
ছত্তিশগড়ে বেদান্ত লিমিটেড পাওয়ার প্ল্যান্টে বয়লার বিস্ফোরণে ২৪ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। আরও বহু শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। শ্রমিক সংগঠন এআইইউটিইউসি-র সাধারণ সম্পাদক শঙ্কর দাশগুপ্ত ১৬ এপ্রিল তীব্র ধিক্কার জানিয়ে এক বিবৃতিতে বলেন, বিজেপি সরকার ও মালিকদের চূড়ান্ত অবহেলাতেই শ্রমিকদের এই ভয়ঙ্কর পরিণতি ঘটেছে। তিনি বলেন, শ্রমকোডে কারখানা পরিদর্শন ব্যবস্থাই তুলে দেওয়া হয়েছে। মালিকদের মুনাফা সর্বোচ্চ করতে সরকার শ্রম আইন বাতিল করে শ্রমকোড এনেছে। ঘনঘন দুর্ঘটনা ঘটছে। বিচারবিভাগীয় তদন্ত করে দোষীদের শাস্তি, নিহতদের পরিবারকে ৫০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, পরিবারের একজনকে চাকরি, আহতদের ২৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের দাবি জানান তিনি।
মৃত শ্রমিকদের মধ্যে রয়েছেন পূর্ব মেদিনীপুর জেলার দু’জন। গত ১৮ এপ্রিল পূর্ব মেদিনীপুরে মৃত শ্রমিকদের বাড়িতে গিয়ে পরিজনদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এআইইউটিইউসি-র জেলা কমিটির সদস্য কমরেড অজিত ভুঁইয়ার নেতৃত্বে এআইইউটিইউসি অনুমোদিত পরিযায়ী শ্রমিক সংগঠনের জেলা নেতৃবৃন্দ।
এ প্রসঙ্গে এআইইউটিইউসি-র পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক কমরেড অশোক দাস মুখ্যমন্ত্রীর কাছে কয়েকটি সুনির্দিষ্ট দাবি জানিয়ে ১৯ এপ্রিল একটি চিঠি পাঠান। চিঠিতে তিনি বলেন, বিদ্যুৎ শিল্পের বেসরকারি মালিকরা মুনাফার লোভে শ্রমিকদের জন্য উপযুক্ত ও আইন-নির্ধারিত নিরাপত্তাব্যবস্থা না রেখেই উৎপাদন করে। এরই পরিণামে এতগুলি মানুষের মৃত্যু ঘটল। মালিক মৃতদের অ্যাকাউন্টে ৫ লক্ষ টাকা পাঠিয়েই দায়িত্ব ঝেড়ে ফেলেছে। এই অবস্থায় আমরা দাবি করছি, নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, মৃত শ্রমিক পরিবারের একজনের স্থায়ী কাজ ও ৫০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের আধুনিক চিকিৎসা ও ২০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, এ রাজ্যের মুখ্যমন্ত্রী ছত্তিশগড় সরকার ও বেদান্ত শিল্প গোষ্ঠীর সঙ্গে কথা বলে শ্রমিকদের ন্যায্য দাবি পালনে বাধ্য করুন।