Breaking News

বুকস্টলে বিজেপি-আরএসএস বাহিনীর ফ্যাসিবাদী হামলা

হুগলির সোমড়াবাজার

এস ইউ সি আই (কমিউনিস্ট) রাজ্য সম্পাদক চণ্ডীদাস ভট্টাচার্য শারদীয়া উৎসব উপলক্ষে এস ইউ সি আই (কমিউনিস্ট) সহ বামপন্থী দলগুলির বুক স্টলের উপর বিজেপি, আর এস এস সহ হিন্দুত্ববাদী সংগঠনগুলির পরিকল্পিত হামলার তীব্র নিন্দা করে ২২ অক্টোবর এক বিবৃতিতে বলেন,

দুর্গাপুজোর মধ্যে ১৫-২১ অক্টোবর পর্যন্ত বিজেপি, আরএসএস সহ নানা হিন্দুত্ববাদী সংগঠন পরিকল্পিতভাবে এসইউসিআই(কমিউনিস্ট) সহ বামপন্থী দলগুলোর বইয়ের স্টলের উপর হামলা, ভাঙচুর চালিয়ে গেছে। বই ছিঁড়ে ফেলেছে, জলে ফেলে দিয়েছে, এমনকি মার্ক্স-লেনিনের মতবাদ বিষয়ক বই ছাড়াও নবজাগরণের মনীষী বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, সুভাষচন্দ্রের জীবনচর্চা সম্পর্কিত বই পদদলিত করতেও তারা পিছপা হয়নি। আমাদের দলের উদ্যোগে বিভিন্ন জেলায় যে হাজারটির বেশি বইয়ের স্টল হয়েছিল তার মধ্যে শতাধিক স্টলে তারা হামলা চালিয়েছে, কর্মীদের আহত করেছে এবং সমস্ত কিছুই ঘটেছে পুলিশের চোখের সামনে। কোচবিহার থেকে পুরুলিয়া, বর্ধমান থেকে দক্ষিণ ২৪ পরগণায় এই ঘটনা ঘটে। পুলিশের কাছে বারবার অভিযোগ করে কোনও কাজ হয়নি। অনেক ক্ষেত্রে পুলিশ নিজে হুমকি দিয়ে স্টল বন্ধ করিয়েছে।

যাদবপুরে বামপন্থীদের স্টল ভাঙতে পুলিশ বুলডোজার নিয়েও হাজির হয়েছিল– বামপন্থী দলগুলোর যুক্ত প্রতিরোধে সিপিএমের স্টল না ভাঙতে পারলেও ১৭ তারিখ রাত ২টায় যখন লোকজন কম ছিল তখন পুলিশ এস ইউ সি আই (কমিউনিস্ট)-এর স্টল ভেঙে দেয়। অথচ চোরবাগানের ১৯ জনের মৃত্যুর ঘটনায় তাঁদের পরিজনদের অভিযোগ– ঘটনাস্থলে পুলিশের কোনও দেখা পাওয়া যায়নি। অর্থাৎ পুলিশকে সরকার বামপন্থী দলগুলোর স্টল ভাঙায় যতটা ব্যবহার করেছে দর্শনার্থী সামলাতে তা করেনি। এর বিরুদ্ধে জনসাধারণের প্রবল প্রতিবাদের সামনে শাসক দলের এক নেতা ‘এর সঙ্গে বিজেপি যোগ’ অস্বীকার করেছেন। আর এক নেতা ও মন্ত্রী বলেছেন ‘তাঁর নাকি এই ঘটনায় মাথা হেঁট হয়েছে’। অথচ অপর এক নেতা ও মন্ত্রী সরাসরি হামলায় প্ররোচনা দিয়েছেন।

এই নজিরবিহীন বর্বরতা প্রতিরোধে যাদবপুর সমেত জেলায় জেলায় বামপন্থী দলগুলির যুক্ত মিছিল হয়েছে। ১৮ তারিখে যাদবপুরের ভাঙা স্টলে বসেই এস ইউ সি আই (কমিউনিস্ট)-র উদ্যোগে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এস ইউ সি আই (কমিউনিস্ট) নেতারা যাদবপুরের সিপিএম স্টল পরিদর্শন করেন। উল্লেখযোগ্য ঘটনা হল, সর্বত্র দলের কর্মীরা সাধারণ মানুষের সাহায্যে পরের দিনই কোথাও স্টল পুনর্নির্মাণ করে, কোথাও টেবিল-চেয়ার পেতে খোলা আকাশের নিচে স্টল চালিয়েছেন। আরও উৎসাহব্যাঞ্জক বিষয় হল, বিজেপি-আরএসএস-এর আচরণের প্রতিবাদে মানুষের স্বতঃস্ফূর্ত ঢল নেমেছিল বইয়ের স্টলগুলিতে। বহরমপুরে এক চক্ষু চিকিৎসক ডাঃ অশোক কুমার ভকত নিজে স্টলের সমস্ত বই কিনে ছাত্র-যুবকদের মধ্যে বিলি করেছেন। বই কেনার স্বতঃস্ফূর্ততা এমন মাত্রায় পৌঁছেছিল যে বহু স্টলে সব বই বিক্রি হয়ে গেছে এবং এখনও পর্যন্ত যা খবর পৌঁছেছে তাতে গত বছরের তুলনায় ৪০-৫০ শতাংশ বেশি অর্থের বই বিক্রি হয়েছে। আমরা উৎসবের কয়েকদিন এই সহযোগিতার জন্য জনসাধারণকে অভিনন্দন জানাই। পাশাপাশি প্রশাসনের প্রত্যক্ষ সহায়তায় শাসক বিজেপি ও আরএসএস জ্ঞানচর্চার মুক্ত পরিবেশ সৃষ্টির পথে বাধা দেওয়ার উদ্দেশ্যে যে চরম গুণ্ডামি করেছে তা ফ্যাসিবাদ প্রতিষ্ঠার নামান্তর। আমরা এর তীব্র নিন্দা করছি।