Breaking News

এআইকেকেএমএস-এর ডাকে জেলায় জেলায় কৃষক মহাসমাবেশ

দক্ষিণ বারাসাত, ২৪ পরগণা (দক্ষিণ)

দেশের অন্নদাতা কৃষক সমাজ গভীর সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। ফসল ফললেও তাঁরা নিজেরা তার দাম নির্ধারণ করতে পারেন না, ন্যায্য মূল্যও পান না। অথচ উৎপাদনের সাথে যাদের কোনও যোগ নেই, সেই দেশি-বিদেশি শিল্পপতি ও ফড়েরা ফসলের দাম এমনভাবে নির্ধারণ করে যাতে তাদের মুনাফা সর্বাধিক হয়, কৃষকের লোকসান যাই হোক না কেন। ফলে ফসলের খরচ তুলতে না পেরে ঋণের বোঝা বইতে হয় দরিদ্র কৃষকদের। ঋণ মেটাতে না পেরে আত্মহত্যা করতে বাধ্য হন এই কৃষকরাই। এই দুরবস্থা দূর করা, কর্পোরেট রাজ খতম করা, ফসলের উৎপাদন খরচের কমপক্ষে দেড় গুণ হারে এমএসপি আইনসম্মত করা, সার-বীজ ও কীটনাশকের দাম কমানো, জব কার্ড হোষ্প্ররদের বছরে ২০০ দিনের কাজ ও দৈনিক ৭০০ টাকা মজুরি, ভারত-মার্কিন মুক্ত বাণিজ্য চুক্তি বাতিল, অগণতান্ত্রিক এসআইআর প্রক্রিয়ায় বাদ পড়া সমস্ত ভোটারের নাম ভোটার তালিকায় পুর্নবহাল করা ও জ্ঞানেশ কুমারকে বরখাস্ত করা ইত্যাদি দাবিতে জেলায় জেলায় এই মহাপঞ্চায়েত অনুষ্ঠিত হয়।

উত্তর ২৪ পরগণাঃ ২৯ সেপ্টেম্বর বারাসাত ডিএম অফিস চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। কমরেড দাউদ গাজির নেতৃত্বে এক প্রতিনিধিদল ১২ দফা দাবিপত্র ডিএম-এর কাছে জমা দেন। প্রধান বক্তা ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি পঞ্চানন প্রধান। এ ছাড়া রাজ্য সম্পাদক কমরেড গোপাল বিশ্বাস বক্তব্য রাখেন এবং সভাপতিত্ব করেন জেলা সভাপতি কমরেড পতিত পাবন মণ্ডল।

দক্ষিণ ২৪ পরগণাঃ অল ইন্ডিয়া কিসান-খেতমজদুর সংগঠন দক্ষিণ ২৪ পরগণা জেলার উদ্যোগে ৩০ সেপ্টেম্বর দক্ষিণ বারাসাত ফুটবল মাঠে হাজার হাজার কৃষকের উপস্থিতিতে মহাপঞ্চায়েত হয়। সংগঠনের সর্বভারতীয় সভাপতি কমরেড সত্যবান ও সর্বভারতীয় সম্পাদক কমরেড শংকর ঘোষ বক্তব্য রাখেন। কমরেড সত্যবান বলেন, একমাত্র সঙ্ঘবদ্ধ কৃষক আন্দোলন যে দেশি-বিদেশি কর্পোরেট পুঁজির আক্রমণ রুখে দিতে পারে, দিল্লির ঐতিহাসিক কৃষক আন্দোলন তা প্রমাণ করেছে। ওই আন্দোলনের সময়ে গড়ে উঠেছিল সংযুক্ত কিসান মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলোর যৌথ সংগ্রামী মঞ্চ। কমরেড শংকর ঘোষ বলেন, বীরেরা নয়, কৃষক-মজুররাই ইতিহাস তৈরি করেছে, সভ্যতা সৃষ্টি করেছে। এ ছাড়া সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড গোপাল বিশ্বাস বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য কমরেড রেণুপদ হালদার। শুরুতে জেলা সম্পাদক কমরেড বাপি মাইতি ৮ দফা দাবি সম্বলিত এক প্রস্তাব উত্থাপন করেন এবং সর্বসম্মতিতে তা পাশ হয়।

বীরভূমঃ ২৬ সেপ্টেম্বর মুরারই শহরে সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংগঠনের রাজ্য সম্পাদক কমরেড গোপাল বিশ্বাস। সভাপতিত্ব করেন বর্ষীয়ান কৃষক নেতা কমরেড বাগল মারডি। এ ছাড়া বক্তব্য রাখেন জেলা সম্পাদক কমরেড মানস সিংহ।

পশ্চিম বর্ধমানঃ ১ সেপ্টেম্বর জেলার দুর্গাপুর-ফরিদপুর কৃষি আধিকারিক অফিস চত্বরে সমাবেশ হয়। বিজেপি মদতপুষ্ট কিছু দুষ্কৃতী সমাবেশ ভণ্ডুল করার জন্য আক্রমণ শুরু করলে সংগঠনের কর্মীরা এবং জনসাধারণ রুখে দাঁড়ান। দুষ্কৃতীরা পালিয়ে যেতে বাধ্য হয়। প্রধান বক্তা ছিলেন রাজ্য সম্পাদক কমরেড গোপাল বিশ্বাস, সভাপতিত্ব করেন জেলা সভাপতি কমরেড দনা গোস্বামী। এ ছাড়া বক্তব্য রাখেন জেলা সম্পাদিকা কমরেড প্রভাতী গোস্বামী। প্রতিটি সমাবেশেই শত শত কৃষক-খেতমজুর অংশগ্রহণ করেন।