
‘বামপন্থীদের বুকস্টল করতে দেব না’–মুখ্যমন্ত্রীর এই আগাম ঘোষণা ঘোর বাস্তব হয়ে দেখা দিল এই বাংলায় এ বারের শারদোৎসবের আবহে। রাজ্য জুড়ে এসইউসিআই(কমিউনিস্ট) সহ বিভিন্ন বামপন্থী দলের বইয়ের স্টলের ওপর ঝাঁপিয়ে পড়ল শাসক বিজেপির মদতপুষ্ট গুন্ডাবাহিনী। কোথাও ধমকে-চমকে, কোথাও সশস্ত্র আক্রমণ নামিয়ে কর্মীদের রক্তাক্ত করে, স্টলের ব্যানার, লাল পতাকা ছিঁড়ে, ভাঙচুর করে বইয়ের স্টল বানচাল করার চেষ্টা করল তারা। নবজাগরণের এই মাটিতে, শহর কলকাতার বুকে নর্দমায় ফেলা হল শরৎচন্দ্র, বিদ্যাসাগরের বই, মাটিতে ফেলে চরম আক্রোশে লাথি মারা হল বইয়ের ওপর।
বিরোধীদের ওপর শাসক দলের দমন-পীড়ন, বিরোধিতার কণ্ঠরোধ করা রাজ্যে বা দেশে নতুন নয়। কিন্তু বইয়ের ওপর এমন আক্রোশ, সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে বইয়ের স্টলে ভাঙচুর-গুণ্ডামির এই নির্লজ্জ স্পর্ধা কার্যত নজিরবিহীন। দীর্ঘদিন ধরেই বইয়ের স্টল এ রাজ্যে শারদোৎসবের অঙ্গ। এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা সংগ্রামী বামপন্থী দল এসইউসিআই(কমিউনিস্ট)-এর। রাজ্যের হাজারেরও বেশি বুকস্টলে দলের কর্মীরা উৎসবের দিনগুলো সকাল থেকে রাত পর্যন্ত অক্লান্ত ভাবে পথচলতি মানুষের কাছে বই কেনার আবেদন করেন, মানুষও সাগ্রহে বই দেখেন, বই কেনেন। প্রতি বছরই এই সব স্টল থেকে অসংখ্য হাতে হাতে ছড়িয়ে যায় বিদ্যাসাগর-রবীন্দ্রনাথ-নজরুল-শরৎচন্দ্র, নেতাজি-ভগৎ সিংয়ের মতো এ দেশের নবজাগরণ ও স্বাধীনতা আন্দোলনের মনীষীদের জীবনের কথা, তাঁদের জীবনচর্চার প্রাসঙ্গিকতা, অন্য দিকে মার্ক্সবাদের বুনিয়াদি তত্তে্বর বই, মার্ক্স-এঙ্গেলস-লেনিন-স্ট্যালিনের শিক্ষা, এ দেশের মহান মার্ক্সবাদী দার্শনিক শিবদাস ঘোষের বৈপ্লবিক চিন্তাধারা।
এইসব বইয়ের ওপর কেন এত ক্ষিপ্ত হল শাসক বিজেপি? আসলে মুখে যাই বলুন বা ‘বামবধ’-এর হাস্যকর হোর্ডিং বানান, শাসকদল এবং শাসকশ্রেণি খুব ভালো করেই জানে, বই শুধুমাত্র কিছু ছাপা অক্ষরের সমষ্টি নয়, এর মধ্যে আছে সত্যের অমোঘ শক্তি, যা সরকারি শাসকের মৃত্যুবাণ। মার্ক্সবাদী চিন্তানায়ক শিবদাস ঘোষ বলেছিলেন, ‘একটা জাতি না খেতে পেলেও উঠে দাঁড়ায়, যদি তার মধ্যে মনুষ্যত্ব বেঁচে থাকে।’ যথার্থ কমিউনিজমের চর্চা সেই মনুষ্যত্ব, সেই জীবনবোধ গড়ে তোলে, যা মানুষকে ভেতর থেকে পাল্টে দেয়, তাকে সত্যের সন্ধান দেয়। আজকের শাসকরাও তাই জ্ঞানচর্চাকে, সত্যের সাধনাকে ভয় পায়। তারা নিশ্চিত জানে, যে ছেলেটি আজ নেতাজির জীবনকে, ভগৎ সিংয়ের আদর্শকে জানবে, কাল তাকে হিন্দু-মুসলিম বিভাজনের রাজনীতি দিয়ে ভোলানো যাবে না। যে মেয়েটি আজ হাতে তুলে নিল প্রীতিলতা-রোকেয়া-সাবিত্রীবাই ফুলের জীবনী, আগামী দিনে সে চাইবে সবার জন্য শিক্ষার অধিকার। কথা বলবে অভয়া, নির্ভয়া, আসিফা এবং বিলকিস বানোর হয়ে। যারা মার্ক্সবাদী বিজ্ঞানকে খুঁটিয়ে বোঝার চেষ্টা করবে, জীবনের ও সমাজের নানা সমস্যার সমাধান খুঁজবে গণ-আন্দোলনের ময়দানে, মন্দির-মসজিদের ধুয়া তুলে তাদের খাদ্য-শিক্ষা-চাকরির অধিকারকে চাপা দেওয়া যাবে না। সে প্রশ্ন করবেই– তার জীবনের সঙ্কটের কারণ কী, সমাধান কোন পথে। যে সরকার পাঁচ মাসের শাসনকালেও অভয়ার ন্যায়বিচার দিতে পারেনি, গরিব হকারদের দোকান ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, যোগ্য শিক্ষকদের চাকরি ফেরাতে পারেনি, লক্ষ লক্ষ মানুষকে অন্যায় ভাবে বেনাগরিক করার ষড়যন্ত্র করেছে– সেই সরকারের পুলিশ বুলডোজার নিয়ে এগিয়ে এল বইয়ের স্টল ভাঙবে বলে! সপ্তমীর সন্ধেবেলা শহরের কেন্দ্রে চোরবাগান মণ্ডপে চূড়ান্ত অব্যবস্থা আর প্রশাসনিক গাফিলতির পরিণামে যখন পদপিষ্ট, দমবন্ধ হয়ে ছটফট করে মারা যাচ্ছেন প্রতিমা দর্শনে আসা মানুষ, যখন সেখানে পুলিশি নজরদারি এবং অ্যাম্বুলেন্সের একান্ত অভাব– সেই সময় পুলিশ বামপন্থীদের বইয়ের স্টল ভাঙতে ব্যস্ত! বইয়ের ওপর এই আক্রমণকে একদিকে যেমন রাজ্য জুড়ে প্রতিরোধ করলেন এসইউসিআই (কমিউনিস্ট) সহ অন্য বামপন্থী দলের কর্মী-সংগঠকরা, তেমনই অভূতপূর্ব সাড়া দিলেন সাধারণ মানুষ। চোখে চোখ রেখে শাসক দলের হুমকির সামনে দাঁড়িয়ে, ভেঙে দেওয়া স্টল এক রাতে আবার খাড়া করে, কোথাও কাঠামো ছাড়াই খোলা আকাশের নিচে টেবিল পেতে বসে অসংখ্য বুকস্টল হল সারা রাজ্যে। মানুষ দ্বিগুণ আগ্রহে এগিয়ে এসে বই নিলেন, বই দেখতে চাইলেন, স্টল গড়তে সাহায্য করলেন। যাঁরা আগে এ সব স্টলে আসেননি, তাঁরাও এ বার নিজে থেকে এগিয়ে এসে বই কিনলেন সরকারের এই অসভ্যতার প্রতিবাদে। অশক্ত বৃদ্ধা স্টলে দাঁড়িয়েই বই পড়ছেন, বিশিষ্ট চিকিৎসক নিজে বই কিনে সাধারণ মানুষের মধ্যে বিতরণ করছেন, তরুণ-তরুণীরা বই আর বইয়ের স্টলের ছবি তুলে রাখছেন স্মারক হিসেবে– এমন অগণিত নিঃশব্দ প্রতিরোধের ছবি তৈরি হল এই ক’দিনে। অন্ধকারের শক্তি যাকে আটকাতে চেয়েছিল, সত্যের সেই আলো আরও জোরালো হয়ে ছড়িয়ে পড়ল শহর-গ্রামের ঘরে ঘরে। সর্বত্র তুমুল নিন্দার সামনে পড়ে বিজেপি সভাপতি যতই ‘যারা স্টল ভেঙেছে তারা বিজেপির কেউ নয়’ বলে দলের হয়ে সাফাই গান, বা সরকারের অর্থমন্ত্রী হঠাৎ ঘুম ভেঙে ‘লজ্জায় মাথা নত হয়ে গেছে’ বলে ড্যামেজ কন্টে্রালের চেষ্টা করুন, রাজ্যের প্রশাসনিক প্রধান সে পথ মাড়াননি। স্বভাবসিদ্ধ ঢঙেই তিনি ‘যারা ধর্ম মানে না তাদের বই বিক্রি করতে না দেওয়াই উচিত’ বলে এই গুন্ডামিকে খোলাখুলি সমর্থন জানিয়েছেন। যত জায়গায় স্টল ভাঙচুর, বই ফেলে দেওয়া হয়েছে, একটিতেও অপরাধীদের শাস্তি হয়নি, কেউ গ্রেফতারই হয়নি। কাজেই হিন্দুত্বের স্বঘোষিত ঠিকাদাররা এই লজ্জাকর তাণ্ডব যে স্পষ্ট সরকারি মদতেই ঘটাতে পারলেন, এ কথা একটি শিশুও বুঝবে।
অনেকেরই মনে পড়েছে জার্মান কবি হাইনরিখ হাইনের একটি বিখ্যাত উক্তি– ‘যারা বই পোড়ায়, একদিন তারা মানুষকেও পোড়াবে।’ নাৎসি জার্মানিতে বই পোড়ানোর কলঙ্কিত ঘটনা আমরা জানি। হিটলারের আদেশে তার জয়ধ্বনি করতে করতে চলত বই পোড়ানোর মহোৎসব। কমিউনিস্ট মতাদর্শের বই, প্রগতিশীল সাহিত্য, বিজ্ঞান, দর্শনের বইতে সগর্বে আগুন লাগিয়ে দিত সেদিনের যে ‘দেশভক্ত’রা, শেষ পর্যন্ত তাদের ঠাঁই হয়েছিল ইতিহাসের আঁস্তাকুড়ে।
বইয়ের ওপর তাণ্ডব চালিয়ে পশ্চিমবঙ্গের সরকারি ক্ষমতায় আসীন দলটি যে নিজেদের নিশ্চিতভাবে হিটলার-গোয়েবলসের বংশধর প্রমাণ করলেন, ডবল ইঞ্জিনের ধোঁয়ায় ইতিমধ্যেই দম আটকে আসা সাধারণ মানুষের সামনে বিজেপি-আরএসএসের ফ্যাসিবাদী চেহারা আবারও উন্মোচিত হল, এর জন্যে সরকারি নেতা-নেত্রীদের ধন্যবাদ দিতেই হয়। ইতিহাসের পাতা ওল্টাতে জানলে বিজেপি-আরএসএস দেখতে পেত, একেকটি ফেলে দেওয়া বইয়ের পাতা থেকে, ছিঁড়ে ফেলা রক্তপতাকা থেকে গ্রীক উপকথার ফিনিক্স পাখির মতো নতুন করে জন্ম নিচ্ছে গণমানুষের সংগ্রামী চেতনা, আসন্ন হচ্ছে ফ্যাসিস্ট শাসকের পতন।