আকণ্ঠ নিমজ্জিত। তাহলে ভোটের জন্য বিজেপির হাতে আর কী রইল, সাম্প্রদায়িকতা ছাড়া!

ভারতের সংবিধানে যে কোন অংশের মানুষের নিজ নিজ ধর্ম বিশ্বাস নিয়ে চলার অধিকার আছে। এটি একটি মৌলিক অধিকার। সংবিধানেও ধর্মনিরপেক্ষতার কথা বলা আছে। কোনও ব্যক্তি কোন ধর্ম গ্রহণ করবে বা করবে না এটা একান্ত ব্যক্তিগত বিষয়। রাষ্ট্র এখানে কোনও ব্যক্তিকে ধর্ম পালন করতে বাধ্য করতে পারে না, আবার না করতে উৎসাহিতও করতে পারে না। রাজ্যের শাসকদল আজ মানুষের ধর্ম পালনের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করছে। বঙ্গীয় খ্রিস্টীয় পরিষেবার অভিযোগ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিষয়টি জানানো হলেও ঘটনা ঘটেই চলেছে।

যারা আজ এ ধরনের ঘটনার শিকার, তাদের মনে রাখতে হবে এটা কোনও বিচ্ছিন্ন বিষয় নয়। বিচ্ছিন্ন কোনও প্রচেষ্টার মাধ্যমে এর থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। সমাজের অন্য সমস্যাগুলির সঙ্গে মিলিয়ে এর সমাধানের চেষ্টা করতে হবে, বৃহত্তর পরিসরে এর মোকাবিলার কথা ভাবতে হবে। একমাত্র সংঘবদ্ধ প্রচেষ্টাতেই এই সমস্যার সমাধান হতে পারে।