
মেদিনীপুর মেডিকেল কলেজের দায়িত্ব বেসরকারি কর্পোরেট সংস্থা জিন্দালের হাতে তুলে দেওয়ার সরকারি প্রস্তাবের প্রতিবাদ করে মেডিকেল সার্ভিস সেন্টারের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক ডাঃ বিপ্লব চন্দ্র ৫ নভেম্বর এক বিবৃতিতে বলেন,
মুখ্যমন্ত্রী ৪ নভেম্বর নবান্নে এক সাংবাদিক বৈঠকে বলেছেন যে, মেদিনীপুর মেডিকেল কলেজের দায়িত্ব নাকি জিন্দাল গ্রুপ নেবে। মুখ্যমন্ত্রীর এই দায়িত্বজ্ঞানহীন অভিপ্রায়ের আমরা প্রতিবাদ জানাই। এ কথা বলার অপেক্ষা রাখে না যে একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের দায়িত্ব জিন্দালের মতো বেসরকারি কর্পোরেট সংস্থার হাতে দেওয়া, আদপে বেসরকারিকরণের নামান্তর। সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালগুলিতে যখন লোকবলের চূড়ান্ত অভাব, ওষুধ অপ্রতুল, পরিকাঠামোর মান নিম্নগামী, তখন সেই বিষয়গুলিতে নবনির্বাচিত সরকার গুরুত্ব না দিয়ে বেসরকারিকরণের পথে হাঁটছে– যা চূড়ান্ত নিন্দনীয়। এই রাজ্যে আগের সরকারগুলি সরকারি হাসপাতালে পিপিপি মডেল চালু করে বেসরকারিকরণের যে বীজ বপন করেছিল, তা আজ মহীরুহে পরিণত হতে চলেছে।
তিনি বলেন, অতীতে স্বাস্থে্যর বেসরকারিকরণের প্রতিবাদে যেমন আন্দোলন গড়ে উঠেছিল এ বারও জনসাধারণকে সরকারি হাসপাতাল বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে তীব্র গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানাই। সর্বস্তরের জনসাধারণকে সরকারের এই ঘৃণ্য পদক্ষেপের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আবেদন জানাই।