
বীরভূমে রামপুরহাটের বিজেপি বিধায়ক গত ৬ জুলাই একতরফা ভাবে পাঁচমাথা থেকে ঝনঝনিয়া সাঁকো পর্যন্ত ‘নেতাজি সুভাষ রোড’-এর নাম পরিবর্তন করার ঘোষণা করে দেন। নেতাজির নাম মুছে তিনি রাস্তাটির নতুন নাম রাখেন ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় রোড’। এই মর্মে বিভিন্ন জায়গায় হোর্ডিংও বসিয়ে দেন। ঘটনার পরেই এসইউসিআই(সি) প্রতিবাদে রাস্তায় নামে। সাধারণ মানুষ বিধায়কের এই সংকীর্ণ দলীয় প্রচেষ্টায় স্তম্ভিত হয়ে যান।
এসইউসিআইসি-র পক্ষ থেকে নেতাজি অনুরাগী সর্বস্তরের মানুষকে প্রতিবাদে এগিয়ে আসার আবেদন করা হয়। রাস্তার নাম অপরিবর্তিত রাখার দাবিতে পোস্টার, দেওয়াল লিখন, স্বাক্ষর সংগ্রহ, পথসভা চলতে থাকে। ছাত্র সংগঠন এআইডিএসও ছাত্র-শিক্ষক-অভিভাবকদের সংগঠিত করে মহকুমা শাসকের দফতরে বিক্ষোভ দেখায়, ডেপুটেশন দেয়। নাগরিক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। অবশেষে আন্দোলনের চাপে এবং সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদের সামনে পড়ে ১৪ আগস্ট প্রশাসন নাম পরিবর্তনের অপচেষ্টা থেকে পিছিয়ে আসে। তারা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামাঙ্কিত হোর্ডিংগুলি সরিয়ে ফেলতে বাধ্য হয়।
আন্দোলনের এই জয়ে প্রতিবাদী জনসাধারণকে অভিনন্দন জানিয়ে দলের বীরভূম জেলা কমিটির সম্পাদক মদন ঘটক ১৪ আগস্ট এক বিবৃতিতে বলেন, এই জয় সর্বস্তরের শুভবুদ্ধিসম্পন্ন মানুষের প্রতিবাদেরই ফল। নেতাজি সহ আপসহীন ধারার বিপ্লবী এবং নবজাগরণের প্রাণপুরুষ রামমোহন-বিদ্যাসাগর-রবীন্দ্রনাথ-শরৎচন্দ্র-নজরুল প্রমুখ মহান ব্যক্তিদের কালিমালিপ্ত করার যে ষড়যন্ত্র বিজেপি অব্যাহত রেখেছে তার বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে প্রতিবাদে সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।