Breaking News

স্বাস্থ্যকর্মী ও সিএইচজি-দের বিক্ষোভ

সরকারের বদল হল, কিন্তু সরকারি বঞ্চনার বদল নেই। পশ্চিমবঙ্গের স্বাস্থ্যকর্মী ও সিএইচজি-রা মাসিক সাম্মানিক পান ৪০০ টাকা। টিডিরা পান মাসিক ৫৫০ টাকা। এভিডি কর্মীরা দৈনিক ৯০ টাকা ভিত্তিতে মাসে পান মাত্র ৩৬০ টাকা।

সাম্মানিক বৃদ্ধি করে বাঁচার মতো অর্থ, ৫ লক্ষ টাকা রিটায়ারমেন্ট বেনিফিট দেওয়ার অর্থ দফতরের আদেশ কার্যকর করা, ৮.৩৩ শতাংশ হারে পূজা বোনাস ইত্যাদি দাবিতে ৯ সেপ্টেম্বর স্বাস্থ্যভবনে ডিএইচএস-এর কাছে নিম্নলিখিত দাবিগুলি নিয়ে ডেপুটেশন দেন বঞ্চিত কর্মীরা। কর্মসূচিটিতে নেতৃত্ব দেন এআইইউটিইউসি রাজ্য কমিটির সদস্য নিখিল বেরা ও সুস্মিতা মাহাতো। স্বাস্থ্য ভবনের বাইরে কয়েক হাজার কর্মীর বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন এআইইউটিইউসি-র রাজ্য সম্পাদক অশোক দাস, স্কিম ওয়ার্কার্স ফেডারেশনের রাজ্য সম্পাদিকা ইসমত আরা খাতুন এবং বিভিন্ন জেলার প্রতিনিধিরা। স্বাস্থ্য ভবনের আধিকারিক দাবিগুলির যৌক্তিকতা স্বীকার করে কর্তৃপক্ষের কাছে তা জানাবেন বলে আশ্বাস দেন। কর্মসূচিটি পরিচালনা করেন ইউনিয়নের মুখ্য সংগঠক সমরেন্দ্রনাথ মাজী।