
ভারতের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের অধীনে ডিজিটাল এগ্রিকালচার মিশন কৃষকদের কিসান আইডি (এগ্রিস্ট্যাক) নামে এক ধরনের পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা করেছে।
যে কৃষক জমির মালিক তাকেই এই পরিচয়পত্র দেওয়া হবে এবং তা ফার্মার রেজিস্টারে নথিবদ্ধ করা হবে। প্রধানমন্ত্রী কিসান যোজনাতে নাম নথিভুক্ত করার জন্য এই ‘কিসান আইডি’ থাকা বাধ্যতামূলক। ‘কিসান আইডি’ না থাকলে পিএম-কিসান যোজনা ও প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আর্থিক সাহায্য, ন্যূনতম সহায়ক মূল্যে ফসল বিক্রির জন্য নাম নথিভুক্তি, কিসান ক্রেডিট কার্ডের মতো কোনও প্রাতিষ্ঠানিক ঋণ, দলিলবিহীন শস্য ঋণ এবং প্রাকৃতিক দুর্যোগে ও রাজ্য সরকারের কৃষক-বন্ধু যোজনার সাহায্য পাওয়া যাবে না। অর্থাৎ যে কৃষক অন্যের জমি লিজ বা ভাগে নিয়ে চাষ করেন তাঁরা এই ধরনের কোনও সাহায্যই পাবেন না।
সরকারি সংস্থা এনএসও-র রিপোর্ট বলছে, চাষি-পরিবারগুলির ২২ শতাংশ নথিবদ্ধ লিজ চাষি। নথিবদ্ধ নয় এমন চাষি-পরিবারের সংখ্যা যুক্ত করলে লিজ চাষির সংখ্যা মোট চাষির ৫০ শতাংশের বেশি। ভাগচাষির সংখ্যা এখন পশ্চিমবঙ্গে খুবই কম। মূলত ভূমিহীন খেতমজুররা জমির মালিকদের কাছ থেকে স্বল্প মেয়াদে লিজ নিয়ে চাষ করেন। রাজ্যে ১৫ শতাংশ বর্গাচাষি ধরে লিজচাষি, ভাগচাষি ও বর্গাচাষি মিলে মোট চাষির প্রায় ৬৫ থেকে ৭০ শতাংশ হবে। তার মানে মোট চাষির ৫৬ থেকে ৭০ শতাংশ ‘কিসান আইডি’র সাথে যুক্ত সমস্ত সুবিধা থেকে বঞ্চিত হবেন। একে তো সার, বীজ, কীটনাশক, ডিজেল, বিদ্যুৎ সহ সমস্ত কৃষি উপকরণ আজ কর্পোরেট পুঁজির দখলে। তারা সরকারি সিলমোহর দিয়ে অস্বাভাবিক হারে এর দাম বাড়াচ্ছে। অন্য দিকে চাষি ফসলের লাভজনক দাম না পেয়ে ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যা করছে।
এই পরিস্থিতিতে অল ইন্ডিয়া কিসান খেতমজদুর সংগঠন (এআইকেকেএমএস)-এর পক্ষ থেকে দাবি তোলা হয়েছে, লিজচাষি, ভাগচাষি ও বর্গাচাষিদেরও ‘কিসান আইডি’ দেওয়ার জন্য সরকারি দপ্তরে ব্লকভিত্তিক নাম নথিভুক্ত করতে হবে।
দাবি মানা না হলে লিজচাষি, ভাগচাষি ও বর্গাচাষিদের দল-মত নির্বিশেষে সঙ্ঘবদ্ধ হয়ে এই নীতি প্রতিহত করার এবং এলাকায় এলাকায় আন্দোলনের কমিটি গঠন করে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে।