
পশ্চিমবঙ্গের ভোটাধিকার বঞ্চিত লক্ষ লক্ষ নাগরিকদের সংগঠন ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি, পশ্চিমবঙ্গ-এর যুগ্ম আহ্বায়ক ডাঃ তরুণ মণ্ডল ও শিশির সরকার ২৪ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলেন,
অবিলম্বে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ ও বিচারবিভাগীয় তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সম্পূর্ণ অগণতান্ত্রিক, বেআইনি, অসাংবিধানিক ও স্বৈরাচারী পদক্ষেপ করে কেন্দ্রের বিজেপি পরিচালিত সরকারের পরিকল্পনামাফিক নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ক্ষুণ্ন করে সারা দেশের ১৩ কোটি ভারতবাসীর নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে, তা ক্ষমার অযোগ্য নিকৃষ্টতম অপরাধ।
গণতন্ত্রের একটি সর্বোচ্চ মর্যাদাসম্পন্ন প্রতিষ্ঠানের সম্মান ধূলিসাৎ করে বাস্তবে নির্বাচনকেই পরিহাসে পরিণত করেছে। মুখ্য নির্বাচন কমিশনারের পরিচালনায় লক্ষ লক্ষ প্রকৃত ভোটারদের বাইরে রেখে পশ্চিমবাংলা সহ যে সব রাজ্যের নির্বাচন হয়েছে এ সব ক্ষেত্রে প্রকৃত ভোটারদের তালিকায় ফিরিয়ে এনে পুনর্নির্বাচনের দাবি ন্যায্য এবং আমরা সমিতির পক্ষ থেকে তা সমর্থন করি। পশ্চিমবঙ্গের় ১৬ লক্ষের অধিক পুনরায় তালিকাভুক্ত ভোটারের নাম বাদ দেবার জন্য নির্বাচন কমিশনের নিজস্ব আপিল, ২২ লক্ষাধিক নাগরিকের আপিলের নিষ্পত্তি না করে পুনরায় পুরসভা নির্বাচনের প্রস্তুতি, অযোগ্যদের তালিকাভুক্ত করা, কমিশনের আইটি বিভাগ কেন্দ্রীয় ভাবে কুক্ষিগত করে রাজ্যের আধিকারিকদের তার ব্যবহার থেকে বঞ্চিত রাখা প্রভৃতি গর্হিত অপরাধ যা বাকি দুজন নির্বাচন কমিশনারদের আপত্তি সত্ত্বেও জ্ঞানেশ কুমার করেছেন।
ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি পশ্চিমবঙ্গ মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণ ও শাস্তির দাবিতে অবিলম্বে রাজ্যব্যাপী তীব্র আন্দোলন গড়ে তুলবে এবং ভোট বঞ্চিত লক্ষ লক্ষ মানুষ ও তাদের পরিবারকে এই আন্দোলনে সামিল করবে।