Breaking News

আবারও এনকাউন্টারঃ বন্দুকের নলেই কি আইনের শাসন!

বারুইপুর, গাইঘাটা ও সামসেরগঞ্জের পর এ বার রায়গঞ্জে এনকাউন্টার হত্যা ঘটল। রায়গঞ্জে মেয়েটিকে যেভাবে পাশবিক অত্যাচার করে হত্যা করা হয়েছে তার এবং এনকাউন্টারে অভিযুক্তকে হত্যার তীব্র নিন্দা করে এস ইউ সি আই (কমিউনিস্ট) রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য ৯ নভেম্বর এক বিবৃতিতে বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর চারটি এনকাউন্টার হত্যা করল। ধর্ষণ-খুন এবং খুনের ঘটনার অপরাধীরা কঠোরতম শাস্তি পাক, তা নিয়ে বিতর্কের কোনও অবকাশ থাকতে পারে না।

প্রথম তিনটি ক্ষেত্রে তবুও পুলিশ এনকাউন্টারে নিহতদের প্রথমে আটক করেছিল, চতুর্থ ক্ষেত্রে তাও করতে পারেনি। অর্থাৎ পুনর্নির্মাণের গল্প তৈরিও করতে পারেনি। ‘দু তিনটে ক্ষেত্রে পুলিশকে ছাড় দেওয়া আছে’, ‘বন্দুক কি পুলিশের পকেটে রাখা কাজ’– রাজ্যের প্রশাসক হিসাবে মুখ্যমন্ত্রীর এই কথার মধ্য দিয়ে পুলিশকে একই সঙ্গে অভিযোগকারী, বিচারক ও শাস্তিদাতার ভূমিকা পালন করতে দেওয়ার দ্বারা বিচারব্যবস্থার প্রয়োজনীয়তাকেই অস্বীকার এবং হেয় প্রতিপন্ন করা হচ্ছে– যা সভ্য সমাজে চলতে পারে না।

তথাকথিত রাষ্ট্রবাদীরা এইভাবে রাজ্যকে বন্দিদের, এমনকি পুলিশের চোখে সন্দেহভাজনদের বধ্যভূমিতে পরিণত করেছে। আর একেই তারা আইনের শাসন বলে চালাতে চাইছেন। আমরা আইনের নামে এই পুলিশ-রাজের তীব্র নিন্দা করছি এবং এমন সমস্ত অভিযোগের ক্ষেত্রে ন্যায়বিচারের পদ্ধতি অবলম্বন করে শাস্তি প্রদানের দাবি করছি।

অন্য দিকে দুর্গাপূজার সময়ের মতো কালীপূজার সময়ও এস ইউ সি আই (সি)-র দলের উদ্যোগে যে বুকস্টল হয়েছে তার উপর হিন্দুত্ববাদী সংগঠনগুলো আক্রমণ অব্যাহত রেখেছে। গতকাল বারাসাতের কলোনি মোড়ে দলের কর্মীরা বুকস্টল করেছিল, ৮-১১ নভেম্বর পর্যন্ত তা চলার কথা। রাত ৯টার পর স্টল বন্ধ করে কর্মীরা ফিরে যায়। হিন্দু জাগরণ মঞ্চের দুষ্কৃতীরা গভীর রাতে সেই স্টল ভেঙে দেয়।