
এসআইআর-এর নামে গণতান্ত্রিক অধিকার হরণ ও মানুষকে আতঙ্কগ্রস্ত করার প্রতিবাদে সল্টলেক শিল্পী-সাংস্কৃতিক কর্মী-বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে ১৬ নভেম্বর আইপিএইচ হলে এক নাগরিক সভা হয়। সভাপতিত্ব করেন অধ্যাপক তরুণ দাস। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন ভদ্রা চ্যাটার্জী।
সভায় বক্তব্য রাখেন মঞ্চের সল্টলেক শাখার সম্পাদক ও বিশিষ্ট চিত্র পরিচালক শতরূপা সান্যাল। বক্তব্য রাখেন মানবাধিকার আন্দোলনের বিশিষ্ট নেতা অধ্যাপক সুজাত ভদ্র। তিনি তার সংক্ষিপ্ত আলোচনায় দেখান যে কী ভাবে নির্বাচন কমিশন ভারতবাসীর নাগরিকত্ব যাচাই করার অধিকার না থাকা সত্ত্বেও এসআইআর-এর মধ্য দিয়ে সেটাই করে চলেছে। সভার প্রধান বক্তা শিল্পী-সাংস্কৃতিক কর্মী-বুদ্ধিজীবী মঞ্চের সম্পাদক সান্টু গুপ্ত তাঁর বক্তব্যে কেন্দ্রের বিজেপি সরকার কী ভাবে নির্বাচন কমিশনকে দলের তল্পিবাহক বানিয়েছে এবং জাত-পাত, ধর্মীয় বিভেদ তৈরি করে ফ্যাসিবাদী আক্রমণ নামিয়ে আনছে তার বিস্তৃত বিবরণ দেন। তিনি বলেন, এসআইআর আদতে এনআরসি চালু করার প্রাথমিক পর্যায়। সভার অন্যতম বক্তা অধ্যাপক প্রভাত দত্ত দেশের এই দুঃসময়ে সকলকে অধিকার রক্ষার লড়াইয়ে শামিল হওয়ার আবেদন জানান। অধ্যাপক তরুণ দাসের সমাপ্তি ভাষণের মধ্য দিয়ে সভা শেষ হয়।
