Breaking News

মার্ক্সবাদ-লেনিনবাদ-শিবদাস ঘোষ চিন্তাধারাই শোষণমুক্তির পথ দেখায়–লেনিন মূর্তির পাদদেশে কমরেড প্রভাস ঘোষ

এসপ্ল্যানেডে লেনিন-মূর্তিতে মাল্যদান করছেন কমরেড প্রভাস ঘোষ।

১৯১৭-র ৭ থেকে ১৭ নভেম্বর। এই দশটি দিন কাঁপিয়ে দিয়েছিল দুনিয়াকে। মানুষের দ্বারা মানুষের শোষণের অবসানের লক্ষ্যে সম্পূর্ণ হয়েছিল সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লব। এই মহান বিপ্লবের ১০৯তম বার্ষিকী উপলক্ষে এসইউসিআই(কমিউনিস্ট)-এর পক্ষ থেকে দেশ জুড়ে নানা কর্মসূচি পালিত হয়। কলকাতার এসপ্ল্যানেডে লেনিন মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান দলের সাধারণ সম্পাদক কমরেড প্রভাস ঘোষ। সারা দেশে জনবহুল স্থানে দুই মহান নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন ও অন্যন্য কর্মসূচিতে অংশ নেন দলের কর্মী-সমর্থকরা। আদর্শগত সংগ্রামের কর্মসূচি হিসাবে অসংখ্য জায়গায় বইয়ের স্টল, উদ্ধ´তি প্রদর্শনী, জনসভা ইত্যাদির আয়োজন করা হয়।

এসপ্ল্যানেডে কমরেড প্রভাস ঘোষ বলেন, কেন আমরা এই বিপ্লবকে মহান বলি? কারণ মহান মার্ক্স ও এঙ্গেলসের আগে সমস্ত দার্শনিক, ইতিহাসবিদ, জ্ঞানীজনদের ধারণা ছিল যে, শোষক ও শোষিতের মধ্যে বিভাজন হল চিরন্তন ও অপরিবর্তনীয়়। মার্ক্স ও এঙ্গেলস ইতিহাসে প্রথম বিজ্ঞানের উপর ভিত্তি করে এক নতুন দর্শন আনলেন। সেই দর্শনের দ্বারা তাঁরা মানব ইতিহাস বিশ্লেষণ করে দেখালেন, ইতিহাসের একটা বিশেষ স্তরে শোষণের উদ্ভব ঘটেছে। এবং শোষণের রূপেরও পরিবর্তন হয়েছে একের পর এক। ইতিহাসের সেই নিয়ম অনুসরণ করে পুঁজিবাদের বিনাশ ঘটবে। তার পর আসবে সমাজতন্ত্রের যুগ।

মহান লেনিন ইতিহাসে প্রথম পুঁজিবাদ উচ্ছেদ করে নতুন যুগের সূচনা করেছিলেন। তাঁরা এমন এক নতুন সমাজ সৃষ্টি করলেন যা শ্রেণি-শোষণ থেকে মুক্ত। চারপাশে থাকা সাম্রাজ্যবাদী বিশ্ব চেয়েছিল এই নতুন সমাজতান্ত্রিক সমাজ ধ্বংস হোক। কিন্তু লেনিন-স্ট্যালিনের নেতৃত্বে রাশিয়ার শ্রমিক শ্রেণি অন্যান্য দেশের শ্রমিক শ্রেণির সমর্থন নিয়ে সেই ষড়যন্ত্র ধ্বংস করেছিল। সাম্রাজ্যবাদীরা বারবার হামলা চালিয়েছে, সফল হতে পারেনি। সমাজতান্ত্রিক সমাজ অর্থনৈতিক, রাজনৈতিক, শিক্ষাগত, বিজ্ঞানগত ইত্যাদি সমস্ত দিক দিয়ে একটানা বিকশিত হয়েছিল। পুঁজিবাদী বিশ্ব যখন একের পর এক সংকটে বিপর্যস্ত, সমাজতান্ত্রিক সমাজ তখন সে সব থেকে মুক্ত থেকেছে। আমাদের দেশে নেতাজি সুভাষচন্দ্র, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নজরুল সকলেই সোভিয়েত সমাজতন্ত্রের জয়গান গেয়েছেন। ভগৎ সিং তাঁর ফাঁসির আগের মুহূর্তে মহান লেনিনের জীবনী পড়ছিলেন। সমাজতান্ত্রিক বিপ্লব গোটা বিশ্বের শোষিত মানুষকে প্রেরণা দিয়েছিল। স্ট্যালিনের নেতৃত্বে সমাজতন্ত্র সাম্রাজ্যবাদীদের ভয়ঙ্কর আক্রমণ প্রতিহত করে বিশ্বকে রক্ষা করেছিল। এই হল ইতিহাস। কিন্তু দুঃখজনক ঘটনা হল, স্ট্যালিনের মৃত্যুর পর সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরে তখনও টিকে থাকা প্রতিবিপ্লবীরা সাম্রাজ্যবাদীদের সঙ্গে হাত মেলাল। তারা সমাজতন্ত্রকে ধ্বংস করল। মানব-ইতিহাসে এ এক দুঃখজনক ঘটনা।

বহু দশক ধরে সমাজতন্ত্র সভ্যতায় এক নবযুগ প্রতিষ্ঠা করেছিল। প্রমাণ করেছিল, শোষণের অবসান ঘটানো সম্ভব। পুঁজিবাদী-সাম্রাজ্যবাদীরা এখন আনন্দিত এই কথা ভেবে যে সমাজতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। ফলে পুঁজিবাদ এখন বিপদমুক্ত। এরা আসলে মূর্খের স্বর্গে বাস করছে। আজ আমরা দেখছি, গোটা পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী দুনিয়া প্রবল সংকটে ডুবে রয়েছে। অভূতপূর্ব ও অনিরসনীয় সেই সংকট। পুঁজিবাদী দুনিয়া ক্রমাগত সংকটের সমুদ্রে হাবুডুবু খাচ্ছে। আমেরিকা থেকে শুরু করে গোটা ইউরোপ জুড়ে প্রতিবাদের পর প্রতিবাদ, বিক্ষোভের পর বিক্ষোভ ফেটে পড়ছে। বিশ্ব জুড়ে সর্বত্র ছাত্র, যুব, শ্রমিক আজ সোচ্চার হচ্ছে। তাদের বুকে জমে থাকা ক্ষোভের বারুদের বিস্ফোরণ ঘটছে। বিক্ষোভ কখনও ফেটে পড়ছে, কখনও স্তিমিত হচ্ছে, আবার ফেটে পড়ছে।

ফলে সাম্রাজ্যবাদ-পুঁজিবাদ উচ্ছেদের বাস্তব পরিস্থিতি (অবজেকটিভ কন্ডিশন) তৈরি। অভাব সাবজেকটিভ কন্ডিশনের। যে আন্দোলনগুলি চলছে, সেগুলির প্রয়োজন উপযুক্ত বৈপ্লবিক আদর্শ। প্রয়োজন বিপ্লবী পার্টির। প্রয়োজন মার্ক্সবাদ-লেনিনবাদের, যাকে পরবর্তী কালে বিকশিত করেন কমরেড শিবদাস ঘোষ। আমরা একে বলি মার্ক্সবাদ-লেনিনবাদ-শিবদাস ঘোষ চিন্তাধারা। এই আদর্শগত হাতিয়ার আমাদের সর্বত্র প্রচার করতে হবে। এই হাতিয়ার অর্থাৎ মার্ক্সবাদ-লেনিনবাদ-শিবদাস ঘোষ চিন্তাধারার ভিত্তিতেই মানুষের মুক্তির আকাঙক্ষা যুক্তিসঙ্গত পরিণতিতে পৌঁছতে পারে। এই কাজ করাই আমাদের দায়িত্ব। কমরেড শিবদাস ঘোষ মার্ক্স-এঙ্গেলস-লেনিন-স্ট্যালিনের একমাত্র উত্তরসূরি। তিনি প্রতিষ্ঠা করেছেন এসইউসিআই(কমিউনিস্ট) দল।