Breaking News

দূষণ প্রতিরোধ এবং প্রাকৃতিক সম্পদ রক্ষার আন্দোলনে একজোট হচ্ছেন পুরুলিয়ার মানুষ

পলাশের রং, পাহাড়ের ঢেউ, ছৌ-ঝুমুরের ঐতিহ্য আর নির্মল বাতাস নিয়ে পুরুলিয়ায় এক সময় ছিল প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সহাবস্থান। স্বাস্থ্য উদ্ধারের আশায় একসময় শহরের মানুষ ছুটে আসতেন ছোটনাগপুর মালভূমির এই জেলায়। কিন্তু সেই পুরুলিয়ার আকাশ-বাতাস আজ ধোঁয়া, ধুলো ও শিল্পবর্জ‌্যের চাপে ক্রমশ ভারী হয়ে উঠছে। প্রাকৃতিক সৌন্দর্যের জেলা এখন দূষণের বিষে জর্জরিত।

বর্তমানে ১৭টিরও বেশি স্পঞ্জ আয়রন, ২০টির বেশি সাদা কোয়ার্জ পাথর গুঁড়ো করার রামিং মাস কারখানা, অসংখ্য পাথর খাদান ও ক্রাশার, সিমেন্ট কারখানা, যত্রতত্র রাস্তার ধারে অবৈধ ডাম্পিং গোটা জেলাকে বিষিয়ে তুলেছে। সামগ্রিক ভাবে এই জেলায় অতিদূষণ সৃষ্টিকারী রেড ক্যাটাগরির শিল্পের সংখ্যা ইতিমধ্যেই ২২০ ছাড়িয়েছে। এর ফলে গত বছর রঘুনাথপুর মহকুমায় বাতাসের দূষণমাত্রার সূচক ‘একিউআই’ প্রায় ৩০০ হয়ে গিয়েছিল। বাতাসে ‘পিএম ২.৫’ কণার পরিমাণ বিপজ্জনক ভাবে বাড়ছে। মাটি ও জলসম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে বিপন্ন হচ্ছে মানুষের স্বাস্থ্য ও জীবিকা।

সম্প্রতি নেতুড়িয়া ব্লকের একটি কারখানার দূষণকে কেন্দ্র করে প্রায় ১৯ জন শ্রমিকের মৃত্যুর ঘটনা এবং ১৬ জন শ্রমিকের সিলিকোসিসে আক্রান্ত হওয়ায় উদ্বেগ আরও বাড়িয়েছে। আক্রান্ত শ্রমিকদের পরিবারে নেমে এসেছে অনিশ্চয়তা, চিকিৎসার খরচ এবং ভবিষ্যৎ নিয়ে গভীর আতঙ্ক। তাঁদের অভিজ্ঞতা বলছে, শিল্পের ধোঁয়া শুধু পরিবেশ নয়, মানুষের শরীর ও সংসারও গ্রাস করছে।

কারখানা সংলগ্ন গ্রামগুলোতে কালো হয়ে যাচ্ছে পুকুরের জল, মাঠ, ঘাস, পাতা, বাড়ির ছাদ, রাস্তাঘাট। কালো ঘাস খেয়ে গবাদিপশু মৃত বাচ্চা প্রসব করছে। পুকুরের জল ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। মাছ চাষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সব্জি চাষ প্রায় বন্ধ। ধান চাষ করেও অর্ধেক দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে।

এমনকি এই সব কারখানা পরিচালনার জন্য অপরিকল্পিতভাবে মাটির হাজার হাজার ফুট নিচ থেকে তুলে নেওয়া হচ্ছে ভূগর্ভস্থ জল। শুকিয়ে যাচ্ছে গোটা এলাকার পানীয় জলের টিউবওয়েল। সৃষ্টি হচ্ছে পানীয় জলের হাহাকার। বিশেষ করে রঘুনাথপুর মহকুমার মহুদা, কাশিবেড়া, হাড়মাড্ডি, মদনডি, ইনানপুর, বেনীপুর, ঝনকা, দিগারডি, লছমনপুর, হেডডি, পর্বতপুর, পাহাড়িবেড়া, আরাডাঙা সহ পঞ্চাশটির বেশি গ্রামে দূষণের প্রকোপ এতটাই যে, গ্রামে থাকা অসহনীয় হয়ে উঠেছে।

এইরকম পরিস্থিতিতেও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নজরদারি নামমাত্র। এমনকি আড়ষা থানার অন্তর্গত একটি কারখানা ১০ বছরের বেশি সময় ধরে জরিমানা দিয়ে দূষণ ঘটিয়ে আসছে।

এই উদ্বেগের মধ্যেই জেলায় আরও কয়েকটি রেড ক্যাটাগরির স্পঞ্জ আয়রন কারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে মানুষের জীবন ও স্বাস্থ‌্যের নিরাপত্তা নিশ্চিত না করে কী ভাবে আবারও নতুন দূষণকারী শিল্প স্থাপনের অনুমতি দেওয়া হচ্ছে?

সম্প্রতি রঘুনাথপুরের দুরমুট ও জোরাডি মৌজায় এমনই একটি কারখানার শিলান্যাস করেছেন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী। এলাকার মানুষের অভিযোগ, ক্ষমতায় আসার আগে তিনিই এই ধরনের মারণ কারখানা বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সরকারের অবস্থান পরিবর্তনে তাই ক্ষুব্ধ ও হতবাক জেলার সাধারণ মানুষ।

এমনকি স্থানীয় বাসিন্দাদের মতামত উপেক্ষা করে জনবসতিপূর্ণ এলাকার অত্যন্ত কাছে প্রস্তাবিত কারখানার সীমানা প্রাচীর নির্মাণের কাজও চলছে। পরিবেশগত ছাড়পত্রের জন্য প্রয়োজনীয় জনশুনানির নামে হয়েছে প্রহসন। গত ৪ আগস্ট জনশুনানিতে এলাকার বহু মানুষ অংশ নিতে চাইলেও তাঁদের প্রবেশ করতে দেওয়া হয়নি, যা সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়েছে। শুধুমাত্র মালিকের পেটোয়া কিছু লোক নিয়ে হয়েছে জনশুনানি। এই প্রহসনের পুনরাবৃত্তি ঘটে গত ২৮ অক্টোবর। ফলে উন্নয়নের নামে জনমতকে উপেক্ষা করে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হচ্ছে।

স্থানীয় মানুষের বক্তব্য, তাঁরা শিল্পবিরোধী নন। তাঁরা এমন শিল্প চান যেখানে প্রকৃত কর্মসংস্থান হবে, যা তাঁদের স্বাস্থ্য, জমি, জল ও ভবিষ্যৎ ধ্বংস করবে না। তাঁদের দাবি, দূষণসৃষ্টিকারী শিল্পের বদলে শ্রমনিবিড় ও পরিবেশবান্ধব শিল্প গড়ে উঠুক।

এই ভয়ঙ্কর পরিস্থিতিতে বিভিন্ন সামাজিক, বিজ্ঞান ও পরিবেশ রক্ষা সংগঠনের যৌথ উদ্যোগে গড়ে উঠেছে ধারাবাহিক দূষণবিরোধী আন্দোলন। গড়ে উঠেছে আন্দোলনের হাতিয়ার ‘‘রঘুনাথপুর মহকুমা দূষণবিরোধী ও প্রাণ প্রকৃতি রক্ষা মঞ্চ’’। এই মঞ্চের উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্তে সভা, মিছিল, ডেপুটেশন, প্রচার ও গণস্বাক্ষর কর্মসূচির মাধ্যমে মানুষকে সংগঠিত করা হচ্ছে। আন্দোলনকারীদের স্পষ্ট দাবি, পুরুলিয়ায় আর কোনও নতুন রেড ক্যাটাগরির দূষণকারী শিল্প নয়, চাই গ্রিন ক্যাটাগরির পরিবেশবান্ধব শিল্প, চাই শ্রমনিবিড় কর্মসংস্থান, চাই সুস্থ পরিবেশে মানুষের কাজ ও বেঁচে থাকার অধিকার। চাই পাহাড় ও জঙ্গলের স্বাভাবিক চরিত্র অক্ষুণ রেখে পর্যটন শিল্প।

এই আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের বিভিন্ন বিজ্ঞান, মানবাধিকার, সামাজিক ও গণসংগঠন। সমর্থন জানিয়েছেন বিশিষ্ট বিজ্ঞানী, চিকিৎসক, আইনজীবী, পরিবেশবিদ এবং মানবাধিকার কর্মীরাও। তাঁদের বক্তব্য, উন্নয়নের পরিকল্পনায় স্থানীয় মানুষের মতামত, পরিবেশ এবং জনস্বাস্থ‌্যের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

রঘুনাথপুর মহকুমা দূষণবিরোধী ও প্রাণ প্রকৃতি রক্ষা মঞ্চের অন্যতম আহ্বায়ক স্বদেশপ্রিয় মাহাত ও রাজেন টুডু বলেন, সরকার ও কারখানার মালিক গোষ্ঠী পুরুলিয়া জেলার মানুষের সাথে প্রতারণা করে চলেছে। বিগত প্রায় দুই দশক ধরে দূষণ নিয়ন্ত্রণে কোনও ভূমিকা পালন করেনি। কর্মসংস্থান, উন্নয়ন এগুলো হাস্যকর কথায় পর্যবসিত হয়েছে। অন্যদিকে পাহাড় কাটা, গ্রানাইট উত্তোলন, বৃক্ষচ্ছেদন, ওপেন কাস্ট মাইনিং এর নামে পুরুলিয়া জেলার প্রাকৃতিক সম্পদের লুটতরাজ চলছে। মঞ্চ এর বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলছে। গত ১২ অক্টোবর মহকুমা শাসক দপ্তরে ডেপুটেশন কর্মসূচিতে ১৭টি সংগঠনের সহযোগিতা এবং হাজার হাজার মানুষের উপস্থিতি আন্দোলনকে অনুপ্রাণিত করেছে। তাঁরা সমগ্র রাজ্যবাসীর কাছে, পুরুলিয়ার মানুষের এই লড়াইয়ের পাশে দাঁড়ানোর আবেদন করেছেন। এই লড়াই শুধু দূষণের বিরুদ্ধে নয়, এই লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই, বেঁচে থাকার লড়াই।