
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক এবং এস ইউ সি আই (সি)-র রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য তরুণকান্তি নস্কর ১০ সেপ্টেম্বর এক বিবৃতিতে বলেন,
আজ ‘পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় ও মহাবিদ্যালয় (প্রশাসন ও নিয়ন্ত্রণ) সংশোধন বিল ২০২৬’ যা বিধানসভায় রাজ্য সরকার আইনে পরিণত করল তা কার্যকরী হলে বিশ্ববিদ্যালয়ের মৌলিক উদ্দেশ্যই ব্যাহত হবে। বিশ্ববিদ্যালয় সৃষ্টি হয়েছিল মুক্ত জ্ঞানচর্চার প্রতিষ্ঠান হিসাবে, তার জন্য প্রয়োজন বাইরের রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত পরিপূর্ণ স্বাধিকার। এই আইনের ফলে বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার শব্দটি এ রাজ্যের অভিধান থেকে মুছে যাবে।
ওই বিলের উদ্দেশ্য হিসাবে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘এক রাজ্য, এক শিক্ষা’ ব্যবস্থা চালু করা। বিশ্ববিদ্যালয়গুলি গড়ে উঠেছে বিশেষ বিশেষ পরিস্থিতিতে বৌদ্ধিক বিকাশ ও সামাজিক প্রয়োজনে। যেমন যাদবপুর গড়ে উঠেছিল, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময়ে বিদেশি দ্রব্য ও বিদেশি শিক্ষা বর্জনের আবহে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় গড়ে উঠেছিল অন্যান্য বিষয়ের সাথে হিমালয় পার্বত্য অঞ্চলের বিশেষ প্রয়োজনীয় বিষয়ের চর্চার জন্য। অন্য বিশ্ববিদ্যালয়গুলিও তাই। দ্বিতীয়ত, বিশ্ববিদ্যালয়গুলিকে সরকারি দফতরে পরিণত করা হল। তাঁরা জানেন না, সরকারের রাজনৈতিক কাঠামোতে যা চলে বিশ্ববিদ্যালয় ব্যবস্থায় তা চলে না। বিশ্ববিদ্যালয় কেবল শিক্ষণের জায়গা নয়, গবেষণার জায়গা। গবেষণার তত্ত্বাবধায়ক শিক্ষকদের বদলি করলে গবেষণা বিপর্যস্ত হবে। উপরন্তু, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদের অনুমোদন ইউজিসি দেয় এবং সেই বিশেষ বিশ্ববিদ্যালয়ের জন্যই তা দেয়। এমনকি শিক্ষকের স্পেশালাইজেশন ও কোয়ালিফেকশন তারাই নির্দিষ্ট করে দেয়। সেই শিক্ষককে অন্য বিশ্ববিদ্যালয়ে বদলি করলে সংশ্লিষ্ট দুটি বিশ্ববিদ্যালয়ের কোনওটিই লাভবান হবে না। যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক বা অন্য পদ নেই তা নতুন করে তৈরি করে বা শূন্যপদে নিয়োগ করুক সরকার। এ ছাড়া বিরোধী মতের যে কোনও শিক্ষক, শিক্ষাকর্মী ও আধিকারিকদের চুপ করিয়ে দেওয়ার জন্য বদলিকে অস্ত্র হিসাবে ব্যবহার করা হতে পারে।
সরকার বলছে যে, পুরনো ৮টি বিশ্ববিদ্যালয় ছাড়া অন্য বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক নেই, তাই বদলি করতে হবে। এতে পুরনো বিশ্ববিদ্যালয়গুলি অসুবিধায় পড়বে। সরকারের উচিত নতুন বিশ্ববিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ সমেত অন্য পরিকাঠামো গড়ে তোলা। সব দেখে মনে হয়, তাঁদের মাথায় আছে যাদবপুরের ছাত্র-শিক্ষক-আধিকারিক-শিক্ষাকর্মী নিয়ে যে কাঠামোটি আছে রাজনৈতিক উদ্দেশ্যে তাকে ভেঙে দিয়ে শাসক দল ঘনিষ্ঠ ব্যক্তিতে ভরিয়ে দেওয়া। ক্ষমতায় আসার পর থেকে সরকারের উদ্যোগে যাদবপুরকেন্দ্রিক একের পর এক কর্মসূচি, বিশেষ করে গত ৯ সেপ্টেম্বর এমনকি নাগা সন্ন্যাসীদের যে মিছিল যাদবপুরে হয়েছে তা থেকে এই ধারণা দৃঢ় হচ্ছে। যে রাজ্য শিক্ষায় পিছিয়ে সেই রাজ্যের সরকার র্যাঙ্কিংয়ে প্রথম বিশ্ববিদ্যালয়টিকে এই ভাবে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে শুধু নয়, সমগ্র উচ্চশিক্ষা ব্যবস্থাকে বিপর্যস্ত করছে। আমরা এর তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে এই আইন কার্যকর করা থেকে বিরত হওয়ার দাবি করছি। এআইডিএসও রাজ্য সম্পাদক বিশ্বজিৎ রায় ১০ সেপ্টেম্বর এক বিবৃতিতে এই বিল বাতিলের দাবি জানান।