
সাংবাদিক, চিত্র সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত হয়ে গেল এ বছরের ‘মিলন আসর’। ১৩ নভেম্বর কলকাতার সুবর্ণবণিক সমাজ হলে অনুষ্ঠিত এই আসরে বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিক, চিত্র সাংবাদিকরা মেতে উঠলেন গান কবিতা গল্প আড্ডায়। হল পরস্পর মতবিনিময়, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা। উপহার হিসেবে অতিথিদের দেওয়া হল একগুচ্ছ বই। সঙ্গে মিষ্টির প্যাকেট, চা-কফি। মিলন আসরের এ বার ছিল তৃতীয় বছর।
অনেকেই বললেন, বর্তমানে যেখানে অতিথিদের মন ভরাতে দেওয়া হয় নানা দামি উপহার সেখানেও আপনারা ব্যতিক্রমী। কেউ বললেন, আপনাদের এই বই উপহারের জন্য অপেক্ষা করে থাকি। কেউ আর জি কর আন্দোলনে দলের এবং দলের সঙ্গে যুক্ত চিকিৎসকদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করলেন। কেউ মিলন আসরের অনাড়ম্বর অথচ আন্তরিকতায় পূর্ণ দিকটি যে বিশেষ ভাবে আকর্ষণ করেছে তার উল্লেখ করলেন। এক টিভি চ্যানেলের সাংবাদিক বললেন, আপনাদের আন্দোলনের খবর করতে করতে কখন যেন নিজেরাই আন্দোলনকারী হয়ে গেছি। আপনাদের সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে গেছে। জনপ্রিয় এক সংবাদপত্রের সাংবাদিক বললেন, আমাদের দেশে দু’ধরনের সাম্যবাদী আছে। এক ধরনের সাম্যবাদী যাঁরা বত্তৃতায় অনেক বড় বড় কথা বলেন, কিন্তু ব্যক্তিগত জীবনে চূড়ান্ত ভোগী। আপনাদের সঙ্গে দীর্ঘ দিন মিশতে মিশতে এই পার্থক্যটা স্পষ্ট বুঝতে পারা যায়। এক চিত্রসাংবাদিক দলের আন্দোলনে মহিলা কর্মীদের বলিষ্ঠ এবং সাহসী লড়াইয়ের অভিজ্ঞতার কথা তুলে ধরলেন। এক সাংবাদিক বললেন, বিজেপির বিরুদ্ধে আদর্শগত লড়াইটা আপনারাই লড়ছেন। এই লড়াইটা চালিয়ে যান। আপনাদের উপর পূর্ণ ভরসা আছে। এক সিনিয়র চিত্রসাংবাদিক বললেন, আপনাদের সঙ্গে আন্দোলনে যুক্ত হতে ইচ্ছা করে। কিন্তু পেশার জন্য পারি না। তাই ছবি তোলার কাজ হয়ে গেলেও মিছিলে শেষ পর্যন্ত হাঁটি। প্রায় সকলেই বললেন, এই আসরে যোগ না দিলে একটা সুন্দর পরিবেশ থেকে বঞ্চিত হতাম।
এ বার অতিথিদের উপহার হিসেবে দেওয়া হয় মহান সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মের দেড়শো বছর এবং তাঁর কালজয়ী উপন্যাস ‘পথের দাবী’র একশো বছর উপলক্ষে শরৎচন্দ্রের ছবি এবং উদ্ধৃতি সংবলিত একটি স্মারক এবং ‘গোল্ডেন বুক অফ বিদ্যাসাগর’, ‘দেশনায়ক সুভাষচন্দ্র’, ‘ভারত ছাড়ো আন্দোলন– হিন্দু মহাসভা-মুসলিম লিগের এক সুর’, ‘শতবর্ষে মহান নভেম্বর বিপ্লব’, ‘সমাজতন্ত্র কেন চাই– বিশিষ্টদের ভাবনায়’ পুস্তকগুলি। মিলন আসরে উপস্থিত ছিলেন এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য, অমিতাভ চট্টোপাধ্যায়, অধ্যাপক তরুণকান্তি নস্কর, ডাঃ তরুণ মণ্ডল, ডাঃ মৃদুল সরকার, ডাঃ বিপ্লব চন্দ্র, সমরেন্দ্র প্রতিহার, ডাঃ অনিকেত মাহাতো প্রমুখ।