
কেন্দ্রীয় সরকারের একচেটিয়া পুঁজির স্বার্থবাহী কৃষিনীতির বিরুদ্ধে ১ নভেম্বর আসামের ধোয়ারবন্দে রামকৃষ্ণ বিদ্যাপীঠ হাইস্কুল প্রাঙ্গণে অল ইন্ডিয়া কিসান-খেতমজদুর সংগঠনের কাছাড় জেলা কমিটির আহ্বানে কৃষক সমাবেশ হয়।
বক্তব্য রাখেন সংগঠনের সর্বভারতীয় কমিটির সহ-সভাপতি সুরতজামান মণ্ডল। কৃষক নেতা প্রভাস চন্দ্র সরকারের সভাপতিত্বে পরিচালিত এই সমাবেশে এ ছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের কাছাড় জেলা কমিটির সভাপতি শ্যামদেও কুর্মী। বরাক উপত্যকার বিভিন্ন এলাকা থেকে কৃষকরা যোগ দেন।
সুরতজামান মণ্ডল কেন্দ্রীয় সরকারের বিভিন্ন কৃষক ও কৃষিবিরোধী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি ভারত-মার্কিন কৃষি চুক্তির তীব্র সমালোচনা করে বলেন, ‘এই চুক্তি দেশি-বিদেশি পুঁজিপতিদের কৃষিক্ষেত্রে লুণ্ঠনের পথ সুগম করার জন্যই করা হয়েছে।’ তিনি দাবি জানান, কৃষিপণ্যের উৎপাদন খরচের দেড় গুণ নূ্যনতম সহায়ক মূল্য ঘোষণা করতে হবে এবং সরকারকে সরাসরি কৃষকদের কাছ থেকে কৃষিপণ্য কেনার ব্যবস্থা করতে হবে। সারা বছর কৃষি শ্রমিকদের কাজের নিশ্চয়তা এবং তাদের নূ্যনতম দৈনিক মজুরি ৬০০ টাকা করার ব্যবস্থা করতে হবে। সমস্যা সমাধানে তিনি সমগ্র কৃষক সমাজের কাছে দেশব্যাপী ঐক্যবদ্ধ তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।