
ন্যূনতম সহায়ক মূল্যে (এমএসপি) মুগ ডাল সরকারিভাবে কেনার দাবিতে এবং সার বিতরণের ই-টোকেন ব্যবস্থার বিরুদ্ধে মধ্যপ্রদেশের ভোপালে কৃষকদের সফল আন্দোলনের জন্য এআইকেকেএমএস রাজ্যের সমস্ত কৃষকদের বিপ্লবী অভিনন্দন জানিয়েছে। এআইকেকেএমএস-এর রাজ্য সম্পাদক মনীশ শ্রীবাস্তব ৩০ জুলাই এক বিবৃতিতে বলেন, এই জয় কৃষকদের ঐক্যবদ্ধ আন্দোলন এবং দাবি আদায়ের লড়াকু মানসিকতার ফলে অর্জিত হয়েছে।
কৃষক আন্দোলনের চাপে পড়ে মধ্যপ্রদেশ সরকার গ্রীষ্মকালীন মুগ ডালের সরকারি সংগ্রহের সীমা ২৫ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করতে বাধ্য হয়েছে। পাশাপাশি সার বিতরণের ই-টোকেন ব্যবস্থা সাময়িকভাবে স্থগিত করা, মুগ ডালের স্লট বুকিংয়ের সময়সীমা ১০ আগস্ট পর্যন্ত এবং কেনার শেষ তারিখ ২০ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তিনি বলেন, সমস্ত কৃষকের উৎপাদিত সব ফসল যাতে ন্যায্য মূল্যে কেনা নিশ্চিত হয়, তার জন্য আন্দোলন অব্যাহত থাকবে। সারের জন্য চালু করা ই-টোকেন ব্যবস্থা কৃষকদের দুর্ভোগ বাড়িয়ে তুলেছিল। চাষের এই গুরুত্বপূর্ণ মরশুমে অনলাইন টোকেন ব্যবস্থা, প্রযুক্তিগত ত্রুটি এবং দূরবর্তী বিক্রয়কেন্দ্রগুলির কারণে কৃষকদের চরম সমস্যায় পড়তে হচ্ছিল। তাই ই-টোকেন ব্যবস্থা স্থগিত হওয়াটাও কৃষক আন্দোলনের এক উল্লেখযোগ্য প্রাপ্তি।
এই আন্দোলন আবারও প্রমাণ করল যে, কৃষকরা সংগঠিত হয়ে তাঁদের ন্যায্য দাবির জন্য লড়াই করলে সরকার তাঁদের কথা শুনতে বাধ্য।