
ঝাড়গ্রামঃ ঝাড়গ্রাম অভ্যর্থনা কমিটির উদ্যোগে শহর জুড়ে পদযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাবেশ হয়। শহরের হিন্দু মিশন বিদ্যালয় মাঠ থেকে মিছিল শুরু হয়ে বিদ্যাসাগর, সিধু-কানু, শরৎচন্দ্র, নেতাজি সহ অন্যান্য মনীষীদের মূর্তিতে মাল্যদান করে মিছিল এগোয়।
শহরের কেন্দ্রস্থল পাঁচমাথার কাছে সভাটি অনুষ্ঠিত হয়। সভামঞ্চে গান, কবিতা ও নাটক ইত্যাদি পরিবেশিত হয়। সহস্রাধিক মহিলা সুসজ্জিত অঙ্গীকার যাত্রায়় অংশগ্রহণ করেন। এর প্রস্তুতি হিসেবে সারা জেলায় শতাধিক গ্রামে বৈঠক হয়।
কর্মসূচি সফল করার জন্য বহু সাধারণ মানুষ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছেন। অভ্যর্থনা কমিটির সভানেত্রী গৌরী মজুমদার বলেন, ‘যে ভাবে নারী নির্যাতনের ঘটনা বেড়ে চলেছে, তার প্রতিবাদ অবশ্যই দরকার। অঙ্গীকার যাত্রাই শেষ নয়, আমাদের চালিয়ে যেতে হবে এই প্রতিবাদ।’ মঞ্চে ছিলেন বিশিষ্ট চিকিৎসক সুদেষ্ণা ঘোষ, ডাঃ মৌসুমী মুর্মু, কবি জীতেন্দ্রনাথ মাহাতো, শিক্ষক শ্রীমন্ত রাউৎ, রাজ্য প্রতিনিধি বেলা পাঁজা, বাপী মির্জা প্রমুখ। সঞ্চালনা করেন শিক্ষিকা পর্ণা তেওয়ারি। ডাঃ মৌসুমী মুর্মু কবিতার মাধ্যমে তাঁর বক্তব্য তুলে ধরেন।