
কিছু দিন আগে হিমবাহ ধসে প্লাবনে বিধ্বস্ত হয়েছে নেপাল। সরকারি হিসাব, মৃত অন্তত পাঁচ হাজার। কয়েকটি জেলায় বাড়িঘর পলির তলায় চাপা পড়ে যেভাবে সম্পূর্ণ ধ্বংস হয়েছে তা কল্পনাও করা যায় না। স্বাভাবিক ভাবেই দেশের মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে– এই ভয়ঙ্কর ধবংসকাণ্ড থেকে ভারত কি কিছু শিক্ষা নেবে? ক্ষত মোছার আগেই উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড পাহাড়ি ধসে, হড়পা বানে বিধ্বস্ত হল। একের পর এক এই প্রাকৃতিক বিপর্যয়ের অন্যতম প্রধান কারণ, উন্নয়নের নামে অপরিকল্পিত নগরায়ন। এর মধ্যেই দেশের সর্ববৃহৎ আদিবাসী অধ্যুষিত রাজ্য মধ্যপ্রদেশে ‘কেন-বেতোয়া’ নদী প্রকল্পের জন্য নির্বিচারে প্রাকৃতিক পরিবেশের ওপর আঘাত হানা হচ্ছে। পাশাপাশি গরিব ও প্রান্তিক মানুষের উচ্ছেদ চলছে নির্বিচারে।
কেন-বেতোয়া প্রকল্পটি কী? মধ্যপ্রদেশের ‘কেন’ নদীর উদ্বৃত্ত জলকে উত্তরপ্রদেশের শুকনো বেতোয়া নদীতে ফেলে তা পুনরুজ্জীবিত করতেই এই ‘কেন-বেতোয়া লিঙ্ক প্রজেক্ট’। সরকার বলছে, ৪৪ হাজার ৬০৫ কোটি টাকা ব্যয়ের এই প্রকল্প প্রায় ৬২ লক্ষ মানুষকে পানীয় জল সরবরাহ করবে। এ ছাড়াও ১০ লক্ষ ৬২ হাজার হেক্টর জমিতে সেচ ও ১০৩ মেগাওয়াট জলবিদ্যুৎ ও ২৭ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপন্ন হবে। কেন্দ্রীয় সরকারের দাবি, এতে মধ্যপ্রদেশের ১০টি ও উত্তরপ্রদেশের ৪টি জেলার মানুষ উপকৃত হবেন। খরাপ্রবণ বুন্দেলখণ্ডে কৃষির উন্নতি ও পানীয় জলের সঙ্কট দূর হবে।
তা হলে তো এই প্রকল্পে এলাকার মানুষের খুশি হওয়ার কথা! কিন্তু দেখা যাচ্ছে, এই অঞ্চলের বাসিন্দা মূলত আদিবাসী দরিদ্র মানুষ কেন-বেতোয়া প্রকল্পের বিরুদ্ধে লাগাতার আন্দোলনে নেমেছেন। কারণ হিসেবে যে তথ্যগুলি সামনে উঠে আসছে তা কোনও ভাবেই সাধারণ মানুষের স্বার্থরক্ষাকারী নয়। প্রকল্প অনুযায়ী, ‘কেন’ নদীর উপর ৭৪ মিটার উঁচু দৌধন বাঁধ নির্মাণ হবে। সেই বাঁধ থেকে খাল কেটে কেন নদীর বাড়তি জল বেতোয়াতে দেওয়া হবে। এই বাঁধের জন্য মধ্যপ্রদেশের ছতরপুর ও পান্না জেলার ২২টি গ্রাম সম্পূর্ণ জলের তলায় চলে যাবে। এখানকার ৭২ শতাংশ পরিবার ভূমিহীন হয়ে পড়বে, মাঝারি ও ক্ষুদ্র চাষিদের বড় অংশ জীবিকা হারাবেন। পান্না, ছতরপুর ও টিকামগড় জেলার প্রায় ২০ হাজারেরও বেশি মানুষ উচ্ছেদ হবেন। কেন নদীকে ঘিরে জীবিকা নির্বাহ করেন যে মৎস্যজীবীরা তাঁরা ক্ষতিগ্রস্ত হবেন। স্থানীয় মানুষের জীবিকা অনেকটাই প্রকৃতি-নির্ভর। জমি-জীবিকা হারিয়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন আদিবাসী ও গ্রামীণ গরিব জনগোষ্ঠীর মানুষ।
এই প্রকল্পের জন্য জীবন-জীবিকা বিপন্ন হতে চলেছে যাদের, তাদের উপযুক্ত পুনর্বাসন ও ক্ষতিপূরণ দেওয়ার ক্ষেত্রে সরকারের কিন্তু আন্তরিকতার ব্যাপক অভাব রয়েছে। দেখা যাচ্ছে, কেন-বেতোয়া প্রকল্পে জমি অধিগ্রহণের কোনও নিয়ম-নীতি মানা হয়নি। পঞ্চায়েত আইন (পেসা ১৯৯৬) ও বনাধিকার আইন (ফরেস্ট রাইটস অ্যাক্ট, ২০০৬) অমান্য করে জমি দখলের চক্রান্ত চলছে। ২০০৬ সালের ‘জাতীয় পুনর্বাসন নীতি’ মেনে ক্ষতিগ্রস্তদের ‘জমির বদলে জমি’ না দিয়ে সামান্য নগদ হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। বহু ক্ষতিগ্রস্তের নাম তালিকাতেই নেই। স্থানীয় বাসিন্দাদের জমি ও ঘরের ক্ষতির মূল্যায়নও অসম্পূর্ণ। প্রকল্পে অর্থ বণ্টনকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রায় ৪০০ কোটি টাকার দুর্নীতির খবরও প্রকাশ্যে এসেছে।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে তাদের সমস্যার কথা বারবার জানিয়েও প্রতিকারের পথ খুঁজে পাননি। জমি দখল ও একের পর এক নির্মাণ কাজ শুরু হলেও উচ্ছেদ হওয়া এই মানুষদের পুনর্বাসনের ব্যবস্থা করেনি সরকার। ফলে আন্দোলনের রাস্তাই বেছে নিতে বাধ্য হয়েছেন এখানকার বাসিন্দারা। আন্দোলনকারীদের দাবি, উপযুক্ত ক্ষতিপূরণ না দিলে প্রকল্প বন্ধ করতে হবে। ২০২৬-এর এপ্রিল থেকে আন্দোলন তীব্র হতে থাকে। মে থেকে জুলাই মাসে তা তীব্রতর হয়। এরপর তাঁরা মহাপঞ্চায়েতে সামিল হন। জল-জঙ্গল-জমি থেকে বাসিন্দাদের উৎখাত করার বিরুদ্ধে, উপযুক্ত পুনর্বাসন, মহিলাদের সম পরিমাণ ক্ষতিপূরণ, জমির দামের চারগুণ বেশি ক্ষতিপূরণ– এই দাবিগুলি নিয়ে তাঁরা আন্দোলন চালাতে থাকেন। প্রশাসন আন্দোলন দমনের চেষ্টা করলেও নাছোড় জেদে তাঁরা গলায় প্রতীকী ফাঁস দিয়ে, বাঁশ-কাঠের চিতাতে শুয়ে এবং জলে ডুবে থেকে দিনের পর দিন অনশন আন্দোলন চালিয়েছেন। অনশন আন্দোলনের ১৭তম দিনে ১৯ জুলাই পুলিশ আন্দোলনকারীদের তাঁবু ভেঙে দেয় এবং তাদের জোর করে গ্রেপ্তার করে। তারপরেও নানা ভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দুর্গত মানুষ। ২৪ অক্টোবর পান্নায় ‘সংবিধান বাঁচাও, গণতন্ত্র বাঁচাও’ মিছিলে অংশ নেন আন্দোলনকারীরা। ৩০ অক্টোবর জেলাশাসক ক্ষতিপূরণ, নথির অসংগতি ও পুনর্বাসনের দাবি সম্পর্কে সমীক্ষার আশ্বাস দেন আন্দোলনকারীদের। কিন্তু আন্দোলনকারীরা প্রশ্ন তুলেছেন, কেন এতদিন পরে প্রশাসন পুনরায় সমীক্ষার কথা বলছে, ক্ষতিপূরণ ও পুনর্বাসনের প্রক্রিয়ায় গলদ থাকলে তার দায় কার?
পরিবেশবিদরাও এই প্রকল্পে তাঁদের আপত্তির কথা জানিয়েছেন। তাঁরা বলছেন, নদীর স্বাভাবিক গতিপথ বদলানোর ক্ষতিকর প্রভাব পড়বে বুন্দেলখণ্ডের পরিবেশ ও নদী-বাস্ততন্ত্রের উপর। পান্না টাইগার রিজার্ভের ‘কোর’ এলাকার প্রায় ৪১০০ হেক্টর বনভূমি সম্পূর্ণ তলিয়ে যাবে বাঁধের জলে। কাটা পড়বে ২০-৪০ লক্ষ পরিণত গাছ, যা স্থানীয় জলবায়ু ও স্বাভাবিক বৃষ্টিপাতের ছন্দ বদলে দেওয়ার জন্য যথেষ্ট। ‘কেন’ নদী ও তার আশপাশের খাঁড়ি অঞ্চল বিলুপ্তপ্রায় ঘড়িয়াল ও বিরল প্রজাতির শকুনের প্রজনন ক্ষেত্র। পরিবেশবিদদের আশঙ্কা, ‘কেন’ নদীর স্বাভাবিক প্রবাহ থমকে গেলে ধ্বংস হবে ইতিমধ্যেই বিপদগ্রস্ত প্রাণীদের বংশবৃদ্ধি। এর ফলে পরিবেশের ভারসাম্য ব্যাহত হবে।
পরিবেশ ও বাস্ততন্ত্রের ভয়ানক ক্ষতি, অসংখ্য দরিদ্র আদিবাসী মানুষের জীবন-জীবিকা বিপন্ন করেও যে কেন-বেতোয়া প্রকল্প নির্মাণে অনড় কেন্দে্রর বিজেপি সরকার, তা কিন্তু বিপুল মুনাফা লোটার সুযোগ করে দিয়েছে অন্ধ্রপ্রদেশের এনসিসি সহ কয়েকটি বৃহৎ কোম্পানিকে। এই প্রকল্পে বাঁধ নির্মাণের বরাত পেয়েছে যে এনসিসি, তার সঙ্গে বিজেপির অবৈধ আঁতাতের অভিযোগ উঠেছে। জানা গেছে, ২০১৯-২২ এ ওই কোম্পানি বিজেপিকে ইলেক্টোরাল বন্ড হিসাবে ৬০ কোটি টাকা অনুদান দিয়েছে।
বিজেপির সাথে এনসিসি-র ঘনিষ্ঠতা কত গভীর বোঝা যায় বিজেপি শাসিত নানা রাজ্যে এর বরাত পাওয়ার দীর্ঘ তালিকা দেখে। গুজরাট ও কর্ণাটকে ২০২২-এ, মুম্বইয়ে ২০২৩-২৪ এ যৌথ ভাবে আর এক কোম্পানির সাথে, আসাম ও বিহারে ২০২৫-এ নানা ক্ষেত্রে এই কোম্পানি বরাত পেয়েছে শাসক দলের দাক্ষিণ্যে। এই কোম্পানিই ২০২৩-এ মহারাষ্টে্র বিদ্যুতের স্মার্ট মিটার প্রকল্পের ৮,৩৯৮ কোটি টাকার বরাত পেয়েছে। মধ্যপ্রদেশের এক মন্ত্রীকে ঘুষ দেওয়ার বিনিময়ে একটি প্রকল্পের ছাড়পত্র আদায় করেছিল ওই সংস্থা– এমন অভিযোগও রয়েছে। কাজেই আন্দোলনকারী সাধারণ মানুষকে হঠিয়ে কেন-বেতোয়া প্রকল্পের কাজ বাধাহীন করার এমন তৎপরতা কেন বিজেপি সরকার দেখাচ্ছে, তা সহজেই অনুমান করা যায়। পরিবেশ জলবায়ু বাস্তুতন্ত্র ধ্বংস করে লক্ষ লক্ষ মানুষকে উচ্ছেদ ও জীবিকাচ্যুত করে কার স্বার্থে এ কার উন্নয়ন? শুধু কেন-বেতোয়া নয়, নিকোবর দ্বীপপুঞ্জ থেকে শুরু করে গোটা দেশে উন্নয়নের নামে চলেছে একের পর এক ধ্বংসযজ্ঞ। বৃহৎ পুঁজিপতিদের মুনাফার স্বার্থে পরিবেশবিদ, বিজ্ঞানী, দেশের সাধারণ মানুষের আপত্তি উড়িয়ে দিয়ে এই সর্বনাশা ধ্বংসযজ্ঞের হোতার ভূমিকা পালন করছে কেন্দে্রর বিজেপি সরকার।