Breaking News

রাজ্যে বিজেপি সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ও বাস্তবতা

নতুন সরকার ক্ষমতায় এসেছে পাঁচ মাসের কিছু বেশি। মাত্র পাঁচ মাসে কোনও সরকারের বিরুদ্ধে জনগণের এত ক্ষোভ এর আগে দেখা যায়নি। ভোটের আগে তো এই সরকারের নেতা-মন্ত্রীরা কল্পতরু সেজেছিলেন! তাঁদের ভাব এমন ছিল যে, ক্ষমতায় এলে জনগণের কোনও অভাব, কোনও অসুবিধা তাঁরা রাখবেন না। এই যদি তাঁদের প্রতিশ্রুতি থাকে, তবে তো জনগণের তাঁদের মাথায় করে রাখার কথা। তার বদলে তাঁদের মনে এত ক্ষোভ কেন?

ক্ষমতায় আসার আগে কী প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁরা, আর বাস্তবে কী পেয়েছে জনগণ– এক নজরে দেখে নেওয়া যাক। নির্বাচনের আগে বিজেপির সংকল্পপত্রে লেখা ছিল, সরকারে এলে তারা মহিলাদের অন্নপূর্ণা ভাণ্ডার দেবেন মাসে ৩০০০ টাকা করে। বাস্তব হল, বিস্তর নথি পূরণের পর, চূড়ান্ত হয়রানি পেরিয়ে, এখনও অজস্র প্রান্তিক মহিলা অন্নপূর্ণা ভাণ্ডার পাননি। বঞ্চিত মহিলারা কোথাও রাস্তা অবরোধ, কোথাও বিডিও অফিস ঘেরাও, পঞ্চায়েত প্রধান দপ্তরে ধরনা, বিক্ষোভ ইত্যাদি করে চলেছেন। অবস্থা বুঝে মুখ্যমন্ত্রীর গলায় ভিন্ন সুর– ভাতা পেয়ে মানুষগুলোর অভ্যাস নাকি খারাপ হয়ে গিয়েছে, তাই ভাতার সংস্কৃতি বন্ধ করে দেবেন তাঁরা। ভাতা তাঁরা বন্ধ করতেই পারেন। কিন্তু সমস্ত পরিবারে জীবনধারণের উপযুক্ত রোজগারের ব্যবস্থা? না, তার কোনও সদুত্তর নেই। তা হলে ভোটের আগে এ সব বলেননি কেন?

মুখ্যমন্ত্রী বলেছিলেন, বিজেপি জিতলে গ্রাহককে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ফ্রি করে দেবেন। বাস্তবে নতুন সরকার গদিতে বসামাত্রই ঘোষণা হল, স্মার্ট মিটার বাধ্যতামূলক। গ্রাহকদের টাকা লুঠের যন্ত্র স্মার্ট মিটার– সৌজন্যে আদানি কোম্পানি। অন্যান্য রাজ্যে ইতিমধ্যে যার বিরূপ প্রতিক্রিয়ায় মানুষ চরম ক্ষুব্ধ, সেই স্মার্ট মিটার লাগানোর ফরমান পেল রাজ্যবাসী। বিদ্যুৎ গ্রাহক সংগঠন অ্যাবেকার আন্দোলনের চাপে পিছু হটেছে সরকার। কিন্তু ২০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ– তার কী হবে? ওগুলো কথার কথা, ভোটের আগে বলতে হয়! এ দিকে আবার নতুন সরকার ঘোষণা করেছে, দুর্গাপূজায় ক্লাবগুলোকে এক লাখ টাকা অনুদানের পাশাপাশি সমস্ত বিদ্যুৎ খরচ ফ্রি। এই বিদ্যুৎটা কি গোয়েঙ্কাই রাজ্যের পুজো-ক্লাবগুলোকে দিচ্ছে? মোটেও তা নয়। এর খরচ পরোক্ষে আদায় করে নেওয়া হবে জনগণের পকেট কেটেই।

নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর ঘোষণা ছিল– বিজেপিকে ক্ষমতায় আনলে, রান্নার গ্যাস সিলিন্ডার প্রতি ৪৫০ টাকায় পাবে সাধারণ মানুষ। বাস্তবটা ঠিক তার উল্টো। রান্নার গ্যাসের দাম দফায় দফায় বেড়েছে এবং এই পুজোর আগে আবার বাড়তে চলেছে।

এরপর অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আসা যাক, যা নিয়ে রাজ্য, দেশ উত্তাল হয়েছিল এক সময়। পূর্বতন সরকারকে হঠানোর দাবি ব্যাপক হয়ে উঠেছিল এই ইস্যুগুলিতে। যেমন, আর জি করের নির্যাতিতার বিচার চেয়েছিল জনগণ। ইডি, সিবিআই, আইন-আদালত কেউই প্রকৃত তদন্ত এগিয়ে নিয়ে যাবার চেষ্টা করেনি। আন্দোলন ভাঙতে পূর্বতন সরকার নানা রকম পদক্ষেপ গ্রহণ করেছিল। তা সত্তে্বও সাধারণ মানুষ আন্দোলনেই আস্থা রেখেছিল। ঠিক এক বছর আগে ‘জাগো নারী জাগো বহ্নিশিখা’র আহ্বানে রাজ্যের নারীশক্তি নতুন করে আন্দোলনের জোয়ার আনতে সমর্থ হয়েছিল। তারও আগে রাত দখল সহ অসংখ্য কর্মসূচিতে লক্ষ লক্ষ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ঘটেছিল। অভয়ার বিচারের দাবিতে সরব হয়ে উঠেছিল সুদূর পাহাড় থেকে সমুদ্র, বনাঞ্চল। কিন্তু তাতে শেষপর্যন্ত আস্থা রাখতে পারেননি নির্যাতিতার পরিবার। নির্যাতিতার মা রত্না দেবনাথ বিধানসভার প্রার্থী হলেন এই যুক্তিতে যে, ক্ষমতায় এলে মেয়ের বিচার ছিনিয়ে আনবেনই। তিনি জিতলেনও। কিন্তু বিচার? আদৌ তা মিলবে কি না– আজও তা চূড়ান্ত অনিশ্চিত।

নতুন সরকার এলে যে ফাইলগুলো খুলবে বলে মানুষ আশা করেছিল, তার ওপর জমা ধুলোর স্তর আরও পুরু হয়েছে। বিধায়ক নির্যাতিতার মা এতদিনে বলছেন, সিবিআই কিছু করছে না, বিচার প্রক্রিয়া এগোচ্ছে না। আর মুখ্যমন্ত্রী নাটকীয় ভঙ্গিমায়, ১৫ আগস্টের ভাষণে চিৎকার করে বলছেন, অভয়া ভুলিনি, অভয়া ভুলিনি… অভয়া ভুলিনি…। তারপর? তারপর, বারুইপুরের ছোট্ট মেয়েটির গণধর্ষণ ও নৃশংস খুনের ঘটনায় যখন উত্তাল পরিস্থিতি, তখন কেন রত্না দেবনাথ সরব নন, এই অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে কুমন্তব্য করে ১৫ লক্ষ টাকা কামিয়ে নিয়েছেন রেডিও জকি প্রিয়াঙ্কা সরকার। অভিযোগ উঠছে– ওই টাকা দিয়েছে বিজেপি। কার বিরুদ্ধে কুমন্তব্য করার জন্য? যিনি বিজেপি দলের বিধায়ক তথা আর জি করের নির্যাতিতার মা। এই ঘৃণ্য খেলায় হারিয়ে গেল বিচার চাওয়ার আর্তি।

এরপর আসা যাক শিক্ষা সংক্রান্ত বিষয়ে। পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ ছিল ডিএ না দেওয়া, নিয়োগ দুর্নীতি, ২৬ হাজার চাকরিচ্যুত শিক্ষকের চাকরি ফেরাতে ব্যর্থ হওয়া ইত্যাদি। ক্ষমতায় আসার আগে বর্তমান মুখ্যমন্ত্রী এ ক্ষেত্রেও সদর্পে ঘোষণা করেছিলেন, ‘আমাদের ক্ষমতায় আনুন। আমরা ২৬ হাজার শিক্ষকের চাকরি ফিরিয়ে দেব। বকেয়া ডিএ মিটিয়ে দেব।’ সে প্রতিশ্রুতি পূরণ তো হয়নি, উল্টে প্রতিশ্রুতি মনে করিয়ে দিতে গেলে জোটে পুলিশের লাঠি, হয়রানি ইত্যাদি।

কিন্তু কিছুই কি বদল হয়নি? হয়েছে। ৯৯৭টি সরকারি স্কুল তুলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী পূর্বের তুলনায় গলায় আরও জোর এনে ঘোষণা করেছেন রাজ্যে ১০০০টি আরএসএস পরিচালিত সরস্বতী বিদ্যামন্দির তিনি খুলবেন। এ দিকে টেটের ফাঁদে পড়েছে সরকারি স্কুলের গোটা শিক্ষক সমাজ। বছরের পর বছর শিক্ষকতা করার পর, টেট পরীক্ষা পাশ করতে না পারলে তাঁদের চাকরি চলে যাবে। টেট বিষয়টি সুপ্রিম কোর্টের রায় বলে কেন্দ্র ও রাজ্য সরকার এড়িয়ে যাচ্ছে। কিন্তু এ সম্পর্কে তাদের বক্তব্য কী, তা কোর্টে জানাচ্ছে না। এমনিতে শিক্ষকের অভাবে সরকারি স্কুলগুলো ধুঁকছে। তার উপর যাঁরা আছেন, তাঁদের দিয়ে এসআইআর থেকে সেন্সাস সহ নানাবিধ শিক্ষা বহির্ভূত সরকারি কাজ করানো হচ্ছে। ফলে ছাত্রদের পড়াশুনা কী ভাবে চলছে আন্দাজ করা কঠিন নয়। শুধু তাই নয়, স্কুলে স্কুলে যে চুক্তিভিত্তিক কম্পিউটার শিক্ষকরা স্কুলের যাবতীয় অনলাইনের কাজগুলো করে দেন, তাঁদের একাংশকে পুজোর আগে ছাঁটাইয়ের নোটিস ধরিয়ে দেওয়া হয়েছে। পরিণামে প্রধান শিক্ষকরা পড়েছেন দুর্বিপাকে। এক কথায় সাঁড়াশি আক্রমণে সরকারি স্কুলগুলোর শ্বাস-প্রশ্বাসটুকু কোনও রকমে চলছে। এ ভাবে চললে দমবন্ধ হতে বেশি সময় লাগবে না। আর কলেজে কলেজে, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ক্যাম্পাসে চলছে দখলদারির লড়াই। যাদবপুর, পঞ্চানন বর্মা থেকে এসআরএফটিআই, কোথাও নিস্তার নেই। বহিরাগত গুন্ডা, এবিভিপি-র আক্রমণে রক্তাক্ত হচ্ছে ছাত্রসমাজ। পুলিশ প্রশাসন নিরপেক্ষতা হারিয়ে সরাসরি সরকারের দলদাসের ভূমিকা পালন করছে। এর সঙ্গে যুক্ত হয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বদলি আইন– যা উচ্চশিক্ষা ব্যবস্থাকে তছনছ করে দেবে। ফলে সামগ্রিক ভাবে শিক্ষার পরিবেশটাই নষ্ট হতে বসেছে।

রাজ্য জুড়ে চূড়ান্ত নৈরাজ্য ও অরাজকতা। তোলাবাজি, দুর্নীতি, কাটমানি, গুন্ডামি এতটুকুও কমেনি। বরং পুলিশ প্রশাসনকে ঢালের মতো ব্যবহার করে প্রকাশ্যে এ সব চলছে। এমন পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, যাতে মানুষ প্রতিদিন হয়রান হতে হতে শাসকের কাছে মাথা নুইয়ে ন্যুজ্বকুজ্ব হয়ে পড়ে। ক্ষমতার অপব্যবহার করে সরকার আইন পাল্টে ফেলছে। সাধারণ মানুষের উপর এক দিকে শোষণের স্টিম রোলার চালানো হচ্ছে, অন্য দিকে প্রতিবাদের কণ্ঠ রোধ করার আয়োজন চলছে। বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, নজরুল প্রভৃতি বড় মানুষদের চিন্তা-চেতনার উপর উপর্যুপরি আঘাত হানা হচ্ছে। পাশাপাশি মহান দার্শনিক, সমাজবিজ্ঞানী কার্ল মার্ক্স ও শোষিত মেহনতি মানুষের নেতৃত্বে মহান নভেম্বর বিপ্লবের রূপকার মহামতি লেনিনের উপর বিদেশি তকমা লাগিয়ে আক্রমণ চলছে। যুক্তি বুদ্ধি চেতনাকে বন্ধ্যা করে দিয়ে মানুষকে একদল উন্মত্ত, উগ্র, যন্ত্রে পরিণত করাই এদের আসল লক্ষ্য। কিন্তু আশার কথা, ছাত্র-যুবসমাজ এই সব কিছুর বিরুদ্ধে লড়ছে, মোকাবিলা করার সাহস সঞ্চয় করছে, মোকাবিলা করছে। লড়তে লড়তে ভবিষ্যতের পথ চিনে নিচ্ছে। সাধারণ মানুষের কাছেও বিজেপি, আরএসএস, ডবল ইঞ্জিন সরকারের আসল চরিত্র ক্রমশ উন্মোচিত হচ্ছে। তারা প্রতিরোধে ঘুরে দাঁড়াচ্ছেও।