Breaking News

শহিদ কমরেড সুধাংশু জানাকে চোখের জলে স্মরণ করল মৈপীঠ

২০২০ সালের ৪ জুলাই তৃণমূল দুষ্কৃতী বাহিনীর হাতে নিহত হন দলের দক্ষিণ ২৪ পরগণা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য, মৈপীঠের বিশিষ্ট জননেতা কমরেড সুধাংশু জানা। এলাকায় আম্ফান দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলে থানা ঘেরাও করার পরের দিনই এলাকার ও বহিরাগত দুষ্কৃতীদের জড়ো করে তৃণমূল ১৪০টি ঘরে আগুন লাগিয়ে দেয় এবং কমরেড সুধাংশু জানাকে হত্যা করে। এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে দীর্ঘ বছর ক্ষমতা দখল করে রেখে সাধারণ মানুষ ও এসইউসিআই(সি) কর্মীদের উপরে ধারাবাহিক অত্যাচার চালিয়ে যায়।

এই পরিস্থিতিতেও অকুতোভয় সংগ্রামী কর্মীরা শত বাধা বিঘ্ন উপেক্ষা করেই দলের কর্মসূচি চালিয়ে যান। তাঁরা প্রতি বছর পালন করেন কমরেড সুধাংশু জানার শহিদ দিবস। এ বছরও ৪ জুলাই কমরেড সুধাংশু জানার শহিদ দিবস উদযাপনের প্রস্তুতি নেয় এস ইউ সি আই (সি) মৈপীঠ লোকাল কমিটি। ‘ভয় আউট ভরসা ইন’স্লোগান দিয়ে ক্ষমতায় আসা বিজেপির দলীয় কর্মীরা শহিদ দিবস পালনের প্রস্তুতিপর্ব থেকেই বাধা দিতে শুরু করে। এলাকার মানুষকে ভয় দেখিয়ে, তৃণমূল সরকারের মতোই পুলিশ-প্রশাসনকে দলদাস বানিয়ে, স্মরণসভা বানচাল করার সমস্ত রকম চেষ্টা করে। কিন্তু দলের দৃঢ়চেতা কর্মীরা সমস্ত বাধা উপেক্ষা করে তাঁদের প্রিয় জননেতা কমরেড সুধাংশু জানার শহিদ দিবস উদযাপন ও শহিদ বেদি নির্মাণের উদ্যোগ চালিয়ে যান।

৪ জুলাই সকাল ৯টায় শুরু হয় মাল্যদান। শত শত গ্রামবাসী, কর্মী-সমর্থক, চোখের জলে শ্রদ্ধা জানান তাঁদের প্রিয় নেতাকে। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির হয় এবং বিকেল ৩টা থেকে স্মরণসভা শুরু হয়। সভায় দিতেও বাধা দেয় বিজেপি, কিন্তু তা উপেক্ষা করে স্মরণসভা পরিণত হয় জনসভায়। বক্তব্য রাখেন দলের রাজ্য কমিটির সদস্য কমরেড অংশুমান রায় এবং জেলা সম্পাদক ও রাজ্য কমিটির সদস্য কমরেড নিরঞ্জন নস্কর, কমরেড সুধাংশু জানার স্ত্রী কমরেড গীতা জানা এবং আঞ্চলিক নেতৃত্ব। উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেডস নন্দ কুণ্ডু, নন্দ পাত্র এবং রাজ্য কমিটির সদস্য কমরেড জয়কৃষ্ণ হালদার প্রমুখ।