Breaking News

জয়নগর-১ ব্লকে বিক্ষোভ এসইউসিআই(সি)-র

মাসাধিক কাল ধরে অতি বর্ষণে জয়নগর-১ ব্লকের বিভিন্ন অঞ্চলের ধানজমি, পুকুর, সবজি বাগান, রাস্তাঘাট এমনকি ঘরবাড়ি প্লাবিত হয়। নিকাশি ব্যবস্থা ঠিকমতো না থাকায় বিশেষত রাজাপুর করাবেগ, খাকুড়দা-জাঙ্গালিয়া, দক্ষিণ বারাসাত সহ ব্লকের বহু অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে। বর্তমানে গ্রাহকদের না জানিয়েই বহু রেশন কার্ড বাতিল করা হচ্ছে। কীসের ভিত্তিতে কার্ডগুলি বাতিল হচ্ছে ফুড ইন্সপেক্টর বা বিডিও তার কোনও সদুত্তর দিতে পারছেন না।

এই অবস্থায় জয়নগর-১ ব্লক এস ইউ সি আই (সি)-র উদ্যোগে অবিলম্বে ব্লকে উন্নত নিকাশি ব্যবস্থা গড়ে তোলা, ডুবে যাওয়া সবজি, আমন ধানের জন্য চাষিদের ক্ষতিপূরণ, ভেসে যাওয়া পুকুরগুলিতে চাষের জন্য মাছ সরবরাহ, সর্বত্র জমি, পুকুর, ডোবা, নয়ানজুলি বোজানো বন্ধ করা ও যথেচ্ছ রেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কয়েকশো মানুষের এক মিছিল বিডিও অফিসে যায়। পরে সহদেব কয়ালের নেতৃত্বে দিব্যেন্দু মুখার্জী, কানাই হালদার, গৌর হালদারের এক প্রতিনিধিদল বিডিওর কাছে ডেপুটেশন দেন। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন দলের রাজ্য কমিটির সদস্য গোপাল সাহু ও হারু দাস, শওকত আলি মোল্লা।