Breaking News

‘যোগ্য’ শিক্ষকদের চাকরি ফিরবে কবে?

স্কুল সার্ভিস কমিশনের ২০১৬ সালের প্যানেলের শিক্ষক শিক্ষাকর্মীরা যেন এখন পলিটিক্যাল ইস্যু। যে যখন ক্ষমতায় আসে ইচ্ছা মতো এঁদের নিয়ে খেলতে শুরু করে। কোর্টও পিছিয়ে থাকে না। সেই খেলায় এঁদের জীবন জেরবার। আর কত দিন চাকরি থাকবে, ভবিষ্যতই বা কী হবে, ভেবে আকুল হাজার হাজার শিক্ষক শিক্ষিকা। চাকরি হারা যোগ্য শিক্ষাকর্মীদের জীবনও সম্পূর্ণ অন্ধকারে। কেউ কেউ বলছেন যে, এঁদের জীবন এমন শবদেহের মতো, যা কবর থেকে তুলে বারবার পোস্টমর্টেম করা হচ্ছে। নিজেদের যোগ্যতায় চাকরি পাওয়া সত্ত্বেও সরকারের বদান্যতা ও কোর্টের দয়ায় গত ৩১ আগস্ট তৃতীয় বারের জন্য ৩১ মে ২০২৭ সাল পর্যন্ত তাঁদের চাকরির মেয়াদ বৃদ্ধি পেল।

এই মানুষগুলির দুর্গতির ইতিহাস সকলেরই প্রায় জানা। স্কুল সার্ভিস কমিশন ২০১৬-এর প্যানেলের নিয়োগে ব্যাপক দুর্নীতি করেছিল বিগত তৃণমূল কংগ্রেস সরকার। ২৫ হাজার ৭৯২ জন শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরির এই প্যানেল প্রথমে বাতিলের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পরবর্তী সময়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। কোর্টের নির্দেশে রঞ্জিত বাগ কমিটি বা সিবিআই তদন্ত চালালেও ‘চাল থেকে কাঁকর বাছা সম্ভব নয়’ বলে সুপ্রিম কোর্ট ৩ এপ্রিল ২০২৫ এই প্যানেল সম্পূর্ণরূপে বাতিল করে। এসইউসিআই(সি) এই বিচারের প্রহসন দেখিয়ে বলেছিল, অযোগ্যকে বাছতে না পেরে যোগ্যদেরও বলি দেওয়া হল। কোর্ট নির্দেশ দেয় রাজ্য সরকারকে নতুন করে পরীক্ষা নিয়ে আনটেন্টেড (অকলঙ্কিত) শিক্ষক-শিক্ষাকর্মীদের নতুন ভাবে নিয়োগ প্রক্রিয়ায় নিযুক্ত করতে হবে এবং এই নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কেবল আনটেন্টেড শিক্ষকদের চাকরি বহাল থাকবে। কোর্ট শিক্ষাকর্মী গ্রুপ সি এবং গ্রুপ ডিদের নিয়োগের ক্ষেত্রে বেশি দুর্নীতি হওয়ায় সবার চাকরি বাতিল করে দেয়। এঁদের এ’টেনশনও দেওয়া হয়নি।

প্রসঙ্গত এ বারের চাকরির মেয়াদ বৃদ্ধি নিয়ে মোট তিন বার আদালতের আবেদনের ভিত্তিতে মধ্য দিয়ে চাকরির এ’টেনশন হল। বিগত সরকারের আমলেও দু-বার, বর্তমান সরকারে একবার।

প্রশ্ন উঠেছে, এই অকলঙ্কিত শিক্ষক-শিক্ষাকর্মীদের কী দোষে শাস্তি পেতে হচ্ছে? এঁদের নিজেদের কোনও দোষ নেই। দোষী চিহ্নিত হয়েছে সরকার। বিচারব্যবস্থা এদের সুবিচার দেয়নি। তা হলে বিনা দোষে কেন এই শাস্তিভোগ? শিক্ষক-শিক্ষিকাদের চাকরির মেয়াদ বৃদ্ধি হলেও, শিক্ষাকর্মীদের জীবন ধারণ করা দিনে দিনে কঠিনতর হয়ে যাচ্ছে। বাবা-মা, স্ত্রী-সন্তান নিয়ে এঁদের প্রায় দেড় বছরের বেতনহীন জীবন কতখানি দুর্বিষহ হয়ে উঠেছে, বুঝতে অসুবিধা হয় না।

অকলঙ্কিত বা আনটেন্টেড শিক্ষক-শিক্ষিকাদের চাকরি সরকারের দয়ার দানে পরিণত হয়েছে। বাগ কমিটি বা সিবিআই বলছে এঁরা আনটেন্টেড। তা হলে এঁদের অনিশ্চয়তার পথে বারবার ঠেলে দিচ্ছে কেন সরকার?

সকলেরই জানা এই প্যানেলের শিক্ষক শিক্ষিকারা কেউ বা বিশ্ববিদ্যালয়ের গোল্ড মেডেলিস্ট কেউ বা পিএইচডি ডিগ্রিধারী অথবা নিজ নিজ ক্ষেত্রে গুণী। বিগত সরকারের আমলা নেতা-মন্ত্রীরা এঁদের জীবনকে কলঙ্কিত করেছে। শিক্ষকতার মতো মর্যাদাময় পেশায় নিযুক্ত হওয়া সত্ত্বেও এঁদের মান সম্মান ধূলায় মিশিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এই প্যানেলের ১২ জন মারা গিয়েছেন প্রচণ্ড হতাশায় অসুস্থ হয়ে। পরিবারগুলি ধুঁকছে। তাদের দিকে চোখ ফেরাচ্ছে না নতুন সরকারও। অন্য দিকে দুর্নীতিকারী নেতা আমলা মন্ত্রীরা একে একে ছাড়া পেয়ে যাচ্ছে।

এই প্যানেলের শিক্ষক-শিক্ষাকর্মীদের নিয়ে ঘৃণ্য রাজনৈতিক খেলাও কম হচ্ছে না। বিগত সরকারের মুখ্যমন্ত্রী এদের রাজনৈতিক ঘুঁটি হিসাবে ব্যবহার করেছেন। বর্তমান বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী, তৎকালীন বিরোধী দলনেতা বারে বারে এই চাকরিহারাদের আন্দোলনে গিয়ে বলেছেন– রাজ্যে ক্ষমতায় এলে সাত দিনের মধ্যে সুপ্রিম কোর্টে ওএমআর সিট জমা করে এক মাসের মধ্যে যোগ্যদের চাকরি ফিরিয়ে দেবেন। তা যে আদতে ‘জুমলা’ প্রত্যেকেই তা বুঝছেন। যোগ্যদের চাকরি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি এড়িয়ে এখন নেতারা বলছেন কোর্টের রায় মেনে নিয়োগ হবে। এই দ্বিচারিতা কতদিন চলবে?

কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন ২০২৫ বা এসএলএসটি টু নিয়োগের ফল প্রকাশ হলেও নিয়োগ প্রক্রিয়া থমকে। এই নতুন প্যানেলে যোগ্যদের একটা বড় অংশ মেধা তালিকায় এসে নতুন চাকরির অপেক্ষায় যেমন আছেন, আবার একেবারে নবীন চাকরি প্রার্থীদের মেধা তালিকায় নাম এলেও চাকরির অপেক্ষায় দিন গুনছেন। নিয়োগ প্রক্রিয়া বারবার পিছিয়ে যাওয়ার কারণে হতাশ হয়ে পড়ছেন তাঁরাও। অন্য দিকে নতুন প্যানেলে পাস করতে পারেননি এমন যোগ্য শিক্ষকের সংখ্যাও কম নয়। প্রশ্ন উঠছে তাঁরা যাবেন কোথায়? কী হবে তাঁদের নিয়োগ সমস্যার সমাধান?

শিক্ষক নিয়োগ না হওয়ার কারণে সব থেকে বেশি ক্ষতি হচ্ছে ছাত্র-ছাত্রীদের। সে ক্ষতি নীরব এবং তা অপূরণীয়। অথচ রাজ্য সরকারের এ নিয়ে ভাবার ফুরসত নেই। শিক্ষক নিয়োগে দুর্নীতি, দীর্ঘদিন শিক্ষক নিয়োগ না হওয়া সহ নানা কারণে সরকারি শিক্ষাক্ষেত্র এখন বিপন্ন। সাধারণ অভিভাবকদের কাছে গুরুত্ব হারাচ্ছে সরকারি শিক্ষাব্যবস্থা। ফলে বেসরকারিকরণের পথ প্রসারিত হচ্ছে। সরকার কি এর মধ্য দিয়ে ঘুরিয়ে শিক্ষার বেসরকারিকরণেরই রাস্তা করে দিচ্ছে?

ত্রিপুরা রাজ্যে ক্ষমতায় আসার সময় দেওয়া ১০ হাজার ৩২৩ জনের চাকরি পাকা করার প্রতিশ্রুতি পালন করেনি বিজেপি সরকার। এ রাজ্যে ওই ঘটনার পুনরাবৃত্তি চান না সাধারণ মানুষ। তাঁদের দাবি, শিক্ষা বাঁচাতে, যোগ্য শিক্ষকদের বাঁচাতে নতুন সরকার অতি দ্রুত তৎপর হোক। অকলঙ্কিত যোগ্য শিক্ষক-শিক্ষাকর্মীরা যে ভাবে আজও আন্দোলনে যুক্ত রয়েছেন, তা অভিনন্দনযোগ্য। সরকার যতই ছলচাতুরি করুক, লড়াই আন্দোলন সঠিক নেতৃত্বে, সঠিক পথে চললে জয় একদিন আসবেই।