
এবারের শারদোৎসবে একদিকে যেমন পশ্চিমবাংলার বিভিন্ন বুকস্টলের ওপর হামলা, বই ছুঁড়ে ফেলা, বইকে পদদলিত করার মতো ঘটনা ঘটেছে, তেমনই এই আক্রমণকে চূড়ান্ত ধিক্কার জানিয়ে দলে দলে সাধারণ মানুষ বামপন্থী দলগুলির বইয়ের স্টলে এসে বই কিনেছেন, অন্যকে বই কিনতে বলেছেন, সদ্য কেনা বই হাতে সোশ্যাল মিডিয়ায় ছবিও পোস্ট করেছেন। তার মধ্যে একটি বইয়ের ছবি বারবার দৃষ্টি আকর্ষণ করেছে সবার। সাদা মলাটের ওপর শিল্পীর তুলির টানে উড্ডীন এক সারি লাল পতাকা, সে পতাকা বহন করে চলছে এক দল মানুষ। বইয়ের নাম ‘সমাজতন্ত্র কেন চাই– বিশিষ্টজনেদের ভাবনায়’। প্রকাশক, ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও।
সমাজতন্ত্র চাই, এ ছিল এক সময় আবিশ্ব মুক্তিকামী মানুষের প্রত্যয়, স্বপ্ন। সোভিয়েত ইউনিয়ন মাটি পৃথিবীর বুকে যে শোষণহীন স্বর্গরাজ্য প্রতিষ্ঠা করেছিল, মার্ক্সবাদী-অমার্ক্সবাদী নির্বিশেষে সমস্ত গণতান্ত্রিক চেতনা সম্পন্ন মানুষ দু’হাত তুলে তাকে সমর্থন করেছেন। এই বাংলার ঘরে ঘরে ঢুকে পড়েছে জয়া শুরা, ইভান, চুক আর গেক-এর মতো সোভিয়েত বই। পতিসরের দরিদ্র চাষি যেমন মনে করেছে এ দেশে লেনিনের মতো একজন নেতা জন্মালে মানুষের দুঃখ দূর হত (সূত্রঃ পিতৃস্মৃতি, রথীন্দ্রনাথ ঠাকুর), তেমনি রবীন্দ্রনাথ, রমাঁ রলাঁ, আইনস্টাইন, বার্নার্ড শ-এর মতো বিশ্বের মহান মানবতাবাদী ব্যক্তিরা সমাজতান্ত্রিক রাশিয়ার প্রতি গভীর আশা-ভরসা ব্যক্ত করেছেন। আজকের তরুণ প্রজন্মের অনেকেই সেই গৌরবোজ্জ্বল অতীতকে জানেন না। অন্যদিকে আছে পুঁজিবাদী দুনিয়ার অহরহ সমাজতন্ত্র বিরোধী প্রচার, সমাজতন্ত্রকে অচল-অবাস্তব বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা। অথচ দেশের কোটি কোটি বঞ্চিত-নিপীড়িত মানুষের জীবন যন্ত্রণাকে, মুক্তির আকাঙক্ষাকে কোনও প্রচার দিয়েই আড়াল করা যাচ্ছে না। এরকম একটা সময় দু মলাটের মধ্যে সমাজতন্তে্রর মহত্ত্বকে তুলে ধরা, বিশ্বমনীষার আলোয় সমাজতন্তে্রর যৌক্তিকতা এবং প্রয়োজন মানুষের সামনে নিয়ে আসার চেষ্টা জরুরি এবং অভিনন্দনযোগ্য।
বইটির সূচিপত্রে ৩৮ জন বিখ্যাত ব্যক্তিত্বের নামের তালিকা দেখলেই বোঝা যায়, সমাজতন্ত্রের আবেদন ছিল বিশ্বজনীন। সাহিত্য, দর্শন, বিজ্ঞান, শিল্প সংস্কৃতি, রাজনীতি, সমাজচিন্তার অগ্রপথিকদের সমাজতন্ত্র সম্বন্ধে বক্তব্য এই সংকলনে স্থান পেয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, প্রেমচন্দ, মানিক বন্দ্যোপাধ্যায় যেমন আছেন, তেমনই আছেন অ্যালবার্ট আইনস্টাইন, জে ডি বার্নাল, ডাঃ নর্মান বেথুন, সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং, জওহরলাল নেহরু, রাহুল সাংকৃত্যায়ন, মাওলানা ভাসানী, মেঘনাদ সাহা, ডি ডি কোসাম্বী, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়, জসিমউদ্দিন, সুকান্ত ভট্টাচার্য, সুভাষ মুখোপাধ্যায়, বুদ্ধদেব বসু, শিবরাম চক্রবর্তী প্রমুখ।
এ ছাড়াও রোমাঁ রোলাঁ, ম্যাক্সিম গোর্কি, বার্নার্ড শ, রোজা লুক্সেমবার্গ, পল রবসন, চার্লি চ্যাপলিন, হেলেন কেলার, পাবলো নেরুদা, নেলসন ম্যান্ডেলা, আনা লুই স্ট্রং, ইলিয়া এরেনবুর্গ, ইরিনা স্কারিয়াতিনা এবং ওয়েব দম্পতির মতো ব্যক্তিত্বের নাম এই সংকলনকে আন্তর্জাতিক ব্যাপ্তি দিয়েছে। এঁদের অনেকেই মার্ক্সবাদী বা কমিউনিস্ট ছিলেন না। তাঁদের রাজনৈতিক অবস্থান, জীবনদর্শন ও চিন্তার পথও এক ছিল না। কিন্তু মানুষের মুক্তি, শোষণ ও বৈষম্যের অবসান, শ্রমের মর্যাদা, সামাজিক ন্যায় এবং উন্নততর মানবসভ্যতার আকাঙক্ষা তাঁদের অনেকের চিন্তাকে এক বৃহত্তর মানবিক সূত্রে যুক্ত করেছে।
রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৩০ সালে সোভিয়েত রাশিয়া ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে লেখা তাঁর ‘রাশিয়ার চিঠি’-তে নতুন সমাজ নির্মাণের যে অভিজ্ঞতা তুলে ধরে লিখেছিলেন, ‘রাশিয়ায় এসেছি, না এলে এ জন্মের তীর্থদর্শন অত্যন্ত অসমাপ্ত থাকত’। রাশিয়ার সাধারণ মানুষের শিক্ষা, সামাজিক উন্নয়ন এবং অল্প সময়ে দীর্ঘদিনের নিরক্ষরতা ও কুসংস্কার কাটিয়ে ওঠার উদ্যোগ তাঁকে গভীরভাবে আলোড়িত করেছিল। তাঁর বিস্ময়ের ভাষায়, কটা বছরের মধ্যে এই মূঢ়তার অক্ষমতার অভ্রভেদী পাহাড় নড়িয়ে দিলে যে কী করে, তা ভেবে তিনি বিস্মিত। এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে তিনি বুঝেছিলেন, যুগ যুগ ধরে বঞ্চিত মানুষকে শিক্ষা ও সামাজিক অগ্রগতির সুযোগ দিলে কত দ্রুত পরিবর্তন সম্ভব। রবীন্দ্রনাথের এই প্রত্যক্ষ উপলব্ধি সমাজ পরিবর্তনের সম্ভাবনা সম্পর্কে এক অসাধারণ দলিল।
বিশিষ্ট মানবতাবাদী সাহিত্যিক প্রেমচন্দ, যাঁর উর্দু ও হিন্দি সাহিত্যের মূল উপজীব্য ছিল নিপীড়িত মানুষের জীবন, সমাজতন্তে্রর ঐতিহাসিক তাৎপর্য উপলব্ধি করেছিলেন। তাঁর বক্তব্য, বিংশ শতাব্দী সমাজতন্ত্রের শতাব্দী। এটি শুধু একটি ভবিষ্যদ্বাণী নয়, শোষণ ও বৈষম্যের অবসানের আকাঙক্ষারই প্রকাশ। কাজী নজরুল ইসলামের কবিতায় শোষণ ও শ্রেণি বৈষম্যের বিরুদ্ধে যে প্রতিবাদ ধ্বনিত হয়েছে, তা বাংলা সাহিত্যে অনন্য। তিনি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের সঙ্গীত ‘দ্য ইন্টারন্যাশনাল’-এর প্রথম বাংলা অনুবাদও করেছিলেন। মানুষের পরিচয় ধর্ম, জাতি কিংবা সম্পদে নয়, মানুষ হিসেবেই মানুষের মর্যাদা প্রতিষ্ঠার যে আহ্বান তাঁর কবিতায় উচ্চারিত হয়েছে, তা আজও সমান প্রাসঙ্গিক।
এ দেশের কমিউনিস্ট রাজনৈতিক শিবিরের সঙ্গে কবি বুদ্ধদেব বসুর একাত্মতা ছিল না। তিনিও রাশিয়ার নতুন সমাজ নির্মাণের অভিজ্ঞতা দেখে তাকে ‘একটি নতুন সভ্যতার জন্মভূমি’ বলে অভিহিত করেছিলেন। আবার রম্যসাহিত্যের বিশিষ্ট ব্যক্তিত্ব শিবরাম চক্রবর্তী তাঁর ‘মস্কো বনাম পণ্ডিচেরী’ রচনায় কমিউনিজমের অবদান প্রসঙ্গে লিখেছিলেন, ‘অর্থ-লোকে সে আনতে চায় স্বাচ্ছন্দ্য, অন্তরলোক সচ্ছন্দ্য হবে তার ফলেই’। রসিকতার আবরণে তাঁর এই বক্তব্যের মধ্যে মানুষের সামগ্রিক স্বাচ্ছন্দ্য ও মুক্তির একটি গভীর উপলব্ধি রয়েছে।
স্বামী বিবেকানন্দের ভাই, স্বাধীনতা সংগ্রামী ভূপেন্দ্রনাথ দত্ত দীর্ঘ সময় সমাজতান্ত্রিক রাশিয়ায় কাটিয়েছিলেন। তাঁর অভিজ্ঞতার নির্যাসে উঠে এসেছে এক তাৎপর্যপূর্ণ উপলব্ধি– ‘মুক্তির পূজারী বলশেভিকরাই মুক্তির সন্ধান জগতের নির্যাতিত ও বদ্ধ জাতিদের প্রদর্শন করিতেছে।’ সোভিয়েত সমাজতন্তে্রর প্রভাব যে এশিয়ার পরাধীন ও নির্যাতিত মানুষের মুক্তির আকাঙক্ষাকে আলোড়িত করেছিল, তাঁর বক্তব্যে সেই স্বীকৃতি পাওয়া যায়।
ভারতের বিপ্লবী স্বাধীনতা সংগ্রামী ভগৎ সিং-এর সমাজতান্ত্রিক চিন্তা ছিল আরও সুস্পষ্ট। ‘To Young Political Workers’ চিঠিতে তিনি বুঝিয়েছিলেন, শুধু বিদেশি শাসকের পরিবর্তন নয়, শোষণমূলক সমাজব্যবস্থার আমূল পরিবর্তন ঘটিয়ে সমাজতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠাই বিপ্লবের লক্ষ্য। একই ভাবে সুভাষচন্দ্র বসুও রাজনৈতিক স্বাধীনতার পাশাপাশি অর্থনৈতিক সাম্য ও পরিকল্পিত সমাজগঠনের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। সমাজতান্ত্রিক রাশিয়ার অভিজ্ঞতা তাঁকে গভীরভাবে আকৃষ্ট করেছিল। তাঁর আন্তর্জাতিকতাবাদী দৃষ্টিভঙ্গির পরিচয় মেলে এই বক্তব্যে– ‘আমরা জাতীয়তাবাদী, আমরা আন্তর্জাতিকতাবাদীও বটে’। কমিউনিস্ট আদর্শ ও সমাজতান্ত্রিক সমাজ নির্মাণের প্রয়াসের প্রতি তাঁর শ্রদ্ধার কথাও এই সংকলনে বিশেষভাবে উঠে এসেছে।
বিশ্ববিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ১৯৪৯ সালে ‘Why Socialism?’ নামে একটি প্রবন্ধ লিখেছিলেন। সেখানে তিনি পুঁজিবাদী ব্যবস্থায় সম্পদ ও ক্ষমতার কেন্দ্রীভবন, মুনাফার প্রতিযোগিতা এবং শ্রমজীবী মানুষের শোষণের বিশ্লেষণ করেন। তাঁর বক্তব্যের নির্যাস ছিল, পুঁজিবাদী সমাজের গুরুতর অর্থনৈতিক ও সামাজিক সমস্যাগুলির সমাধানের জন্য সমাজতান্ত্রিক অর্থনীতির প্রয়োজন। পরিকল্পিত অর্থনীতির পাশাপাশি ব্যক্তিস্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার বিষয়টিও তিনি গুরুত্ব দিয়েছিলেন।
মার্কিন মানবতাবাদী হেলেন কেলার সমাজতন্তে্রর প্রতি নিজের আকৃষ্ট হওয়ার অভিজ্ঞতা তুলে ধরেছিলেন তাঁর ‘How I Became a Socialist’ প্রবন্ধে। মানুষের দারিদ্র, বৈষম্য ও বঞ্চনার কারণ অনুসন্ধান করতে গিয়ে তিনি উপলব্ধি করেছিলেন, ব্যক্তিগত দয়া বা দানের পথে নয়, সামাজিক ব্যবস্থার পরিবর্তনই মানুষের মুক্তির প্রকৃত পথ। বিশ্ববরেণ্য শিল্পী পল রবসন বর্ণবৈষম্য ও শ্রমিকশোষণের বিরুদ্ধে নিজের শিল্পীজীবন ও রাজনৈতিক অবস্থানকে যুক্ত করেছিলেন। চিলির কবি পাবলো নেরুদার কবিতায় শ্রমজীবী মানুষের সংগ্রাম, সাম্রাজ্যবাদবিরোধিতা ও শোষণমুক্তির আকাঙক্ষা এক গভীর কাব্যিক প্রকাশ পেয়েছে। এঁদের জীবন ও চিন্তা প্রমাণ করে, সমাজতন্ত্র কোনও ভৌগোলিক সীমারেখায় আবদ্ধ নয়। এর আবেদন বিশ্বজনীন। বিজ্ঞানী মেঘনাদ সাহা বিজ্ঞানকে দেশের অর্থনৈতিক ও সামাজিক পরিকল্পনার সঙ্গে যুক্ত করার প্রয়োজনীয়তা তুলে ধরেছিলেন। ডি ডি কোসাম্বী ইতিহাসকে উৎপাদনব্যবস্থা, অর্থনৈতিক সম্পর্ক ও শ্রেণিবিন্যাসের আলোকে বিশ্লেষণ করে দেখিয়েছিলেন, সমাজের ইতিহাস বুঝতে হলে সাধারণ মানুষের জীবন ও শ্রমের ইতিহাসকে জানতে হয়। রোমাঁ রোলাঁর মানবতাবাদী চিন্তা, ম্যাক্সিম গোর্কির শ্রমজীবী মানুষের জীবনসংগ্রাম এবং চার্লি চ্যাপলিনের চলচ্চিত্রে পুঁজিবাদী শিল্পসভ্যতার অসঙ্গতির প্রকাশও এই বৃহত্তর আলোচনাকে সমৃদ্ধ করে।
এই মনীষীদের চিন্তা দেখায়– সমাজতন্ত্র কেবল একটি রাজনৈতিক মতাদর্শের প্রশ্ন নয়, তা মানবসভ্যতার ভবিষ্যতের সঙ্গে জড়িত। আসলে সমাজতন্ত্রের সাথে জাড়িয়ে আছে মানুষের শ্রমের মর্যাদা, সম্পদের অধিকার, সামাজিক ন্যায়, স্বাধীনতা এবং উন্নততর মানবসভ্যতা নির্মাণের প্রশ্ন।
আজকের পৃথিবীতে একদিকে মুষ্টিমেয় মানুষের হাতে বিপুল সম্পদ ও ক্ষমতার কেন্দ্রীভবন, অন্যদিকে কোটি কোটি মানুষের বেকারত্ব, দারিদ্র, অনাহার ও অনিশ্চয়তা– সমাজে তৈরি করেছে ভারসাম্যের সঙ্কট। যে শ্রমিকের শ্রমে কলকারখানা চলে, যে কৃষকের শ্রমে খাদ্য উৎপাদিত হয়, যে সাধারণ মানুষের শ্রমে সভ্যতা এগিয়ে চলে, সেই মানুষই কেন নিজের জীবনের নূ্যনতম নিরাপত্তা পাবে না? কেন শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও কর্মসংস্থান মানুষের মৌলিক অধিকার না হয়ে ক্রমশ বাজারের পণ্যে পরিণত হবে? উৎপাদনের সঙ্গে যাঁদের জীবন ও শ্রম অঙ্গাঙ্গিভাবে যুক্ত, সমাজের সম্পদ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাঁদেরই অধিকার কেনপ্রতিষ্ঠিত হবে না?
এই বৈপরীত্যের অবসানের প্রশ্ন থেকেই সমাজতন্তে্রর প্রয়োজনীয়তা সামনে আসে। উৎপাদনের উপকরণ ও সামাজিক সম্পদের ওপর মুষ্টিমেয় মালিকের একচ্ছত্র নিয়ন্ত্রণের পরিবর্তে বৃহত্তর জনগণের অধিকার প্রতিষ্ঠা, শোষণের অবসান এবং মানুষের প্রয়োজনকে অর্থনৈতিক ব্যবস্থার কেন্দ্রে নিয়ে আসাই সমাজতান্ত্রিক সমাজের মৌলিক লক্ষ্য। এটি নিছক সম্পদ বণ্টনের প্রশ্ন নয়, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, সমাজের উৎপাদনব্যবস্থা এবং রাষ্ট্র ও অর্থনীতির চরিত্র পরিবর্তনের প্রশ্ন।
আজকের পৃথিবীতে যুদ্ধ, সাম্রাজ্যবাদী আগ্রাসন, ধর্মীয় উন্মাদনা, জাতিগত বিদ্বেষ, পরিবেশ ধ্বংস এবং লাগামছাড়া মুনাফার প্রতিযোগিতা মানবসভ্যতাকে গভীর সংকটের দিকে ঠেলে দিচ্ছে। আমাদের দেশেও বেকারত্ব, মূল্যবৃদ্ধি, শ্রমিক-কৃষকের অধিকার হরণ, শিক্ষার সুযোগের বৈষম্য এবং সামাজিক বিভাজনের মধ্য দিয়ে সাধারণ মানুষের জীবন ক্রমশ দুর্বিষহ হয়ে উঠছে। এই সঙ্কট থেকে মুক্তি এই উৎপাদন ব্যবস্থার মধ্যে নেই।
সেই কারণে অপপ্রচারের কোরাস সত্ত্বেও মুক্তির সন্ধান পেতে সমাজতন্তে্রর প্রতি এত আকর্ষণ। ‘সমাজতন্ত্র কেন চাই– বিশিষ্টজনদের ভাবনায়’ শুধু একটি বইয়ের নাম নয়, এটি আজকের সময়ের সামনে একটি জরুরি প্রশ্ন। অতীতের মনীষীদের চিন্তাকে বর্তমানের বাস্তবতার সঙ্গে মিলিয়ে দেখা, তাঁদের বক্তব্যের ঐতিহাসিক প্রেক্ষাপট বোঝা এবং সমাজতন্তে্রর বৈজ্ঞানিক ভিত্তি ও প্রয়োজনীয়তা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই সংকলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
(গণদাবী ৭৯ বর্ষ ১৫ সংখ্যা ২০-২৬ নভেম্বর ২০২৬)