Breaking News

বিহারে শিক্ষক প্রার্থীদের ওপর লাঠিচার্জঃ নিন্দা এসইউসিআই(সি)-র

Photo by Santosh Kumar/Hindustan Times via Getty Images

বিহার পাবলিক সার্ভিস কমিশনের চতুর্থ পর্বের শিক্ষক নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ এবং আগের মতো একক পরীক্ষার ভিত্তিতে নিয়োগের দাবিতে ৮ মে পাটনায় শান্তিপূর্ণভাবে আন্দোলনরত প্রার্থীদের ওপর বিজেপি নেতৃত্বাধীন রাজ্য সরকারের পুলিশ নৃশংস ভাবে লাঠিচার্জ করে। বেশ কয়েকজন তরুণ-তরুণী গুরুতর আহত হন, অনেকে মাথায় আঘাত পান এবং বেশ কিছু ছাত্রী জ্ঞান হারান। এসইউসিআই(কমিউনিস্ট)-এর বিহার রাজ্য সম্পাদক অরুণ কুমার সিং ৯ মে এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা করেন। তিনি বলেন, শপথ নেওয়ার ঠিক একদিন পরে এই আক্রমণের মধ্য দিয়ে বিজেপি নেতৃত্বাধীন বিহার রাজ্য সরকার তাদের জনবিরোধী ও কর্মসংস্থানবিরোধী অবস্থান প্রকাশ করল।

তিনি বলেন, প্রায় এক লক্ষ শিক্ষকের পদ খালি থাকা সত্ত্বেও সেগুলি পূরণ করা হচ্ছে না। তার উপর চতুর্থ দফার পরীক্ষার বিজ্ঞপ্তিও জারি করা হয়নি। ফলে শিক্ষক প্রার্থীদের ক্ষুব্ধ হওয়া স্বাভাবিক। কিন্তু দাবি শোনা ও পূরণ করার বদলে এ ভাবে নৃশংস লাঠিচার্জ সম্পূর্ণ অগণতান্ত্রিক ও স্বৈরাচারী।

প্রার্থীদের ন্যায্য দাবি মানা, লাঠিচার্জে আহতদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা, গ্রেপ্তার হওয়া প্রার্থীদের নিঃশর্ত মুক্তি এবং লাঠিচার্জের জন্য দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে তিনি রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। তিনি রাজ্যের ডবল-ইঞ্জিন সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।