Breaking News

রাজ্যপালের উদ্যোগে ১৯৪৬-এর দাঙ্গা বিষয়ে প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন গর্হিত কাজ

রাজ্যপালের উদ্যোগে ১৯৪৬ সালের দাঙ্গা বিষয়ে ছাত্র-ছাত্রীদের প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজনের তীব্র প্রতিবাদ করে এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ৫ অক্টোবর এক বিবৃতিতে বলেন,

রাজ্যপাল ‘১৯৪৬ সালের কলকাতার গণহত্যাযজ্ঞ, কারণ ও ফলাফল সমূহ’ ও ‘অল ইন্ডিয়া মুসলিম লিগের প্রত্যক্ষ সংগ্রাম দিবস, ভারতের চিরায়ত সভ্যতার ওপর এক মারাত্মক আক্রমণ’ বিষয়ক প্রবন্ধ প্রতিযোগিতার ব্যবস্থা করেছেন এবং রাজ্য শিক্ষা দফতরের তরফ থেকে তা শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে জানানো হয়েছে। প্রথমটি স্কুল ও দ্বিতীয়টি কলেজ পড়ুয়াদের জন্য। এমন সংবেদনশীল বিষয়ের ওপর ইতিপূর্বেই কলকাতা বিশ্ববিদ্যালয়ে মাস দেড়েক আগে বক্তব্য রেখে তিনি শিক্ষাবিদ ও ইতিহাসবিদদের সমালোচনার সম্মুখীন হয়েছিলেন। ’৪৬-এর গণহত্যা ভারতের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়– যাতে উভয় সম্প্রদায়ের হাজার হাজার গরিব মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল– শিশু ও নারীরা যার শিকার হয়েছিল বেশি। বহু নারী পাশবিক অত্যাচারের শিকারও হয়েছিল। ইতিহাসবিদদের মতে, যে অংশে যে সম্প্রদায়ের শক্তি কম ছিল সেখানে তাদের প্রাণহানি হয়েছিল বেশি। শেষপর্যন্ত মুসলিম সম্প্রদায়ের মানুষের মৃত্যু হয়েছিল বেশি। এই দাঙ্গার স্মৃতি এ দেশের, বিশেষ করে এ রাজ্যের মানুষের কাছে অত্যন্ত দুঃখের এবং হৃদয়বিদারক, যা কখনওই উদযাপনের বিষয় হতে পারে না।

ইতিহাস সচেতন যে কোনও মানুষ জানেন, পরবর্তী দেশভাগের প্রস্তুতি হিসাবেই ক্ষমতালোভী রাজনৈতিক শক্তিগুলি এই নৃশংস ঘটনাকে মদত দিয়েছিল। সাভারকরের দ্বিজাতিতত্ত্ব প্রবর্তনের মাধ্যমে দেশভাগের যে তাত্ত্বিক ভিত রচিত হয়েছিল, যার ধারাবাহিকতায় মুসলিম লিগ নেতা জিন্না কর্তৃক পাকিস্তান তৈরির প্রস্তাব এবং কংগ্রেস নেতৃত্ব কর্তৃক দেশভাগের প্রস্তাবে সম্মতি প্রদান– এ সব ইতিহাস মানুষ অবহিত। ফলে এ সব কিছুই ছিল ’৪৬-এর দাঙ্গার প্রেক্ষিত। এ ইতিহাস লজ্জার, ঘৃণার।

সেই ইতিহাসকে উস্কে দেওয়ার উদ্দেশ্যে সরকারি উদ্যোগে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্রবন্ধ প্রতিযোগিতায় আহ্বান করা রাজ্যপালের পদের পক্ষে অমর্যাদাকর। এমন বিষয়বস্তু নিয়ে প্রবন্ধ লিখতে বলার মধ্য দিয়ে যে বিভাজনের জন্য এই দাঙ্গা হয়েছিল তাকেই বর্তমান প্রজন্মের মধ্যে জাগিয়ে তোলা হবে। সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে তা বিপজ্জনক। রাজ্যপালের মতো দায়িত্বশীল পদে থেকে এই কাজ অত্যন্ত গর্হিত। আমরা এর তীব্র প্রতিবাদ করছি এবং অবিলম্বে রাজ্যপালকে এই প্রচেষ্টা থেকে বিরত হওয়ার দাবি করছি।