
কলকাতা কর্পোরেশনে ওয়ার্ড পুনর্বিন্যাস প্রক্রিয়ায় রাজ্য সরকার তীব্র নিন্দার সামনে পড়ল কলকাতা হাইকোর্টে। এসইউসিআই(সি) সহ বিরোধী দলগুলি বার বার যে বিষয়ে আপত্তি জানিয়েছে, তাকে মান্যতা দিল আদালত।
কেন এই পুনর্ববিন্যাস বেআইনি? কলকাতা পুরসভা আইনের ৬০১ নম্বর ধারায় এই পুনর্বিন্যাসের সুপারিশ করতে পারে কেবল নির্বাচিত পুরবোর্ড। কিন্তু বিজেপি ক্ষমতায় এসেই অগণতান্ত্রিক প্রক্রিয়ায় আগের নির্বাচিত পুরবোর্ড ভেঙে দিয়েছে। এরপর রাজ্য সরকার তার মর্জিমাফিক প্রশাসক বসিয়েছে। ফলে তার সুপারিশ মানেই রাজ্য সরকারের মন কি বাত। এটা কলকাতা পুরসভার যে স্ব-শাসনের ক্ষমতা, তাকেই লঙ্ঘন করেছে।
বাস্তবে ওয়ার্ড এমনভাবে পুনর্বিন্যাস করা হয়েছে যাতে বিজেপির দলগত সুবিধা হয়। এর জন্য কোনও আইনের তোয়াক্কা করেনি বিজেপি। আইনত আবশ্যিক জনশুনানি দূরের কথা, অস্বাভাবিক দ্রুততায় তারা সমস্ত সিদ্ধান্ত নিয়েছে দু’-তিন দিনের মধ্যে। সেই কারণে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ একে ‘পুতুল নাচ’ বলে তীব্র কটাক্ষ করেছে।
রাজ্যের মানুষ দেখছে, এই সব অগণতান্ত্রিক কাজ করতে করতেই রাজ্য বিজেপি হাস্যকর ভাবে গণতন্ত্র রক্ষার মিছিল করছে। কেন্দ্রে বিজেপি সরকার, রাজ্যে বিজেপি, করপোরেশনেও বিজেপি প্রশাসক– তা হলে গণতন্ত্রকে বিপন্ন করছে কারা? এ প্রশ্নেও রাজ্য সরকার নিন্দার নিশানায়। মানুষ প্রশ্ন তুলছে, গোটা দেশে কোটি কোটি মানুষের ভোটাধিকার হরণ করা কোন গণতান্ত্রিক প্রক্রিয়া? এই কলকাতা কর্পোরেশনেও হাজার হাজার মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে। তাদেরকে বাদ দিয়ে ভোট করা তো গণতন্ত্রকেই গলা টিপে মারা।
সরকার এসব প্রশ্নের জবাব দিতে পারছে না। জবাব দেওয়ার কিছু নেই তার। এর জবাব দিতে হবে মানুষকে।
পুরবোর্ড ভেঙে দেওয়ায় নাগরিক পরিষেবা বিপন্ন। আবার ভোট প্রক্রিয়াও বিলম্বিত হচ্ছে সরকারের স্বেচ্ছাচারী কর্মকাণ্ডে। বাড়ছে মানুষের বিরক্তি। এসইউসিআই(কমিউনিস্ট) এই সব স্বেচ্ছাচারী কর্মকাণ্ডের বিরুদ্ধে ৮ সেপ্টেম্বর আপত্তি জানিয়ে স্মারকলিপি দিয়েছে এবং আন্দোলন গড়ে তুলছে।