Breaking News

বিশ্ববন্দিত মনীষীদের অবমাননার প্রতিবাদে বামদলগুলির আহ্বানে সমাবেশ

১২ অক্টোবর, এসপ্ল্যানেড লেনিন মূর্তির পাদদেশ, ৩টা

বিজেপি পরিচালিত পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এখন দেশ-বিদেশের মনীষীদের নামাঙ্কিত রাস্তার নাম পরিবর্তনের জন্য উদ্যোগী হয়ে উঠেছে। এর জন্য দীর্ঘদিনের সর্বজনগ্রাহ্য নীতি বিসর্জন দিয়ে শিক্ষাবিদ, ইতিহাসবিদ, স্থাপত্য ও নগর বিজ্ঞান সংক্রান্ত বিশেষজ্ঞদের মতামত, এলাকার মানুষের মতামত, ঐতিহ্য ইত্যাদি কোনও কিছুর তোয়াক্কা না করে এক স্বঘোষিত ধর্মীয় মহারাজকে নামকরণ কমিটির শীর্ষস্থানে বসিয়ে সর্বজনশ্রদ্ধেয় মনীষীদের নাম কলকাতা সহ রাজ্যের অন্যান্য জেলার রাস্তা থেকে মুছে ফেলতে চাইছে।

 ইতিমধ্যেই তারা যে সমস্ত বিশ্ববন্দিত মনীষীর নামাঙ্কিত রাস্তার নাম তাদের মর্জি-মাফিক পরিবর্তনের চেষ্টা করছে, তার মধ্যে আছেন সারা বিশ্বের বহু মনীষীর শ্রদ্ধাভাজন এবং শোষণমুক্ত মানবসমাজ গঠনের পথের দিশারি মহান কার্ল মার্ক্স, দুনিয়ার বুকে প্রথম শোষণহীন সমাজতান্ত্রিক রাষ্ট্রের স্থপতি, সাম্রাজ্যবাদী ঔপনিবেশিক দাসত্ব মুক্তির লক্ষ্যে পরিচালিত স্বাধীনতা আন্দোলনের সাথী মহান লেনিন, যিনি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু, ভগৎ সিং সহ এ দেশের বহু স্বাধীনতা সংগ্রামী ও বিপ্লবীদের অনুপ্রেরণার উৎস। তাঁর প্রতিষ্ঠিত সোভিয়েত ইউনিয়নকে তীর্থস্থান বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এছাড়াও এই তালিকায় নাম রয়েছে মার্কিন সাম্রাজ্যবাদের বর্বর দখলদারির বিরুদ্ধে এশিয়ার মানুষের ঐতিহাসিক মুক্তিসংগ্রামের মহান নেতা হো চি মিন সহ নানা মহান মনীষীর নামাঙ্কিত রাস্তা।

বিজেপি নেতারা ও তাদের নিযুক্ত মহারাজ বলেছেন, বিদেশিদের নামে রাস্তা কলকাতায় থাকবে না। বোঝা যায় আরএসএস-বিজেপি পরিকল্পিত হিন্দু রাষ্ট্র ও তার ছাঁচে ফেলা উগ্র রাষ্ট্রবাদী ধারণা অনুসারে অচিরেই হয়তো বাদের তালিকায় নাম ঢুকবে উইলিয়াম শেক্সপিয়র, আইজ্যাক নিউটন, আলবার্ট আইনস্টাইন, ডেভিড হেয়ার, নেলসন ম্যান্ডেলা থেকে শুরু করে বিশ্বের মানুষের কাছে পরম শ্রদ্ধেয় আরও কিছু নাম।

আমরা জানি, মহান আদর্শ, বৈজ্ঞানিক আবিষ্কার, মানব সমাজের মুক্তি সংগ্রাম, মহান সাহিত্য– এর কোনও দেশি-বিদেশি ভাগ হয় না, এদের অবদান বিশ্বজনীন। এই কারণে বিশ্ব জুড়ে মানুষ চায় তাঁদের সম্মান জানাতে, দেশের মানুষের সাথে বিশ্ব মনীষার পরিচয় ঘটাতে। অপর দেশের গুণীজনের নামে নিজেদের শহরের রাস্তা, সংস্থা, এলাকার নামকরণ করে এসেছেন বহুকাল ধরে। তাই ভারতে যেমন অন্য দেশে জন্মগ্রহণ করা মনীষীদের মূর্তি, তাঁদের নামাঙ্কিত রাস্তা ইত্যাদি আছে, তেমনি বহু দেশে ভারতীয় মনীষীদের নামাঙ্কিত রাস্তা প্রভৃতি আছে।

 মনে রাখা দরকার, কিছুদিন আগেই বিজেপি নেতারা নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে নানা অপমানজনক মন্তব্য করেছেন, বীরভূমে তাঁর নামাঙ্কিত রাস্তার নাম বদলের চেষ্টা করেছেন। বোঝাই যায় এই কাজে এখন সফল হলে বিজেপি বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, সুকান্তের মতো তাদের অপছন্দের দেশি-বিদেশি মনীষীদের শুধু রাস্তার নামের ফলকে নয়, ইতিহাস থেকে মুছে ফেলার অপচেষ্টা করবে। এই অপচেষ্টা রুখতে আমরা মনে করি, সমস্ত বামপন্থী দল, গণতান্ত্রিক মনোভাবাপন্ন ও মুক্তচিন্তার সমস্ত মানুষের সক্রিয় ভাবে এগিয়ে আসা আজ অত্যন্ত জরুরি। রাজ্য এবং দেশের জনগণের কাছে উপরোক্ত আহ্বান জানিয়ে এস ইউ সি আই (কমিউনিস্ট) সহ বামপন্থী দলগুলির পক্ষ থেকে ১২ অক্টোবর এসপ্ল্যানেডে লেনিন মূর্তির পাদদেশে এক সমাবেশের ডাক দেওয়া হয়েছে। সেই সমাবেশে গণতান্ত্রিক ভাবনার মানুষদের যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।