Breaking News

শিল্পপতিদের ঢালাও সুবিধা দিলেই কি শিল্প হয়

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজ্য শিল্পনীতি ঘোষণার পর তা নিয়ে শিল্পপতিদের উচ্ছ্বাস এখন তুঙ্গে। বৃহৎ সংবাদমাধ্যমগুলিও মোটের ওপর এই নীতির প্রশংসাই করছে। কিন্তু মূল কথাটা যেন একটু অনালোচিত থেকে যাচ্ছে – সরকারি কাগজে যাই লেখা থাক তাতে কি শেষ পর্যন্ত শিল্পের বান ডাকবে রাজ্যে? সাধারণ মানুষের আর্থিক পরিস্থিতির কিছুটা সুরাহা হবে? কর্মসংস্থান এবং কাজের উপযুক্ত মজুরি ও বেতনের খরা কাটবে?

সরকার প্রতিশ্রুতি দিয়েছে নতুন শিল্প তৈরি বা পুরনো শিল্প সম্প্রসারণের জন্য তারা নানা বিষয়ে বিপুল সাহায্য দেবে শিল্পপতিদের। নতুন কর্মী নিয়োগ করলে প্রভিডেন্ট ফান্ডে মালিকের জমার ভাগে বিপুল ছাড় দেওয়া হবে। শিল্পসংস্থা কর্মীদের প্রভিডেন্ট ফান্ডে যা জমা করবে তা ফেরত দেওয়া হবে। মহিলা এবং রূপান্তরকামী কর্মীদের জন্য তা হবে ১০ বছর ধরে ১০০ শতাংশ। শিল্প বলতে এখানে বৃহৎ শিল্প, ছোট মাঝারি শিল্প (এমএসএমই) ছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, পর্যটন ইত্যাদিকেও বোঝানো হয়েছে। ছাড় পাওয়া যাবে জিএসটি, বিদ্যুৎ মাশুল, জমির স্ট্যাম্প ডিউটি ইত্যাদিতে। ১০ বছর ধরে এই ছাড় মিলবে ১০০০ কোটি টাকা পর্যন্ত। কারখানার যন্ত্রপাতির জন্য খরচের ১০০ থেকে ১২০ শতাংশ পর্যন্ত সরকার দেবে। ছাড়ের তালিকা আরও অনেক আছে। পুরনো শিল্পের পড়ে থাকা জমি রাজ্য সরকার কিনে জমি ব্যাঙ্ক তৈরি করবে। কৃষকদের জমি অধিগ্রহণ করে তা উন্নত করে ২৫ শতাংশ জমিদাতাকে ফিরিয়ে দেওয়া হবে। ইচ্ছুক কৃষকদের নিয়ে সমবায় করে শিল্পের জন্য জমি কেনা হবে। শিল্পের জন্য জমি জোগাড়ে কৃষকের ওপর গুলি না চালানোর কথাও বলা হয়েছে। কিন্তু শিল্প মালিকদের বিপুল সুবিধা এবং ছাড় দিলেই কি শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান হয়? অতীতে কংগ্রেস সরকার যত সুবিধা বিতরণ করেছে তার সব রেকর্ড ছাপিয়ে গেছে বিজেপির কেন্দ্রীয় সরকার। তারা শিল্পপতিদের বিপুল সুবিধা বিতরণেই থেমে থাকেনি, ব্যাঙ্কের টাকা যথেচ্ছ আত্মসাৎ করার সুযোগও দিয়েছে একেবারে খোলা হাতে। তা হলে এর পরেও দেশে শিল্প-কারখানার হাল অত্যন্ত খারাপ কেন?

শিল্পনীতির নথিতে কর্মসংস্থানের অঙ্গীকার স্থান পেয়েছে। তবে একই সাথে মুখ্যমন্ত্রী কারখানায় তোলাবাজি এবং বিক্ষোভকে এক সারিতে বসিয়ে দিয়ে বলেছেন ‘কমিউনিস্টদের বলছি কারখানা গেটে একবার ঝামেলা করে দেখুন। ১৫ মিনিটের মধ্যে জেলে পাঠাব।’ শিল্প-বাণিজ্য কর্তারা দীর্ঘদিন ধরে প্রচার করে থাকেন এ রাজ্যে শিল্পের জন্য জমি এবং ট্রেড ইউনিয়ন আন্দোলনই প্রধান সমস্যা। ফলে সংবাদমাধ্যমে ধন্য ধন্য পড়ে গেছে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রীর এই ‘শিল্প বান্ধব’ অবস্থানে। যদিও দীর্ঘ বছর ধরে পশ্চিবঙ্গে ট্রেড ইউনিয়ন আন্দোলন একেবারেই দুর্বল। সিপিএম সরকারের আমল থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের আমলে কারখানায় ধর্মঘট হয়নি বললেই চলে। বরং লকআউট এবং লে-অফ বেড়েছে। তা হলে শ্রমিকরা আন্দোলন করে এ রাজ্যে শিল্প বন্ধ করেছে– এ কথা কি বলা যায়? বরং নেদারল্যান্ডে গিয়ে সে দেশের শিল্পপতিদের সামনে কেন্দ্রীয় শিল্প-বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল ভারতের শ্রমিক কর্মচারীদের পরিস্থিতি সঠিকভাবেই তুলে ধরেছেন। তিনি বলেছেন, আপনারা ভারতে এলে কোনও কর্মী আপনাদের স্মরণ করিয়ে দেবে না যে, ‘স্যার, পাঁচটা বেজে গেছে’ কিংবা বলবে না ‘আজ রবিবার, ছুটির দিন’। ভারতে এখন কারখানা-শ্রমিক শুধু নয়, তথাকথিত ‘হোয়াইট কলার জব’ বলে পরিচিত আইটি সেক্টরের কর্মীরাও সীমাহীন কাজের ভারে ন্যুr। কাজের চাপে আত্মহত্যার ঘটনা পর্যন্ত ঘটেছে। তা হলে মুখ্যমন্ত্রী বিশেষ ভাবে জোর দিয়ে ‘কমিউনিস্ট’দের শিল্প কারখানায় আন্দোলন নিয়ে হুঁশিয়ারি দিতে গেলেন কেন? তাঁর দলের কেন্দ্রীয় সরকার শ্রমনীতিতে শ্রমিকদের মাথা তোলার সব অধিকার কেড়ে নেওয়ার ব্যবস্থা তো করেই রেখেছে! এর পরেও এই হুমকির মানে – শ্রমিকদের কোনও অধিকার দূরে থাক, তাঁরা মানুষ হিসাবেও পরিগণিত হবেন কি না সন্দেহ থাকছে।

বিজেপি নেতারা বলছেন, সিঙ্গুর এবং নন্দীগ্রামে জমি অধিগ্রহণ বিরোধী কৃষক আন্দোলনের জন্যই শিল্প এ রাজ্যে হয়নি। মুখ্যমন্ত্রী সিঙ্গুরে নতুন গাড়ি কারখানার কথা বলছেন। কিন্তু বলছেন না, যে-সব শিল্পের জমি নিয়ে কোনও আন্দোলন হয়নি, তাদের উৎপাদন মার খাচ্ছে কেন? জিন্দালদের প্রস্তাবিত ইস্পাত কারখানায় না ছিল জমি সংকট, না ছিল শ্রমিক আন্দোলন– সেখানে উৎপাদন শুরু হল না কেন? পুরুলিয়াতে জমি পেয়েও ভারী শিল্পের বদলে ভয়াবহ দূষণ সৃষ্টিকারী এবং নামমাত্র কর্মসংস্থানের স্পঞ্জ আয়রন কারখানা তৈরি হচ্ছে কেন?

শিল্প সংকটের আসল কারণ যা, কোনও সরকারই তা স্বীকার করতে চায় না। কেন্দ্র এবং রাজ্য সরকারে আসীন বিজেপি সরকার তো এ সত্য একেবারেই স্বীকার করতে পারে না। সংকটের মূল কারণ লুকিয়ে আছে পুঁজিবাদী শোষণে জর্জরিত জনসাধারণের শিল্পজাত দ্রব্য কেনার ক্ষমতা কমতে থাকার মধ্যে। এ শুধু আমরা মার্ক্সবাদী-লেনিনবাদীরা বলছি না, সরকারের তথ্যও তাই বলছে, এমনকি পুঁজিবাদী ব্যবস্থার সমর্থক অর্থনীতিবিদরাও এ কথা স্বীকার করতে বাধ্য হচ্ছেন। তাঁরাও বলছেন, শিল্প-কারখানা গড়ে ওঠার জন্য সবচেয়ে জরুরি দরকার হচ্ছে বাজার, তার জন্য চাই মানুষের ক্রয়ক্ষমতা। তার পরিস্থিতি কী? পরপর কয়েকটি তথ্য দেখা যাক। ভারতের ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে বৃদ্ধি কমছে। ‘কোয়ালকম’ সংস্থার সমীক্ষা জানাচ্ছে ২০২৬-এর নভেম্বরে ৩ থেকে ৬ শতাংশ শ্রমিক ছাঁটাই হবে। নয়ডার চালু শিল্প সংস্থার সংখ্যা গত ৬ মাসে ২৪০০ থেকে কমে ১৮০০-তে দাঁড়িয়েছে। সমীক্ষা দেখাচ্ছে ভারতে অভ্যন্তরীণ চাহিদা দিনে দিনে কমছে (মাল্টিব্যাগ এআই রিসার্চ ডেস্ক ৪ নভেম্বর ২০২৬)। সম্প্রতি অর্থনীতিবিদ জাঁ দ্রেজ বলেছেন, ‘ভারতে কাজ তৈরি হচ্ছে, কিন্তু কর্মসংস্থান হচ্ছে না’। অনেক কাজ তৈরির হিসাব পাওয়া গেলেও আসলে বেশিরভাগ কর্মীই এমন কাজে নিযুক্ত হচ্ছেন যেগুলি, প্রবল ঝুঁকিপূর্ণ, অত্যন্ত পরিশ্রম সাপেক্ষ, একঘেয়ে এবং অতি কম বেতনের। এই কথাকে সঠিক প্রমাণ করছে পারিবারিক আয় সংক্রান্ত সরকারি সমীক্ষা। তা দেখিয়েছে, দেশে ১৪ কোটির বেশি মানুষের গড় আয় মাসে মাত্র ৮৪৯ টাকা (সিএমআইই তথ্য, পিপলস আরকাইভ ফর রুরাল ইন্ডিয়া দ্বারা সংগৃহীত)। অর্থাৎ শিল্প যদি হয়ও, উৎপাদিত পণ্য কেনার ক্ষমতা সাধারণ মানুষের একেবারে নগণ্য। সে ক্ষেত্রে প্রতিরক্ষা শিল্প, বিদেশি কিছু যন্ত্রাংশ জোড়া লাগানোর কারখানা, আইটি শিল্প হতে পারে, যার মূল ক্রেতা সরকার নিজে এবং কিছু উচ্চবিত্ত ও দেশি-বিদেশি ধনকুবের। উল্লেখ্য, রাজ্য শিল্পনীতিতে এই সবগুলিকেই ‘বিশেষ সুবিধাপ্রাপ্ত ক্ষেত্র’ (প্রায়রিটি সেক্টর) বলা হয়েছে। এই সমস্ত শিল্পে কর্মী লাগে অত্যন্ত কম, জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধিতেও তার ভূমিকা কিছুই নেই। তার সাথে হবে কিছু বেসরকারি এবং মহার্ঘ স্কু-কলেজ বিশ্ববিদ্যালয়-মেডিকেল কলেজ ও হাসপাতাল। সাধারণ মানুষ ঘটিবাটি বেচে এর পরিষেবা কিনতে বাধ্য হবেন। এতে মানুষের প্রকৃতআয় আরও কমবে।

মুখ্যমন্ত্রী কর্মসংস্থানে জোর দেবেন ভাল কথা, কী ভাবে? গোটা ভারতে এ বিষয়ে যা চিত্র, তিনি তার থেকে সম্পূর্ণ আলাদা ম্যাজিক দেখাবেন? বিজেপির শাসনে ভারতে ১৫ থেকে ২৯ বছর বয়সিদের ৩৩ শতাংশ (সংখ্যায় প্রায় ৯ কোটি) কোনও শিক্ষা বা কাজ বা ট্রেনিংয়ের সঙ্গে যুক্ত নয়। ইংরেজিতে তাদের বলা হচ্ছে ‘নিট’ (নট ইন এডুকেশন, এমপ্লয়মেন্ট অর ট্রেনিং)। সরকার জানিয়েছে সেপ্টেম্বর মাসে বেকারত্বের হার ৫ শতাংশ, যদিও তাদেরই শ্রম দপ্তরের ‘লেবার ফোর্স পার্টিসিপেশন রেট রিপোর্ট’ বলছে ১৪০ কোটির বেশি জনসংখ্যার দেশে কাজ করে মাত্র ৬১ কোটি ৬ লক্ষ মানুষ। বৃদ্ধ এবং শিশুদের বাদ দিলে কর্মক্ষম জনসংখ্যার ৪৫ শতাংশের বেশি কর্মক্ষেত্রে নেই (প্রেস ইনফরমেশন বুরো রিপোর্ট, ২৭ এপ্রিল এবং ১৫ মে ২০২৬)। বিগত পাঁচ বছরে সারা দেশে কোম্পানি বন্ধ হয়েছে ২ লক্ষ ৪০ হাজারের বেশি। এর মধ্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প আছে প্রায় ৭৫ হাজার। মহারাষ্টে্র কারখানা বন্ধ হয়েছে ৮৪৭২টি, তামিলনাডুতে ৪৪১২, গুজরাটে ৩১৪৮, রাজস্থানে ২৯৮৯, পশ্চিমবঙ্গে ১৫৪৮টি (রাজ্য সভায় সরকারের বিবৃতি, দ্য ওয়্যার, ১৯.৩.২০২৫)। তামিলনাডু বাদে সর্বত্রই বিজেপির সরকার। পশ্চিমবঙ্গে তারা না হয় সদ্য এসেছে,কিন্তু এই সব বিজেপি শাসিত রাজ্যে কারখানা বন্ধের হার এত বেশি কেন? ২০২৪-এ লোকসভায় মন্ত্রী জিতনরাম মাঝি জানিয়েছিলেন, মহারাষ্ট্র, তামিলনাডু, উত্তরপ্রদেশ এবং গুজরাটে দেশের মধ্যে সর্বাধিক শ্রমিক ছাঁটাই হয়েছে। এ ছাড়া বিজেপির শাসনের শুরু থেকে ১০ বছরে ৫০ হাজার কারখানা বন্ধ হয়ে আরও ৩ লক্ষ শ্রমিকের কাজ হারানোর কথা জানিয়েছিলেন তিনি (দ্য ওয়্যার ১৯.০৩.২০২৫)। কেন এত শ্রমিকের কাজ গেল? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শিল্পনীতি ঘোষণার পর শিল্পমালিকদের অনেকেই বলেছেন, কেন্দ্রীয় প্রকল্পগুলিকেই রাজ্যে নতুন করে চালানো হয়েছে। বিজেপি পশ্চিমবঙ্গে শিল্পসংকটের সর্বরোগহর দাওয়াই বার করে ফেলতে পারলে সারা ভারতে তা কাজে লাগাচ্ছে না কেন?

শিল্পপতিদের জন্য সরকারি কোষাগার ফাঁকা করে বিপুল সুবিধা বিতরণে শেষ পর্যন্ত দু চারটি কারখানা হবে নিশ্চয়ই, কিন্তু যে শিল্পের জোয়ারের কথা বলা হচ্ছে তা কি সম্ভব? বিজেপি সরকারের শিল্পনীতি শিল্পপতিদের জন্য যতই লোভনীয় হোক না কেন, মহিলাদের কাজ দেওয়ার জন্য যত ঢাক পেটানোই হোক না কেন, গোটা দেশের অভিজ্ঞতা বলছে, তাদের সংসার নির্বাহ করার মতো রোজগার অধরাই থেকে যাবে। পুরুষ কিংবা মহিলা সকলের উপযুক্ত মজুরির জন্য প্রয়োজন ছিল সরকারের পরিকল্পনায় রাষ্ট্রায়ত্ত উদ্যোগকে ক্রমাগত বাড়িয়ে মানুষের কাজের ব্যবস্থা করা, শ্রমিক শোষণ রোধ করা, জনগণের ক্রয়ক্ষমতা বৃদ্ধির পদক্ষেপ নেওয়া, শিল্পদ্রব্যের দাম কমানো। কিন্তু পুঁজিবাদী ব্যবস্থায় কাজটা অসম্ভব।