
সম্প্রতি রাজ্য সরকারের পুজো কমিটিগুলোর জন্য বিদ্যুৎ বিলে ৮০ শতাংশ ভর্তুকি ঘোষণার প্রতিবাদ জানিয়ে অ্যাবেকার সাধারণ সম্পাদক সুব্রত বিশ্বাস ৪ আগস্ট এক বিবৃতিতে বলেন, কৃষিপ্রধান পশ্চিমবঙ্গের কৃষি বিদ্যুতের দাম দেশের মধ্যে সর্বাধিক। তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, পাঞ্জাবে বিনামূল্যে, কর্নাটকে ১০ কিলোওয়াট পর্যন্ত বিনামূল্যে, হরিয়ানায় ১০ পয়সা প্রতি ইউনিট দামে কৃষি গ্রাহকরা বিদ্যুৎ পান। ক্ষুদ্রশিল্পে মিনিমাম চার্জ প্রতি কেভিএ প্রতি মাসে ২০০ টাকা করার ফলে রাজ্যের প্রায় ৫০ শতাংশ গমকল, হাস্কিং কল সহ অন্যান্য ক্ষুদ্রশিল্প বন্ধ হয়ে গিয়েছে। গৃহস্থে পাঞ্জাবে ৩০০ ইউনিট, দিল্লিতে ২০০ ইউনিট, কর্নাটকে ২০০ ইউনিট, তামিলনাড়ু ও তেলেঙ্গানায় ১০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়। আর এই রাজ্যে গৃহস্থ গ্রাহকদের ন্যূনতম ৫ টাকা, সর্বাধিক ৯ টাকা ২২ পয়সা প্রতি ইউনিটের দাম দিতে হয়।
রাজ্য সরকারের টাকার অভাব নেই তা সাম্প্রতিক দুর্গাপুজো কমিটিগুলোকে বিদ্যুতের ৮০ শতাংশ ভর্তুকির ঘোষণা প্রমাণ করছে। কৃষি ও ক্ষুদ্রশিল্প বাঁচাতে রাজ্য সরকার ভর্তুকি দেবে না কেন? কেন গৃহস্থে ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সরকার দেবে না?