Breaking News

সমাজতন্ত্র ছিল এক নতুন সভ্যতার সূর্যোদয়

পোষ্টারটির বাংলা তর্জমাঃ নতুন পঞ্চবার্ষিক পরিকল্পনা পূরণ ও তা লক্ষ্যমাত্রার চেয়েও বেশি অর্জনের জন্য, এবং আমাদের জনগণের বস্তুগত সমৃদ্ধি ও সংস্কৃতির উন্নতির জন্য লড়াই করুন!

৭ নভেম্বর।

ঐতিহাসিক নভেম্বর বিপ্লব দিবস। কী এই নভেম্বর বিপ্লব? বর্তমান প্রজন্মের অনেকেরই তা অজানা। মানুষের বহু যুগের স্বপ্ন-সাফল্যের সূচনা ঘটেছিল এ দিন। কী ছিল মানুষের স্বপ্ন? একটা সুস্থ সুন্দর স্বাভাবিক জীবন– তার পরিশ্রমের ফসল অন্য কেউ আত্মসাৎ করবে না। স্বজন আত্মীয় পরিজন প্রতিবেশী কাউকে বিনা চিকিৎসায় মরতে হবে না। মাথার উপর থাকবে একটা স্থায়ী আচ্ছাদন। অশিক্ষার অন্ধকারে ডুবে থাকতে হবে না। যোগ্যতা অনুযায়ী কাজ করার সুযোগ পাবে সকলে। সবার উপর, একটা মর্যাদাময় জীবন পাওয়া যাবে।

মানুষের এই অপূরিত আকাঙক্ষা তাড়িত করেছে সব যুগের বড় মানুষদের, ধর্মীয় মহাপুরুষদের, মানবতাবাদী চিন্তানায়কদের। তাঁরা সকলেই তাঁদের মতো করে চেষ্টা করেছেন মানুষের দুর্দশা দূর করতে। কিন্তু তাঁদের মহৎ আকাঙক্ষা সত্ত্বেও তাঁরা কেউই মানুষকে তাদের দুদর্শা থেকে মুক্তির পথ দেখাতে পারেননি। তাঁরা মানুষকে মুক্তির সন্ধান দিয়েছিলেন মৃত্যুর পর– স্বর্গে কিংবা বেহেস্তে। অন্য দিকে শাসকরা বারবার প্রমাণ করতে চেয়েছে যে, সমাজে ধনী-দরিদ্রে প্রভেদটা স্বাভাবিক। এটা চিরকাল ছিল, চিরকাল থাকবে।

ইতিহাসে বারবার সমাজ পরিবর্তন ঘটেছে। অনেক ক্ষেত্রে তা বিপ্লবের মধ্য দিয়েই সংগঠিত হয়েছে। কিন্তু তার দ্বারা শোষণের অবসান ঘটেনি। মানুষের দুর্দশা দূর হয়নি। কিন্তু মানুষের এত দুর্দশা, দুর্গতির কারণ কী? এর জন্য কে দায়ী? এর থেকে মুক্তি কি সম্ভব? হ্যাঁ সম্ভব– ইতিহাসে প্রথম এ কথা ঘোষণা করলেন জার্মান দার্শনিক কার্ল মার্ক্স। তিনি সমাজ বিকাশের নিয়ম আবিষ্কার করার মধ্য দিয়ে শোষণের প্রক্রিয়াটিও উদঘাটিত করলেন এবং মানুষকে দুর্দশা থেকে, সমস্ত দুর্দশার কারণ শোষণ থেকে মুক্তির বিজ্ঞানসম্মত রাস্তাটিও দেখালেন। তিনি এবং তাঁর ঘনিষ্ঠ সহযোগী ফ্রেডরিক এঙ্গেলস বললেন, এই মাটির পৃথিবীতেই ‘স্বর্গ প্রতিষ্ঠা করা সম্ভব।

মার্ক্সের দেখানো এই রাস্তাতে মহান লেনিন রাশিয়াতে প্রথমে সম্রাট জার, তার পর সেখানকার পুঁজিবাদী সরকারের বিরুদ্ধে শ্রমিক এবং কৃষকদের সংগঠিত করে একের পর এক আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে দুনিয়ায় প্রথম শোষণহীন সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন ১৯১৭-র ৭ নভেম্বর। লেনিন যে সমাজতন্ত্রের সূচনা করেছিলেন তাঁর সুযোগ্য ছাত্র মহান স্ট্যালিন সেই সমাজতন্ত্রকে বিকাশের এক উচ্চ স্তরে পৌঁছে দিলেন।

মানুষকে কী দিয়েছিল এই সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা

বিশ্বে এই প্রথম শ্রমিক তথা শোষিত শ্রেণি কোনও রাষ্টে্রর শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হল। উৎপাদনের সমস্ত উপায়গুলির মালিকানা মালিক শ্রেণি তথা পুঁজিপতি শ্রেণির হাত থেকে কেড়ে নিল। সমগ্র সভ্যতায় এই প্রথম শোষণ থেকে মুক্ত হল মানুষ। শুধু আর্থিক ক্ষেত্রেই নয়, সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রেও মানুষ শোষণমুক্ত হল। যুগ যুগ ধরে মানুষের বিকাশের যে রাস্তা শাসক শ্রেণি রুদ্ধ করে রেখে সমাজের সংখ্যাগরিষ্ঠ মানুষকে অমানুষের জীবনযাপনে বাধ্য করেছিল তা উন্মুক্ত হয়ে গেল। এই প্রথম মানুষ তার পরিশ্রমের ফসল নিজে ভোগ করার সুযোগ পেল। এর অভাবিত ফল ফলল সমাজ জুড়ে। দারিদ্র দূর করা সম্ভব হল। অশিক্ষার অন্ধকার থেকে মুক্ত হয়ে মানুষ শিক্ষা তথা জ্ঞানের আলোয় আলোকিত হয়ে উঠল। রোগে চিকিৎসার উপযুক্ত সুযোগ পেল। সমাজ থেকে মুছে গেল সমাজের নিকৃষ্টতম জীবিকা পতিতাবৃত্তি। নারী-পুরুষ সমানাধিকার প্রতিষ্ঠিত হল। শিশুদের দায়িত্ব নিল রাষ্ট্র। যুগ যুগ ধরে চলে আসা জাতিসমস্যা সমাধানের রাস্তা পেল। সুযোগ পেল সাহিত্য সঙ্গীত নাটক শিল্প দেখার, বোঝার, উপভোগ করার। সমাজতন্ত্র বিজ্ঞানসাধনাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে গেল। ধ্বংসের পরিবর্তে মানবকল্যাণে ব্যবহার করল তাকে। এক কথায় এক নতুন সমাজ, নতুন সভ্যতা, যুগ যুগ ধরে মানুষ যার স্বপ্ন দেখে এসেছিল, তা পূরণ করল সমাজতন্ত্র।

এই সমাজতন্ত্র বিশ্ব জুড়ে শোষিত মানুষের বিপুল সমর্থন লাভ করল, বিশ্বের সমস্ত মানবতাবাদী বড় মানুষরা যাঁরা মানুষকে ভালবেসেছেন, মানুষের কল্যাণ চেয়েছেন তাঁরা তাকে দু-হাত তুলে সমর্থন করলেন। আইনস্টাইন, রমাঁ রলাঁ, বার্নার্ড শ’, চার্লি চ্যাপলিন থেকে আমাদের দেশে রবীন্দ্রনাথ, প্রফুল্লচন্দ্র, সুভাষচন্দ্র, শরৎচন্দ্র, নজরুল, প্রেমচন্দ, সুব্রহ্মনিয়ম ভারতী, জ্যোতিপ্রসাদ আগরওয়াল, ভগৎ সিং, মেঘনাদ সাহা প্রমুখ প্রথম সারির মানবতাবাদী সাহিত্যিক বিজ্ঞানী রাজনীতিকরা সমাজতন্ত্রের জয়যাত্রা দেখে আনন্দিত হলেন।

রুশ বিপ্লব ভারতের স্বাধীনতা আন্দোলনকে উদ্দীপিত করেছিল

রাশিয়ার নভেম্বর সমাজতান্ত্রিক বিপ্লব ভারতের স্বাধীনতা আন্দোলনকে নানা ভাবে উদ্দীপিত করেছিল। নভেম্বর বিপ্লব প্রমাণ করেছিল সঠিক নেতৃত্বে সঠিক পথে সংগ্রাম হলে জারের মতো প্রবল প্রতাপান্বিত শাসককেও উৎখাত করা যায়। প্রমাণ করেছিল, সমাজের একেবারে প্রান্তে পড়ে থাকা শ্রমিক-কৃষকও রাষ্ট্র পরিচালনার ক্ষমতা রাখে। নভেম্বর বিপ্লব প্রমাণ করেছিল, শাসক শ্রেণি যতই শোষণমূলক পুঁজিবাদকে চিরস্থায়ী এবং শেষ কথা বলে প্রচার করুক, তাকে ভেঙে ফেলে শোষণহীন সমাজতান্ত্রিক সমাজ সম্ভব। স্বাভাবিক ভাবেই ভারতেও যে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসনের অবসান ঘটানো সম্ভব, এই উৎসাহ এবং উদ্দীপনা ভারতীয় বিপ্লবীদের একটা বড় অংশে রুশ সমাজতান্ত্রিক বিপ্লবই জুগিয়েছিল। ভারতের স্বাধীনতাকামী নেতারা লেনিন ও সোভিয়েত রাষ্ট্রকে নিজেদের স্বাভাবিক মিত্র হিসেবে বিবেচনা করতেন।

ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম শ্রেষ্ঠ প্রতিনিধি শহিদ-ই-আজম ভগৎ সিং ফাঁসির মঞ্চে যাওয়ার ঠিক আগে লেনিনের জীবনী পড়ছিলেন। বইয়ের পাতা থেকে মুখ না তুলেই জেলারকে তিনি বলেছিলেন, ‘একটু অপেক্ষা করুন। একজন বিপ্লবীর সঙ্গে এখন আর একজন বিপ্লবীর সাক্ষাৎ চলছে।’ লেনিনের আদর্শে অনুপ্রাণিত হয়েই তিনি সংগঠনের নাম রেখেছিলেন ‘হিন্দুস্তান সোশালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন’। তিনি তাঁর দলের সদস্যদের লেনিনের মতো জাত বিপ্লবী হিসাবে গড়ে তুলতে চেয়েছিলেন। আন্দামানের সেলুলার জেলে বন্দি বহু স্বাধীনতা সংগ্রামী মার্ক্স-লেনিনের তত্ত্বচর্চা করতেন এবং মুক্তি লাভের পর তাদের অনেকেই সমাজতান্ত্রিক আদর্শের অনুসারী হয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসুও মার্ক্সবাদ-লেনিনবাদকে শতাব্দীর শ্রেষ্ঠ আদর্শ বলে মনে করতেন এবং কংগ্রেসের সভাপতির ভাষণে বলেছিলেন– তাঁর প্রথম লক্ষ্য ভারতের স্বাধীনতা, দ্বিতীয় লক্ষ্য শোষণহীন সমাজতান্ত্রিক ভারত। ১৯৩৩ সালের মে মাসে লন্ডনে পলিটিক্যাল প্ল্যানিং ফর ইন্ডিয়া ভাষণে বলেন ‘আমি সমাজতন্ত্রের পক্ষে কারণ আমি মনে করি এটিই ভারতের দারিদ্র, অশিক্ষা এবং শ্রেণি বৈষম্যের মতো প্রধান সমস্যাগুলো দূর করার একমাত্র পথ।’ এমনকি জহরলাল নেহেরুর মতো জাতীয় নেতারাও সমাজতান্ত্রিক অগ্রগতির প্রভাব এড়াতে পারেননি। সোভিয়েত ইউনিয়নে সমাজতান্ত্রিক নির্মাণের সাফল্যে গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন।

রবীন্দ্রনাথ সমাজতান্ত্রিক কর্মকাণ্ড দেখে মুগ্ধ হয়েছিলেন

শুধু সশস্ত্র বিপ্লবী বা স্বাধীনতা সংগ্রামীরাই নন, মহান মানবতাবাদী কবি রবীন্দ্রনাথ ঠাকুর ১৯৩০ সালে রাশিয়া ভ্রমণ নিয়ে তাঁর ‘রাশিয়ার চিঠি’তে লিখেছিলেন, ‘এখানে না এলে আমার এ জন্মের তীর্থদর্শন অসমাপ্ত থাকত।’ তিনি মন্তব্য করেছিলেন, ‘যা দেখছি আশ্চর্য ঠেকছে। অন্য কোনও দেশের মতোই নয়। একেবারে মূলে প্রভেদ। আগাগোড়া সকল মানুষকেই এরা সমান করে তুলেছে।’ মনে পডে, রথীন্দ্রনাথ ঠাকুরের লেখা ‘পিতৃস্মৃতি’তে সেই গরিব চাষির কথা, যে বলেছিল– এ দেশে লেনিনের মতো একটা নেতা জন্মালে সব ঠিক হয়ে যেত।

ভারতে স্বাধীনতা আন্দোলন শুরুর আগেই মহান কার্ল মার্ক্স ভারতে ধর্ম-বর্ণের বিভেদকে ব্রিটিশ সাম্রাজ্যবাদী শাসকরা কী ভাবে তাদের শাসনকে দীর্ঘস্থায়ী করতে কাজে লাগিয়েছিল তা দেখিয়েছিলেন।

পুঁজিপতি শ্রেণির স্বার্থেই সমাজতন্ত্রের বিরোধিতা

বর্তমান শাসক শ্রেণি ও তাদের একদল অনুগামী এই সব ইতিহাস থেকে শিক্ষা না নিয়ে মার্ক্স-লেনিন সম্পর্কে বিকৃত তথ্য প্রচার করে চলেছে। তাঁরা মার্ক্স-লেনিন-স্ট্যালিন সম্পর্কে নানা মিথ্যা, কুৎসা ছড়াচ্ছেন। তাঁদের বিদেশি বলে দেগে দিয়ে শোষিত মানুষকে তাঁদের চিন্তা থেকে দূরে রাখতে চাইছেন। এই সব শাসকরা শোষক শ্রেণির বিশ্বস্ত সেবক, তাদের রাজনৈতিক ম্যানেজার। তাঁদের লক্ষ্য এই শোষণমূলক পুঁজিবাদী ব্যবস্থাটিকে টিকিয়ে রেখে পুঁজিপতি শ্রেণিকে তাদের শোষণের স্টিম রোলার চালিয়ে যেতে সাহায্য করা। পুঁজিপতি শ্রেণি এই সেবার বিনিময়ে তাঁদের ক্ষমতায় বসায়, তাঁদের নির্বাচনের, দল চালানোর, বিলাসবহুল জীবনযাপনের জন্য টাকা জোগায়। এরা জনগণের শত্রু। এদের আসল ভয় সমাজতন্ত্রকে, মানুষের শোষণমুক্তির আকাঙক্ষাকে। মানুষ যদি মার্ক্স-লেনিনের চিন্তায় উদ্বুদ্ধ হয় তবে তাদের শোষণের সাম্রাজ্য, লুটের সাম্রাজ্য, সুখের সাম্রাজ্য ভেঙে পড়বে। তাই এরা মার্ক্স-লেনিন-স্ট্যালিনকে খুনি, গণতন্ত্র-হত্যাকারী প্রভৃতি নানা মিথ্যা প্রচারে শোষিত মানুষের চোখ থেকে আড়াল করতে চায়। অথচ লেনিন তো বটেই, স্ট্যালিনের সময়েও রবীন্দ্রনাথ রাশিয়ায় গিয়েছিলেন, ইউরোপে সেই সময় রমাঁ রলাঁ, বার্নার্ড শ’রা ছিলেন, তাঁরা কেউই এই মহান নেতাদের সম্পর্কে বিরূপ কিছু বলা দূরের কথা, এঁদের কাজের, সমাজতন্ত্রের ভূয়সী প্রশংসা করেছেন।

বর্তমান শাসক বিজেপির পূর্বসূরী হিন্দু মহাসভা একদিন দেশের স্বাধীনতা আন্দোলনে অংশ না নিয়ে ব্রিটিশের সঙ্গে সহযোগিতা করেছে, ভারত ছাড়ো আন্দোলনের বিরোধিতা করেছে, দেশভাগে মদত দিয়েছে। অথচ এই সব দল এবং তার নেতারাই আজ দেশের মানুষকে জাতীয়তাবাদ শেখাচ্ছেন, দেশপ্রেম শেখাচ্ছেন। এই ভণ্ডামি তারা চালাতে পারছেন কারণ, বহু মানুষই এদের অতীত ইতিহাসের কলঙ্কিত অধ্যায়গুলি জানেন না, খোঁজ রাখেন না। এই শূন্যতার সুযোগে মোদি সরকার তাদের জনবিরোধী কাজের বিরুদ্ধে সমস্ত বিক্ষোভকে ‘দেশবিরোধিতা’, ‘বামপন্থীদের ষড়যন্ত্র’ বলে দেগে দিচ্ছেন।

আসলে এঁদের লক্ষ্য দেশের মানুষের সমস্ত রকমের বিক্ষোভ, যা সরকারের জনবিরোধী নীতি, অপশাসন থেকে জন্ম নিচ্ছে, তার থেকে সরকারকে, পুঁজিপতি শ্রেণিকে আড়াল করে রাখা। কিন্তু কোনও ভাবেই তারা সফল হচ্ছে না। বিক্ষোভ ক্রমাগত বেড়েই চলেছে।

নভেম্বর বিপ্লব থেকে শিক্ষা নিয়ে এ দেশে মার্ক্স এঙ্গেলস লেনিন স্ট্যালিনের যোগ্য উত্তরসূরি কমরেড শিবদাস ঘোষ দেখিয়েছেন যে, কেবল ভোটের দ্বারা সরকার পরিবর্তন করে মানুষের দুদর্শা দূর করা যাবে না। সমাজতান্ত্রিক রাশিয়ার মতো করেই এ দেশেও সরকারের জনবিরোধী নীতিগুলির বিরুদ্ধে সঠিক নেতৃত্বে জনগণকে সংগঠিত করে সোভিয়েতের কায়দায় জনগণের নিজস্ব হাতিয়ার গণকমিটি গড়ে তুলে বিপ্লবী আন্দোলনের পরিপূরক গণআন্দোলন গড়ে তুলতে হবে। তেমন অজস্র কমিটির নেতৃত্বে গণআন্দোলনকে তুঙ্গে তোলার মধ্য দিয়েই পুঁজিবাদের অবসান ঘটিয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।

এসইউসিআই (কমিউনিস্ট) নভেম্বর বিপ্লব এবং সোভিয়েত সমাজতন্ত্রের ঐতিহাসিক শিক্ষাগুলি জনগণের সামনে তুলে ধরে মুক্তি আন্দোলনে অংশগ্রহণ করার আহ্বান নিয়েই নভেম্বর বিপ্লব বার্ষিকী উদযাপন করে।