মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ, অসাংবিধানিক এসআইআর প্রক্রিয়া বাতিল এবং সারা দেশের ডিলিটেড ও বিচারাধীন ১৩ কোটি ভোটারের নাম পুনরায় ভোটার তালিকায় তোলার দাবি সহ নয় দফা দাবিতে ৩০ সেপ্টেম্বর এস ইউ সি আই (কমিউনিস্ট) পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ২৪-৩০ সেপ্টেম্বর প্রতিবাদ সপ্তাহের ডাক দিয়েছিল। জেলায় জেলায় এই উপলক্ষে বিক্ষোভ সহ নানা কর্মসূচি হয়। এ ছাড়াও ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতির উদ্যোগে বহু জায়গায় বিক্ষোভ সংগঠিত হয়।

নদিয়া: ৩০ সেপ্টেম্বর দলের পক্ষ থেকে কৃষ্ণনগর শহরে বিক্ষোভ মিছিল ও জেলাশাসককে স্মারকলিপি দেওয়া হয়। কৃষ্ণনগর রেলস্টেশন থেকে একটি সুসজ্জিত মিছিল জেলাশাসক দপ্তরে যায়। দলের জেলা কমিটির বিশিষ্ট সদস্য কমল দত্তের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল জেলাশাসকের কাছে দাবিপত্র তুলে দেন। বক্তব্য রাখেন দলের জেলা কমিটির সদস্য জয়দীপ চৌধুরী, মসিকুর রহমান এবং জেলা সম্পাদক অঞ্জন মুখার্জী প্রমুখ।
মালদা: ৩০ সেপ্টেম্বর মালদা জেলায় ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতি, বামনগোলা শাখার উদ্যোগে শতাধিক ভোটাধিকার বঞ্চিত নাগরিক ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবিতে এবং বহু ভোটারের রেশন বন্ধ হওয়ার বিরুদ্ধে বিডিও-কে ডেপুটেশন দেন। নেতৃত্ব দেন গৌতম সরকার এবং বামনগোলা ব্লকের অসীম বৈদ্য, ওসমান মণ্ডল ও প্রমীলা রায় প্রমুখ। পাকুয়াহাট বাজার থেকে বিডিও অফিস পর্যন্ত প্রতিবাদ মিছিল এবং বিডিও অফিসের সামনে প্রতিবাদ সভা হয়। নেতৃবৃন্দ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ ও কঠোর শাস্তির দাবি জানান।

আলিপুরদুয়ার: ফালাকাটা ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতির ডাকে ৩০ সেপ্টেম্বর ফালাকাটায় এক বিক্ষোভ মিছিল হয়। শতাধিক নাগরিক ফালাকাটা শহর ঘুরে ফালাকাটা মোড় অবরোধ করেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানিয়ে তাঁর কুশপুতুল দাহ করা হয়। মিছিলে নেতৃত্ব দেন সংগঠনের জেলা আহ্বায়ক পীযূষ শর্মা। বক্তব্য রাখেন কাকলি মহন্ত।
বীরভূম: ভোটাধিকার সুরক্ষা সমন্বয় সমিতির আহ্বানে ৫ অক্টোবর বীরভূমের সিউড়ি সদর মহকুমা শাসকের দপ্তরে অবস্থান বিক্ষোভ করেন ভুক্তভোগী মানুষ।