
নরেন্দ্র মোদির জন্মদিন পালনের জন্য স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দিয়ে আবশ্যিক ভাবে ‘নমো সেবা’ নাটক করার ফরমান জারি করেছে সরকার। ১৭ সেপ্টেম্বর এই উপলক্ষেই এসেছিল দেশ জুড়ে প্রদীপ জ্বালানোর সরকারি ফরমান। ঠিক সেই দিনই জানা গেছে আন্তর্জাতিক নেটওয়ার্ক ‘স্কলারস অ্যাট রিস্ক’-এর তৈরি করা আন্তর্জাতিক ‘অ্যাকাডেমিক ফ্রিডম ইন্ডে’’ অর্থাৎ শিক্ষাক্ষেত্রের স্বাধীনতা সংক্রান্ত সূচকে ভারতের স্থান হয়েছে ‘অত্যন্ত সংকুচিত’ গোষ্ঠীতে। ভারতের সাথে এক স্তরে আছে পাকিস্তান, ইন্দোনেশিয়া, হংকং, ইউক্রেন ও ইজরায়েলি বাহিনীর দ্বারা অবরুদ্ধ প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাঙ্ক। এই তথ্যটা সম্প্রতি জানা গেলেও ভারতবাসী মাত্রেই জানেন, এ দেশে ক্রমাগত বেড়ে চলেছে আমলাতান্ত্রিক হস্তক্ষেপে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাধিকার হরণ। ইউজিসি-এনএমসি-র মতো সংস্থার মাধ্যমে সরাসরি বিশ্ববিদ্যালয় ও কলেজের ওপর সরকারের ছড়ি ঘোরানো, শিক্ষাপ্রতিষ্ঠানে পুলিশের হামলা, ছাত্র, গবেষক, শিক্ষকদের স্বাধীন মতপ্রকাশে প্রশাসন বা শাসক দলের বাধা ও হুমকি ইত্যাদি এখন নিত্য দিনের ঘটনা।
সাধারণ ভারতবাসীর উদ্বেগের কথা ছেড়ে দিন, সুপ্রিম কোর্টের বিচারপতি উজ্জ্বল ভুঁইয়াও সম্প্রতি একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন, ‘তরুণ আইপিএস অফিসাররা প্রতিবাদী ছাত্রদের আঘাত করছেন, এই দৃশ্য আমাদের সকলকে আশাহত করেছে। এটা দেখা অত্যন্ত কষ্টদায়ক’। এত দিনে সারা বিশ্ব দেখে নিয়েছে দিল্লির যন্তর মন্তরে ছাত্রদের বিক্ষোভে দিল্লি পুলিশের যথেচ্ছ, লাঠি, টিয়ার গ্যাস, পেলেট গান চালানোর দৃশ্য। এই প্রেক্ষিতে বিচারপতি ভুঁইয়ার পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষাপ্রতিষ্ঠান তথা শিক্ষক-শিক্ষাবিদ, ছাত্র-ছাত্রীদের স্বাধীন চিন্তার অবকাশ, তাদের স্বাধীন মত প্রকাশের সুযোগ থাকা একটা দেশের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ তা তুলে ধরে বিচারপতি ভুঁইয়া পরপর কয়েকটি আলোচনায় ছাত্রদের সাথে রাষ্ট্রের সম্পর্ক দেখাতে গিয়ে বলেছেন, বিশ্ববিদ্যালয়েই স্বাধীন চিন্তার অভ্যাসের সূচনা হয়। কর্তৃপক্ষকে অপ্রিয় প্রশ্ন করতে পারাটা এই অভ্যাসের মধ্যে পড়ে। তাঁর কথায়, ‘ছাত্ররা যখন ভিন্ন মত প্রকাশ করেন, প্রশ্ন করেন, তাঁদের শাস্তির হুমকি দেওয়া যায় না। এটা অসাংবিধানিক এবং ক্ষমতা ও পদের অপব্যবহার’।
বিচারপতি ভুঁইয়াকে ধন্যবাদ জানাতেই হয়, তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন। বিশেষত, আজ যখন শীর্ষ আদালতের উচ্চাসন থেকে বেকার যুবকদের প্রতি ‘আরশোলা’ বলে বিদ্রুপ ধেয়ে আসে, শীর্ষ আদালত যখন বলে– ছাত্রদের ওপর পুলিশি অত্যাচারের নিদর্শন দেখার মতো সময় আমাদের নেই, সেই সময়ে দাঁড়িয়ে একজন বিচারপতির মুখ থেকে আসা এই কথাগুলি আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।
যদিও বিগত কয়েক দশক ধরে ছাত্রদের ওপর পুলিশি অত্যাচারের দৃশ্যকে ভারতীয় জনগণ প্রায় স্বাভাবিক ঘটনা ধরে নিতেই পারেন! আজকের নরেন্দ্র মোদির প্রধানমন্ত্রিত্বের ভারতে, বিশেষভাবে দিল্লি, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশের মতো কিছু বিজেপি শাসিত রাজ্যে এটা তো একেবারেই ‘স্বাভাবিক’ দৃশ্য। রাস্তায় নেমে প্রতিবাদ, আন্দোলন করা তো অনেক বড় কথা, আজকের ভারতে ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সমাজমাধ্যমে শাসকের বিরুদ্ধে কোনও পোস্ট দিতে গেলেও মানুষকে পাঁচবার ভাবতে হয়। নয়ডায় শ্রমিক আন্দোলনে সহানুভূতি জানিয়ে বক্তব্য রাখার জন্য দিল্লি বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্রী আকৃতি চৌধুরীর বিরুদ্ধে সন্ত্রাসবাদ বিরোধী আইন এনএসএতে অভিযোগ এনেছিল উত্তরপ্রদেশের বিজেপি সরকার। সাংবাদিক সত্যম ভার্মাও একই অভিযোগে বন্দি। পাঁচ মাস জেল খেটে এলাহাবাদ হাইকোর্টের রায়ে আকৃতি ছাড়া পেলেও সত্যম ভার্মা আজও ছাড়া পাননি। হাইকোর্টের রায়েই দেখা গেছে কী ভাবে মিথ্যা অভিযোগে আকৃতিকে এনএসএ আইনে জড়িয়েছে পুলিশ। এই কাজের জন্য গৌতম বুদ্ধ নগরের জেলাশাসক তথা ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের কন্যা মেধা রূপমকে তীব্র ভৎর্সনা করে তাঁর বেতন থেকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।
দিল্লি থেকে কলকাতা সহ দেশের নানা জায়গায় আজ পুলিশ এবং মন্ত্রী তথা সরকারি গদিতে আসীন দলের আক্রমণের নিশানা আজ প্রতিবাদী ছাত্ররা এবং তাদের বিশ্ববিদ্যালয়, কলেজ এমনকি মেডিকেল কলেজ। একটাই কারণে এই আক্রমণ– শাসকদলের বশংবদ থাকতে অস্বীকার করছেন ছাত্ররা। শুধু ছাত্ররা নয়, একেবারে সাম্প্রতিক কালে নয়ডার প্রতিবাদী শ্রমিকরা, কলকাতা, শিলিগুড়ির হকাররা পুলিশি অত্যাচারের যে রূপ দেখেছেন, তা কোনও গণতান্ত্রিক দেশে ঘটতে পারে না। এর আগে দিল্লি সীমান্তে কৃষক আন্দোলনের ওপর, সিএএ-এনআরসি বিরোধী আন্দোলনের ওপর, দিল্লি বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া, জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ওপর পুলিশের ভয়াবহ অত্যাচারের কথা মানুষ ভুলতে পারে না। এ দেশে প্রতিবাদী মাত্রই জানেন পুলিশ এবং শাসক দলের শারীরিক আক্রমণ তাঁদের ওপর নেমে আসাটা অবধারিত। বিগত সরকারের আমলে এই পশ্চিমবঙ্গ দেখেছে মেদিনীপুরের মহিলা কোতোয়ালি থানায় সুস্মিতা সোরেন সহ চার প্রতিবাদী ছাত্রীর ওপর পুলিশের ভয়াবহ অত্যাচারের ঘটনা। সরকারি গদিতে পালা বদলের পরেও সেই অভিযুক্ত অফিসারের শাস্তি দূরে থাক, পদোন্নতিই ঘটেছে। একেবারে সম্প্রতি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ, কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, কলকাতার সত্যজিত রায় ফিল্ম ইনস্টিটিউটটে ছাত্র-ছাত্রীরা দেখেছে শাসকদলের পোষা দুষ্কৃতীরা কেমন করে পুলিশের আড়াল পায়। কেমন করে আক্রান্ত ছাত্রদের অভিযোগটাও পুলিশ লিখতে অস্বীকার করে।
এই ঘটনাগুলি থেকে যে সাধারণ সত্য বেরিয়ে আসে তা হল শাসকরা পুলিশকে তার দলীয় বাহিনীর মতোই ব্যবহার করছে। শাসক বদলায়, দলতন্ত্র ভিন্ন মাত্রায় জাঁকিয়ে বসে। তৃণমূল জমানার মতো বিজেপির শাসনেও পশ্চিমবঙ্গে স্কুল এবং কলেজের গভর্নিং বডির মথায় বসছেন শাসক দলের এমপি-এমএলএ কিংবা স্থানীয় নেতা, যাদের বেশিরভাগের সাথেই শিক্ষার কোনও সম্পর্ক সুদূর অতীতেও ছিল না, এখনও নেই। বিশ্ববিদ্যালয় ও তার ছাত্র-শিক্ষকদের শায়েস্তা করার নিদান দিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন, হয় ওরা থাকবে, নয় আমরা থাকব! বিধানসভায় দাঁড়িয়ে তিনি যে ভাষায় অধ্যাপক-গবেষকদের অপমান করেছেন, তীব্র আক্রমণ শানিয়েছেন, তার নজির হিটলারশাসিত জার্মানি ছাড়া পাওয়া মুশকিল মনে হয়।
এই রকম একটা সময়ে বিচার বিভাগের শীর্ষস্থানীয় একজনের মুখ থেকে ছাত্রদের ওপর পুলিশি অত্যাচার ও শিক্ষা প্রতিষ্ঠানে স্বাধীন মতপ্রকাশের ওপর সরকারি নিয়ন্ত্রণ নিয়ে যে উদ্বেগের কথা বেরিয়ে এসেছে তাতে বোঝা যায় পরিস্থিতি কতটা খারাপ। বাস্তবে পরিস্থিতি আজ ভয়াবহ। চরম সংকটগ্রস্ত পুঁজিবাদী ব্যবস্থার রক্ষকরা আজ গণতন্ত্রের আলখাল্লার আড়ালে নিয়ে আসছেন ফ্যাসিবাদী শাসন কৌশল। যার মধ্য দিয়ে শাসকরা মানুষকে নির্বাক করে দিতে চায়।
শিক্ষা ও শিক্ষাপ্রতিষ্ঠানে মুক্ত, স্বাধীন চিন্তার পরিবেশ ফেরাতে তাই শাসকের চোখে চোখ রেখে লড়াই ছাড়া কোনও গতি নেই। যে অভিজ্ঞতা আজ সারা ভারতের ছাত্র শিক্ষকরা প্রত্যক্ষভাবে লাভ করছেন।