Breaking News

পুশব্যাকের তীব্র প্রতিবাদ সিপিডিআরএস-এর

ফাইল ফটো

আটক শিবির থেকে পুশব্যাক প্রসঙ্গে মানবাধিকার সংগঠন সিপিডিআরএস-এর রাজ্য সম্পাদক রাজকুমার বসাক ১ জুন এক বিবৃতিতে বলেন, সন্দেহভাজন ব্যক্তিদের কোনও রকম আইনি প্রক্রিয়ায় না নিয়ে গিয়ে আটক শিবিরে রাখার যথেচ্ছাচারের অধিকার পুলিশকে দিয়েছে রাজ্য সরকার। ইতিপূর্বে আমরা মানবাধিকার সংগঠন সিপিডিআরএস এই অগণতান্ত্রিক প্রক্রিয়ার তীব্র প্রতিবাদ জানিয়েছি। নাগরিকত্ব যাচাই করা নির্বাচন কমিশনের কাজ নয়, এ কথা সুপ্রিম কোর্ট বলেছে, এমনকি নির্বাচন কমিশনও বলেছে। অথচ এসআইআর-এ নাম বাদ যাওয়া ভোটারদের সন্দেহভাজন ধরে নিয়ে তাঁদের আটক করা হচ্ছে।

সংবাদে প্রকাশ, মুর্শিদাবাদ জেলায় আটক শিবির থেকে ১৭ জনকে পুশব্যাক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে কী অভিযোগ, কে অভিযোগ করেছে, আইনের কোন ধারায় তাঁদের আটক করা হল, কোন আদালতে বিচার হল, আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয়েছিল কি না, বিচারের ফল কী– এ সব প্রশ্ন কি অবান্তর হয়ে গেল! বাংলা ভাষায় কথা বলে, তাই বাংলাদেশি– এই যাদের বিচার প্রক্রিয়া, এমনকি এই বিচারে দোষী সাব্যস্ত করে পে-লোডারের হাতায় তুলে সীমান্তের ওপারে একজন ভারতীয় নাগরিককে ছুঁড়ে ফেলে দেয় যারা, তাদের কাছে আর কী-ই বা আশা করা যায়!

সিপিডিআরএস আটক শিবির ও ‘পুশব্যাক’ যা সম্পূর্ণ বেআইনি ও সংবিধান বিরোধী, তা বন্ধ করার দাবি জানাচ্ছে এবং সরকার ও প্রশাসনের চূড়ান্ত যথেচ্ছাচারের বিরুদ্ধে গণতান্ত্রিক চেতনাসম্পন্ন নাগরিকদের আন্দোলন গড়ে তোলার আহ্বান জানাচ্ছে।