Breaking News

দিল্লিতে এসআইআর বিরোধী ব্যাপক বিক্ষোভ

কোটি কোটি নাগরিকের ভোটাধিকার হরণ করে ভারতের মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমার চরম অপরাধ করেছেন। তাই দেশব্যাপী তাঁর গ্রেফতারি ও বিচার এবং এসআইআর বাতিলের দাবি ক্রমাগত জোরালো হচ্ছে। কয়েক মাস ধরে আন্দোলন চলছে। দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে নিয়ে গড়ে উঠেছে ‘পিপলস এগেনস্ট এসআইআর’। এই সংগঠন এবং সংযুক্ত কিসান মোর্চা (এসকেএম)-র যৌথ আহ্বানে সাড়া দিয়ে ২৩ অক্টোবর দিল্লিতে আছড়ে পড়ল বিক্ষোভের ঢেউ। এ দিন গোল ডাকখানা থেকে মিছিল শুরু হয়। ছাত্র সংগঠন এআইডিএসও, যুব সংগঠন এআইডিওয়াইও, মহিলা সংগঠন এআইএমএসএস, শ্রমিক সংগঠন এআইইউটিইউসি, কৃষক সংগঠন এআইকেকেএমএস সহ আরও বহু বামপন্থী ও প্রগতিশীল সংগঠন যোগ দিয়ে এই বিক্ষোভের মাত্রা বাড়ায়। শুধু মুখ্য নির্বাচন কমিশনারই নন, তাঁকে দিয়ে এই অসাংবিধানিক কাজ যারা করাল সেই কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও সে দিন জবাব চাইল দেশবাসী।

এ দিন গুরুদুয়ারা বাংলা সাহিবের কাছে পৌঁছে বিক্ষোভ মিছিল বিশাল সশস্ত্র পুলিশ বাহিনীর ব্যারিকেডের সামনে পড়ে। সেখানে প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তাঁরা যন্তর মন্তরে প্রতিবাদ সভা নিষিদ্ধ করার তীব্র বিরোধিতা করেন। তাঁরা বলেন, আন্দোলন দিনের পর দিন চালিয়ে যেতে হলে আন্দোলনের কমিটি চাই। গণতন্ত্র বাঁচাতে সমস্ত এলাকায়, সমস্ত প্রতিষ্ঠানে সংগ্রাম কমিটি গড়ে তোলার আহ্বান জানান তাঁরা।