
এআইইউটিইউসি অনুমোদিত সারা বাংলা মোটরভ্যান চালক ইউনিয়নের ডাকে মোটরভ্যান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহার, প্রশাসনিক হয়রানি বন্ধ, লাইসেন্স প্রদান সহ ৫ দফা দাবিতে ২৯ সেপ্টেম্বর কলকাতায় রাজ্য পরিবহণ ভবন অভিযান হয়।
২০ হাজারের বেশি মোটরভ্যান চালকের মিছিল রানি রাসমণি অ্যাভিনিউয়ে পৌঁছায়। সেখানে ইউনিয়নের সভাপতি, এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক অশোক দাসের সভাপতিত্বে বিক্ষোভসভা শুরু হয়। বক্তব্য রাখেন সহসভাপতি তপন দাস, সম্পাদকমণ্ডলীর সদস্য অমিত মান্না, নয়ন কর্মকার, সারা বাংলা ই-রিক্সা (টোটো) চালক ইউনিয়নের রাজ্য সম্পাদক শ্যামল রাম, কলকাতা সাবারবান বাইক ট্যাক্সি অপারেটর্স ইউনিয়নের পক্ষে আবু সাঈদ প্রমুখ।
ইউনিয়নের সম্পাদক জয়ন্ত সাহার নেতৃত্বে এক প্রতিনিধিদল পরিবহণ মন্ত্রীকে স্মারকলিপি দেন। তাঁদের যুক্তিপূর্ণ বক্তব্যের সামনে শেষ পর্যন্ত পরিবহণ মন্ত্রী আপাতত ধরপাকড় করা হবে না বলে জানান। সভাপতির ভাষণে অশোক দাস বলেন, মোটরভ্যান চলাচল বন্ধের ষড়যন্ত্র চালিয়েও আগের সরকারগুলি এই যানের চাকা বন্ধ করতে পারেনি, বর্তমান সরকারও তা পারবে না।