
সার্ভিস ডক্টরস ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ সজল বিশ্বাস ৩১ মে এক বিবৃতিতে বলেন, ৩০ মে বিধাননগর হাসপাতালে এইচপিভি (হিউম্যান প্যাপিলোমা ভাইরাস) ভ্যাকসিন যা মহিলাদের জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধ করে, তার উদ্বোধনের অনুষ্ঠানে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য জন্মনিয়ন্ত্রণ সম্পর্কে যে বক্তব্য পেশ করেছেন, তাতে আমরা বিস্মিত। পরিবার পরিকল্পনা বিষয়টি কেবল জন্মনিয়ন্ত্রণের বিষয় নয়। এর ব্যাপ্তি বিরাট।
তা ছাড়া সাম্প্রতিককালে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের জনসংখ্যার বৃদ্ধির হার এবং ফার্টিলিটির অর্থাৎ একজন প্রজননক্ষম মহিলার সন্তান ধারণের ক্ষমতার হার উল্লেখযোগ্যভাবে কমেছে। টোটাল ফার্টিলিটি রেট বর্তমানে ১.৬। জনসংখ্যা বৃদ্ধির স্থিতাবস্থা বজায় রাখতে প্রয়োজন ২.০১। ফলে জনসংখ্যার বৃদ্ধির হার এখন স্তিমিত। জনসংখ্যা বৃদ্ধির হার স্থিতাবস্থায় আনতে বর্তমানে বিজ্ঞানভিত্তিক উপায়ে জনসংখ্যা নিয়ন্ত্রণের উপর জোর দিলেই যথেষ্ট। জোর করে জনসংখ্যা নিয়ন্ত্রণের বাস্তব প্রয়োজন নেই। ফলে শমীক ভট্টাচার্যের বক্তব্য মানুষের স্মৃতিতে জরুরি অবস্থার সময়, জোরপূর্বক নাসবন্দির স্মৃতিকেই উসকে দিচ্ছে।
তা ছাড়া আমরা সাংগঠনিকভাবে মনে করি জনস্বাস্থ্যের সমস্যা, বেকারত্বের সমস্যা, জনজীবনের যে কোনও সমস্যার জন্য কেবলমাত্র জনসংখ্যা বৃদ্ধিকেই দায়ী করা যায় না। তা না হলে যে সময়ে জনসংখ্যার বৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে কমেছে, তখন জনস্বাস্থ্য সহ বেকারত্ব এবং জনজীবনের সমস্যা ভয়ঙ্কর বৃদ্ধি পাচ্ছে কেন?