Breaking News

আশাকর্মীদের লাগাতার কর্মবিরতি

বকেয়া ভাতা দ্রুত মেটানো, রাজ্য সরকার কর্তৃক নূ্যনতম ১৫ হাজার টাকা বেতন সহ বেশ কিছু দাবিতে পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের ডাকে ২৩ ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতিতে আশাকর্মীরা। ছবিতে কলকাতায় এম আর বাঙ্গুর হাসপাতালের সামনে বিক্ষোভ।

আশাকর্মীদের মাসিক ইনসেনটিভ, বিভিন্ন সার্ভের টাকা ও পাবলিক লিংকড ইনসেনটিভের (পিএলআই) বরাদ্দ টাকা দেড় বছর পর্যন্ত বাকি। রাজ্য সরকারি মাসিক ভাতা যৎসামান্য। এই অনিয়ম কয়েক বছর ধরেই চলছে। দীর্ঘ সময় বেতন বাকি থাকাটা যেন নিয়মে পরিণত হয়ে গেছে। ন্যায্য পাওনা দাবি করতে গেলে বসিয়ে দেওয়া, চাকরি চলে যাওয়া, টাকা কেটে নেওয়ার মতো অত্যাচার চলছে বিভিন্ন ব্লকে, জেলায়। রাজ্য সরকারের পক্ষ থেকে নূ্যনতম মজুরি ১৫ হাজার টাকা করা, কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীর পরিবারকে ৫ লক্ষ টাকা প্রদান, অন্যান্য কর্মীদের মতো আশাকর্মীদেরও সরকারি ছুটি, ভাগে ভাগে ইনসেনটিভ দেওয়া বন্ধ করে সমস্ত বকেয়া মেটানো সহ আরও বেশ কিছু দাবিতে ধারাবাহিক আন্দোলন করে আসছেএআইইউটিইউসি অনুমোদিত পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়ন। এই সংগঠনের আহ্বানে ২৩ ডিসেম্বর থেকে লাগাতার কর্মবিরতি শুরু হয়েছে। প্রতিদিন ব্লক স্তরে, জেলা শহরে বিক্ষোভ অবস্থান চলছে।

রাজ্যের ৯৯ শতাংশ আশাকর্মী এই কর্মবিরতিতে অংশগ্রহণ করছেন। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন এক বিবৃতিতে বলেন, সরকার দাবি পূরণ না করলে বা আমাদের সঙ্গে বৈঠকে না বসলে এই কর্মবিরতি লাগাতার চলবে। পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী (কন্ট্রাকচুয়াল) ইউনিয়নও কর্মবিরতির আহ্বান জানিয়েছে।