Breaking News

এআইএমএসএস-এর আসাম রাজ্য সম্মেলন

আসামের গোয়ালপাড়া শহরে অনুষ্ঠিত হল এআইএমএসএস-এর চতুর্থ আসাম রাজ্য সম্মেলন।

৩১ অক্টোবর গোয়ালপাড়া হাইস্কুল খেলার মাঠে সম্মেলনের প্রকাশ্য সমাবেশে প্রায় দু’হাজার মহিলার উপস্থিতিতে বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় সভানেত্রী কমরেড কেয়া দে এবং এসইউসিআই(সি)-র কেন্দ্রীয় কমিটির সদস্য, আসাম রাজ্য সম্পাদক কমরেড চন্দ্রলেখা দাস। সংগঠনের আসাম রাজ্যসম্পাদক বর্ণালী শর্মা ছাড়াও দেশের নবজাগরণ আন্দোলনের অন্যতম বলিষ্ঠ প্রতিনিধি রূপকোঁয়র জ্যোতিপ্রসাদ আগরওয়ালার কন্যা বিশিষ্ট সমাজকর্মী জ্ঞানশ্রী পাঠক এবং ভ্রাতুষ্পুত্রী বিশিষ্ট মহিলা নেত্রী মীনাক্ষী ভূঞ্যা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। সমাবেশের আগে মহিলাদের এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিক্রমা করে।

সমাবেশে নারী নির্যাতন বন্ধ সহ উচ্ছেদ বন্ধ করা, ভাঙন সমস্যার বিজ্ঞানসম্মত স্থায়ী সমাধান এবং এসআইআর-এর নামে নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার ফ্যাসিবাদী পরিকল্পনা বন্ধের দাবিতে তিনটি প্রস্তাব গৃহীত হয়।

কমরেড বর্ণালী শর্মাকে সভাপতি এবং স্বর্ণলতা চলিহাকে সম্পাদক নির্বাচিত করে এ আই এম এস এস-এর ৫৫ সদস্যের রাজ্য কমিটি গঠিত হয়।